টিএসসি থেকে ছোরাসহ মাদ্রাসা ছাত্র আটক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা থেকে ছোরাসহ এক মাদ্রাসা ছাত্রকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে কয়েকজন যুবক ১১ বছরের ওই মাদ্রাসাছাত্রকে ধরে পুলিশের হাতে তুলে দেয় বলে শাহবাগ থানার ওসি আবু বকর সিদ্দিক জানান।
ছেলেটি ঢাকার লালবাগের একটি মাদ্রাসায় পড়ে জানিয়ে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ছেলেটি টিএসসি এলাকায় ঘোরাঘুরি করার সময় কয়েকজন যুবকের সন্দেহ হয়। তাকে ধরে কাছে থাকা ব্যাগ খুলে একটি চাকু, টুথব্রাশ, পায়জামা-পাঞ্জাবিসহ নিত্য ব্যবহার্য কিছু জিনিস পাওয়া যায়।”
“মাদ্রাসায় লেখাপড়া ভালো না লাগার কারণে সে পালিয়ে এসেছে বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছে। বলেছে, পালিয়ে আসার সময় সে তার ব্যাগে এসব জিনিস নিয়ে আসে। ”
তার এই কথার সত্যতা যাচাইয়ে মাদ্রাসাসহ বাড়ি ও অন্যান্য জায়গায় খোঁজ নেওয়া হচ্ছে বলে জানান ওসি।
