২৫ মার্চ নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগ চান তোফায়েল
২৫ মার্চকে আন্তর্জাতিক গণহত্যা দিবস হিসাবে স্বীকৃতি আদায়ে পররাষ্ট্র মন্ত্রণালয়কে উদ্যোগী হওয়ার পরামর্শ দিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
বুধবার বিকালে রাজধানীতে এক অনুষ্ঠানে আয়োজকদের দাবির প্রেক্ষিতে তিনি বলেন, “আন্তর্জাতিকভাবে সবাই-ই জানে ২৫ শে মার্চে কী ঘটেছিল, পরবর্তী নয় মাসে ৩০ লাখ মানুষকে হত্যার বিষয়ও (তাদের জানা)। এক কোটি লোক আমরা গৃহহারা হয়ে বাংলাদেশ থেকে ভারতে গিয়েছিলাম।
“আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ের জন্য জাতিসংঘে প্রস্তাব পাঠানোর কথা আপনারা বলেছেন। আমি মনে করি, আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়েরও এ ব্যাপারে যথাযথ দায়িত্বশীল ভূমিকা পালন করা উচিত।”
রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সেমিনার কক্ষে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি আয়োজিত অধ্যাপক কবীর চৌধুরী স্মারক বক্তৃতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন তোফায়েল।
মুক্তিযুদ্ধের অন্যতম এই সংগঠক বলেন, “২৫ শে মার্চের রাতে ও পরবর্তী নয় মাসে বিভীষিকা ও অত্যাচার গিয়েছে। সুতরাং এটাকে আন্তর্জাতিক গণহত্যা দিবসের স্বীকৃতি আদায়ের বিষয় আমরা সমর্থন করি।”
প্রধানমন্ত্রীসহ অন্যদের সঙ্গে এ বিষয়ে আলাপ-আলোচনা করার আশ্বাস দিয়ে তিনি বলেন, “এটা ঠিকই বলেছেন, শুনতেই খারাপ লাগে, হাত ধোয়া দিবস পালিত হয় অথচ গণহত্যা দিবস পালিত হয় না। ২৫ শে মার্চকে আন্তর্জাতিক গণহত্যা দিবস এবং পহেলা ডিসেম্বরকে মুক্তিযোদ্ধা দিবস হিসাবে ঠিক করা হয়েছে।
“আন্তর্জাতিকভাবে আমাদের গণহত্যা দিবসের স্বীকৃতি আদায় করার জন্য যা যা করা দরকার, সেটা আমাদের করতে হবে।”
অনুষ্ঠানে ‘বাংলাদেশের গণহত্যার জাতীয় ও আন্তর্জাতিক স্বীকৃতি’ শীর্ষক স্মারক বক্তৃতায় সেন্টার ফর দি স্টাডি অব জেনোসাইড অ্যান্ড জাস্টিসের পরিচালক মফিদুল হক বলেন, “পাকিস্তানিরা নিজেরা অপারেপশন সার্চ লাইটের যে পরিকল্পনা প্রকাশ করেছিল তাতেই স্পষ্ট হয়ে গিয়েছে এটা গণহত্যা ছিল।
“এই গণহত্যা তারা প্রকাশ্যে চালিয়েছিল। আবার এর খবর যেন বাইরে বের না হয় সেজন্য তারা বিদেশি সাংবাদিকদের হোটেল ইন্টারকন্টিনেন্টালে আটকে রেখেছিল। সে লক্ষ্যে বেতার, টেলিগ্রাম ও টেলিগ্রাফ কার্যালয়ে শুরুতে দখলে নেওয়ার চেষ্টা করেছিল তারা।”
তিনি বলেন, ২০১০ সালে যুদ্ধাপরাধীদের বিচার শুরু হওয়ার পর জামায়াতে ইসলামীসহ যুদ্ধাপরাধীদের ‘ভাড়া করা’ বিদেশি লবিস্টরা কিংবা তাদের আইনজীবীরা বিচার বাধাগ্রস্ত করার সর্বোচ্চ চেষ্টা করেছে, নানা প্রোপাগান্ডা ছড়িয়েছে। কিন্তু তারা কখনো ‘ত্রিশ লাখ মানুষ শহীদ হয়নি কিংবা দুই লাখ মা-বোন ধর্ষিত হয়নি’ এমন কথা বলেনি।
“তারা বলেছে- এগুলো ঘটেছে ঠিক, তবে তাদের মক্কেল জড়িত ছিল না।”
আলোচনায় অংশ নিয়ে নর্থ আমেরিকান জুরিস্ট অ্যাসোসিয়েশনের কানাডা চ্যাপ্টারের প্রাক্তন সভাপতি উইলিয়াম স্লোন বলেন, ইউরোপের ২৬টি দেশে ইহুদিদের উপর চালানো গণহত্যা অস্বীকার করা অবৈধ ঘোষণা করে আইন হয়েছে, এটা অস্বীকার করা শাস্তিযোগ্য অপরাধ।
“এটা করার পেছনে সবচেয়ে বড় যুক্তি ছিল, যদি তা করা না হয় তাহলে কেউ কেউ ওই ‘টুইস্টেড আইডিয়া’ আবার চালু করার প্রয়াস পাবে। বাংলাদেশে গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির জন্য যেভাবে কাজ করতে হবে, সেভাবে দেশে গণহত্যা অস্বীকার আইনও পাস করতে হবে।”
গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ের ক্ষেত্রে বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের সম্পৃক্ত করার পরামর্শ দিয়ে সমাজকর্মী জুলিয়ান ফ্রান্সিস বলেন, “ব্রিটিশ এমপি হিসাবে প্রধানমন্ত্রীর ভাগনিসহ যারা বিদেশে আছে তাদের সবাইকে একসঙ্গে নিয়ে কাজ করলে দাবি বাস্তবায়ন করা সম্ভব হবে।”
ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির বলেন, “অবাক করার বিষয় হল, বাংলাদেশের কেউ কেউ গণহত্যাকে অস্বীকার করেন। গতবছর বিএনপিনেত্রী খালেদা জিয়া মুক্তিযুদ্ধে গণহত্যার শিকারদের সংখ্যা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। তাদের এক নেতা বলেছেন, ‘বুদ্ধিজীবীরা তাদের বোকামির কারণে মারা গেছেন’। এসব আমরা মেনে নিতে পারি না।”
তিনি বলেন, আইন কমিশন ইতোমধ্যে ‘গণহত্যা অস্বীকার আইনের’ একটি খসড়া করে দিয়েছে।
“আমরা চাইব, খুব দ্রুত সময়ের মধ্যে এ আইন জাতীয় সংসদে পাস হবে।”
সম্প্রতি পাকিস্তানের একটি বইতে বাংলাদেশে চালানো গণহত্যাকে অস্বীকার করা হয়েছে জানিয়ে তিনি বলেন, “পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই তাদের প্যাডে একটি চিঠির মাধ্যমে বইটি বাংলাদেশ হাই কমিশনে পাঠানোর ঔদ্ধত্যও দেখিয়েছে।”
কমিটির উপদেষ্টামণ্ডলীর সভাপতি বিচারপতি গোলাম রাব্বানীর সভাপতিত্বে এ সময় অন্যদের মধ্যে অধ্যাপক মুনতাসীর মামুন, শহীদসন্তান ড. মেঘনা গুহ ঠাকুরতা, শহীদসন্তান শমী কায়সার বক্তব্য দেন।
