২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় স্কুল শিক্ষার্থীদের নিয়ে ছাত্র ইউনিয়নের ‘স্কুল উৎসব’

‘শৈশব হোক আনন্দময়, শিক্ষা হোক সবার’ স্লোগানকে সামনে রেখে বিভিন্ন স্কুল শিক্ষার্থীদের নিয়ে রাজধানীতে দিনব্যাপী ‘স্কুল উৎসব’ করেছে ছাত্র ইউনিয়ন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2017, 06:04 PM

Updated : 11 Oct 2022, 01:27 PM

শুক্রবার সকালে রাজধানীর তেজগাঁও আদর্শ স্কুল অ্যান্ড কলেজে জাতীয় সঙ্গীত ও পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়; আর বিকালে পুরস্কার বিতরণের মাধ্যমে শেষ হয় দিনব্যাপী এই উৎসব।

ঢাকা মহানগর ছাত্র ইউনিয়ন আয়োজিত এই উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) প্রেসিডিয়াম সদস্য হায়দার আকবর খান রনো।

এ সময় শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, “শুধু লেখাপড়াই নয়, তোমরা দেশকে ভালবাসবে, দেশকে ভালবাসার মানে হচ্ছে দেশের মাটি ও মানুষকে ভালবাসা। আমাদের দেশের সুন্দরবন আজ ধ্বংসের পথে, সুন্দরবনকে রক্ষা করাও দেশের প্রতি ভালবাসার একটি অংশ।”

দেশে যেসব শিশু স্কুলে পড়ার সুযোগ পায় না- বড় হয়ে তাদের লেখাপড়ার সুযোগ করে দিতে কাজ করতে বর্তমানের স্কুল পড়ুয়াদের প্রতি আহ্বান জানান সিপিবি নেতা রনো।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “কওমী মাদ্রাসায় তোমাদের বয়সী আরও অনেক শিশু পড়ালেখা করে, কিন্তু সেখানে জাতীয় সঙ্গীত শেখানো হয় না, জাতীয় সঙ্গীত গাওয়া হয় না। এটা বড় দুঃখের কথা, বেদনার কথা, তাদের জন্য তোমাদের সমবেদনা থাকা দরকার।”

উৎসবে অংশ নেওয়া রাজধানীর বিভিন্ন স্কুলের কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কথা হয়। তারা তাদের লেখাপড়া, খেলাধুলা ও প্রাত্যহিক কর্মকাণ্ডের পাশাপাশি বিভিন্ন বিষয়ে নিজেদের ভাবনার কথা প্রকাশ করে।

সকালে ঘুম থেকে উঠেই পড়ালেখায় মন দেয় তেজগাঁও আদর্শ স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী ইমন হোসেন।

“এরপর নাস্তা শেষে ক্লাসে যাই। বিকেলে বাসায় এসে খাওয়া-দাওয়া সেরে বন্ধুদের সঙ্গে মাঠে খেলাধুলা করি,” জানায় বন্ধুদের সঙ্গে ক্রিকেট খেলা পছন্দ করা ইমন।

ইমনের ক্লাসের বন্ধু এনামুল হাসানের স্কুলের বাইরেও বাসার আশেপাশে আরও কয়েকজন বন্ধু আছে।  

এনামুল বলছে, “তাদের নিয়ে বিকেলে খেলতে যাই, প্রতিদিন মাঠে ফুটবল নিয়ে খেলাধুলা করি।”

একই স্কুলের আরেক শিক্ষার্থী সুমাইয়া আক্তার রিয়া জানায়, ক্লাস ও বাসায় পড়াশুনার ফাঁকে ফাঁকে নাচ-গান শেখা আর বিকালে রাস্তায় সাইকেল চালিয়ে থাকে।

বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে লাগলেও ছুটির দিন মায়ের কাজে সহযোগিতা করে থাকে বলে রিয়া জানায়।

অষ্টম শ্রেণীর শিক্ষার্থী লুবনা আক্তার বলছে, “আমি পড়াশুনার ফাঁকে বাসায় নিয়মিত ছবি আঁকি ও গান শুনি। মাঝে মাঝে মায়ের কাজে সহযোগিতাও করি।”

গেন্ডারিয়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী ফরহাদ আহমেদ জানায়, পড়ালেখার চেয়ে তার কাছে খেলাধুলা বেশি ভাল লাগে। তবে পড়াশুনাতেও মন আছে তার, মোবাইল গেইমসে তার বেশি সময় যায়।

লেখাপড়ার পাশাপাশি খেলাধুলাও নিয়মিত করে থাকে একই স্কুলের আরেক শিক্ষার্থী রিফাত ইসলাম রিয়াদ, যার প্রিয় খেলা ক্রিকেট ও ফুটবল।

অনুষ্ঠানের বক্তব্যে ঢাকা শহরের বেশির ভাগ স্কুলে মাঠ না থাকার বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন কেন্দ্রীয় ছাত্র ইউনিয়নের সভাপতি লাকী আক্তার।

তিনি বলেন, “প্রতিটি স্কুলে ক্লাসের ফাঁকে শিক্ষার্থীদের খেলাধুলা করার কথা ছিল, কিন্তু মাঠ না থাকায় তা হচ্ছে না। যে সব স্কুলে মাঠ আছে সেগুলোতে কোরবানির সময় পশুরহাট জমে, আবার প্রভাবশালীরা দখলের প্রতিযোগিতায় নামে।”

ইতোমধ্যে যেসব স্কুলের মাঠ দখল হয়ে গেছে সেগুলো উদ্ধার করে শিক্ষার্থীদের খেলাধুলার পরিবেশ নিশ্চত করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান ছাত্র ইউনিয়ন সভাপতি।

স্কুল উৎসবে বেশ কয়েকটি প্রতিযোগিতার আয়োজন করা হয়। এগুলোর মধ্যে শিক্ষার্থীদের ১০০ মিটার দৌঁড় প্রতিযোগিতা, চিত্রাঙ্কন, সাধারণ জ্ঞান, বিজ্ঞান প্রদর্শনী, বিতর্ক, আবৃত্তি, নাচ, গান ও কুইজ প্রতিযোগিতা রয়েছে। পরে প্রতিটি ইভেন্টে বিজয়ী বিজয়ীদের পুরস্কৃত করা হয়।

অনুষ্ঠানে স্কুল উৎসব কমিটির চেয়ারম্যান ও মহানগর ছাত্র ইউনিয়নের সহ-সভাপতি দীপক শীল, কমিটির আহ্বায়ক জহরলাল রায়ও বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে একাত্তরের মুক্তিযুদ্ধের বিভিন্ন আলোকচিত্রও প্রদর্শিত হয়।