শাহজালালে ট্রলি ট্রের নিচে রেখে সোনা পাচারের চেষ্টা
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ বহনকারী ট্রলি ট্রের নিচের পৃষ্ঠে প্রায় দুই কেজি সোনা রেখে পাচারের সময় এক যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ।
আটক মোহাম্মদ মান্নান মিয়ার বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রামে।
বৃহস্পতিবার বেলা ১১টায় তিনি দুবাই থেকে ওমান হয়ে ঢাকায় আসা বাংলাদেশ বিমানের বিজি১২২ ফ্লাইটে শাহজালাল বিমানবন্দরে নামেন বলে শুল্ক গোয়েন্দা বিভাগের মহাপরিচালক মইনুল খান জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, মান্নান ইমিগ্রেশন শেষ করে ১ নম্বর ব্যাগেজ বেল্ট থেকে লাগেজ সংগ্রহ করেন। পরে গ্রিন চ্যানেল অতিক্রমের সময় খবর পেয়ে তাকে কাস্টমস ব্যাগেজ কাউন্টারে নিয়ে আসা হয়।
মইনুল খান বলেন, এলুমিনিয়াম ফয়েলের এসব টুকরো স্কচটেপ দিয়ে মুড়িয়ে চুম্বক দিয়ে আটকানো ছিল। পাঁচটি টুকরা খুলে প্রতিটির ভিতর তিনটি করে মোট ১৫টি সোনার বার পাওয়া যায়।
প্রতিটি ১০ তোলা ওজনের এসব টুকরোর মোট ওজন ১৫০ তোলা বা এক দশমিক ৭৫ কেজি, যার দাম প্রায় ৭০ লাখ টাকা।
আটক মান্নান দুবাইয়ে গাড়ি চালক হিসেবে কাজ করেন জানিয়ে শুল্ক গোয়েন্দা কর্মকর্তা মইনুল বলেন, তার বিরুদ্ধে শুল্ক আইন ও বিশেষ ক্ষমতা আইনে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
