২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাগর-রুনির হত্যা: ২৫ ফেব্রুয়ারি সাংবাদিকদের সমাবেশ

সাংবাদিক দম্পতি সাগর–রুনির হত্যাকারীদের গ্রেপ্তার এবং ইকবাল সোবহান চৌধুরীর মামলা প্রত্যাহারের দাবিতে ২৫ ফেব্রুয়ারি সারাদেশে সমাবেশ ও মানববন্ধনের কর্মসূচি দিয়েছে সাংবাদিকদের দুটি সংগঠন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

জ‌্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2017, 06:27 PM

Updated : 19 Aug 2022, 03:44 PM

রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের এক সমাবেশ থেকে এই কর্মসূচি ঘোষণা করা হয়। 

বিএফইউজের মহাসচিব ওমর ফারুক সমাবেশে বলেন, দাবি পূরণ না হলে ২৫ ফেব্রুয়ারির সমাবেশ থেকে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।

২০১২ সালের ১১ ফেব্রুয়ারি ভোরে রাজধানীর পশ্চিম রাজাবাজারের একটি পাঁচতলা ভবনের পঞ্চম তলার ফ্ল্যাট থেকে মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক রুনির ক্ষতবিক্ষত লাশ পাওয়া যায়। এরপর পাঁচ বছর পেরিয়ে গেলেও মামলার কিনারা না হওয়ায় সমাবেশে ক্ষোভ প্রকাশ করেন সাংবাদিক সমিতির নেতারা।

তারা বলেন, সাগর-রুনি হত্যায় জড়িতদের গ্রেপ্তারের কোনো আশ্বাসই এ পর্যন্ত বাস্তব রূপ পায়নি। হত্যা, নির্যাতন, মামলা আর হামলা যেন ‘স্বাভাবিক নিয়মে’ পরিণত হয়েছে।

ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাবান মাহমুদের সভাপতিত্বে এ সমাবেশে অন‌্যদের মধ‌্যে অমিয় ঘটক পুলক, কুদ্দুস আফ্রাদ, আতিকুর রহমান, শাহেদ চৌধুরী, রাজু আহমেদ, মঞ্জুশ্রী বিশ্বাস, মর্তুজা হায়দার লিটন, মাহমুদুর রহমান খোকন, আবুল কালাম আজাদ, কুরাত-ই-খুদা বক্তব্য দেন।

সমাবেশ পরিচালনা করেন ডিইউজের সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী। 

সংবাদকর্মীদের জন‌্য অবিলম্বে নবম ওয়েজ বোর্ড ঘোষণা করা না হলে তথ্য মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি দেওয়া হবে বলে ঘোষণা করা হয় সমাবেশে।