ছাত্রলীগ নেতার খাই মেটেনি ‘দেড় লাখেও’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ছাত্রলীগের নতুন কমিটি হওয়ার পর একটি হলের শীর্ষ দুই নেতার দাবির প্রেক্ষিতে ‘দেড় লাখ টাকা দিয়েও’ ক্যান্টিন চালাতে বিপত্তিতে পড়ার কথা জানিয়েছেন একজন ইজারাদার।
কবি জসীম উদদীন হল ছাত্রলীগের সভাপতি সৈয়দ আরিফ হোসেন ও সাধারণ সম্পাদক শাহেদ খান এখন প্রতিমাসে ৩০ হাজার টাকা করে দাবি করছেন বলে অভিযোগ ক্যান্টিন পরিচালক মনির হোসেনের।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আরিফ ভাই গত পাচঁ বছর ক্যান্টিনে খেয়ে কোন বিল পরিশোধ করেন নাই। এবার সভাপতি হওয়ার পর আমাকে তার রুমে ডেকে নিয়ে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। নইলে ক্যান্টিন ছেড়ে দিতে বলেন। ওই সময় তার কক্ষে শাহেদ ভাইও ছিলেন।
“আমি বাধ্য হয়ে পরে তাদের দেড় লাখ টাকা দেই। পুরো টাকাটাই আমি সুদের ওপর এনে দিয়েছি। কয়েকদিন আগে আবার আমাকে রুমে ডেকে নিয়ে প্রতি মাসে ৩০ হাজার টাকা করে দিতে বলছে। এত টাকা চাঁদা দিয়ে আমি ক্যান্টিনে খাওয়াব কীভাবে?”
টাকা দিতে না পারলে এবারও ক্যান্টিন ছেড়ে দিতে বলা হয়েছে জানিয়ে তিনি বলেন, “আরও কয়েকজন ক্যান্টিনটি ইজারা নেওয়ার জন্য প্রস্তুত আছে বলে আরিফ ভাই জানিয়েছেন। বলেছেন, আমি টাকা দিতে না পারলে টেন্ডার করে অন্য কারও হাতে ক্যান্টিন দেবেন।”
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীম উদদীন হল ছাত্রলীগের সভাপতি সৈয়দ আরিফ হোসেন ও সাধারণ সম্পাদক শাহেদ খান
তাদের দাবি মতো টাকা দিতে হলে ক্যান্টিনের খাবারের মান ‘অনেক’ খারাপ হয়ে যাবে জানান মনির।
এক দশকেরও বেশি সময় ধরে এই ক্যান্টিন চালিয়ে আসা মনির হোসেন বলেন, “ক্যান্টিনের দায়িত্ব নেওয়ার পর থেকে কোনো নেতাই এত টাকা চাঁদা দাবি করেন নাই। হলের বিভিন্ন অনুষ্ঠান উপলক্ষে আমি টাকা ছাড়াই খাবার পরিবেশন করতাম। ঈদ মৌসুমেও আমি নিজে থেকে তাদের কিছু টাকা দিতাম। সেসবের পরিমাণ ছিল অতি সামান্য। কিন্তু এখন এত টাকা!”
নাম প্রকাশ না করার অনুরোধ জানিয়ে হলের কয়েকজন শিক্ষার্থী ছাত্রলীগ নেতাদের ক্যান্টিন পরিচালকের কাছে চাঁদা দাবির কথা শুনেছেন বলে জানান। ছাত্রলীগ নেতাদের ক্যান্টিনে ‘ফাউ’ খেতেও দেখার কথা বলেন তারা।
হল ছাত্রলীগের এই দুই নেতার বিরুদ্ধে হলে ইন্টারনেট সংযোগ দেওয়া প্রতিষ্ঠানের কাছেও চাঁদা দাবির অভিযোগ করেন শিক্ষার্থীরা।
“ওই প্রতিষ্ঠান পরে ব্যবসা গুটিয়ে চলে যায়। পরে ছাত্রলীগ নেতাদের পছন্দের এক ব্যবসায়ী হলে ইন্টারনেট সংযোগ দেওয়ার সুযোগ পায়,” বলেন একজন শিক্ষার্থী।
কবি জসীম উদদীন হল
বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোতাহের হোসেন প্রিন্স বলছেন, হলের নেতাদের ক্যান্টিন পরিচালকের কাছে চাঁদা দাবির অভিযোগের বিষয়টি তারা ‘জানা নেই’।
“এরকম (চাঁদা নেওয়ার) অভিযোগ যদি তাদের বিরুদ্ধে আসে, তাহলে অবশ্যই তদন্ত করে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।”
এই অভিযোগের বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক আমজাদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এটা হলের বিষয়। হল প্রশাসন জানতে পারে।
তবে ক্যান্টিন পরিচালকের কাছ থেকে এ ধরনের কোনো অভিযোগ না পাওয়ার কথা জানিয়েছেন জসীম উদদীন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক রহমত উল্লাহ।
