২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এনবিআরের প্রতিটি কার্যালয়ে হবে ডে কেয়ার সেন্টার

বাংলাদেশের প্রতিটি কর কার্যালয়ে একটি করে ডে কেয়ার সেন্টার স্থাপন করতে কর কমিশনারদের নির্দেশ দিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ড চেয়ারম‌্যান নজিবুর রহমান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2017, 12:22 AM

Updated : 19 Aug 2022, 03:44 PM

Image
 জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান নজিবুর রহমান (ফাইল ছবি)

 জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান নজিবুর রহমান (ফাইল ছবি)

বৃহস্পতিবার রাজধানীর অফিসার্স ক্লাবে ‘উপ-কর কমিশনার সম্মেলন’ এর সমাপনী অনুষ্ঠানে তিনি এই নির্দেশ দেন।

নজিবুর বলেন, “ভবিষ্যৎ প্রজন্মের সুরক্ষায় কর কমিশনার কার্য়ালয়গুলোতে একটি করে ডে কেয়ার সেন্টার স্থাপন করতে হবে। প্রধানমন্ত্রীও বিভিন্ন ফোরামে এ বিষয়ে নির্দেশনা দিয়েছেন।”

আগারগাঁওয়ে নির্মাণাধীন এনবিআরের নতুন ভবনে একটি আধুনিক ডে কেয়ার সেন্টার স্থাপন করা হবে বলে জানান তিনি।

নতুন কর ভবনগুলোতে ডে কেয়ার সেন্টারের পাশাপাশি প্রতিবন্ধীদের জন্য সুযোগ-সুবিধা রাখা হবে বলেও জানান এনবিআর চেয়ারম‌্যান।

আয়কর বিভাগের জন্য একটি লোগো তৈরির গুরুত্ব তুলে ধরে নজিবুর বলেন, “লোগো মর্যাদা ও সম্মানের প্রতীক। আগে না হলেও এখন জরুরি ভিত্তিতে তা তৈরি করে দেওয়া হবে।”

রাজস্ব আহরণ বাড়াতে অফিস ব্যবস্থাপনা উন্নত করতে কর কমিশনারদের প্রতি আহ্বান জানান তিনি। সততার সঙ্গে কাজ করতেও বলেন তিনি।

রাজস্ব কর্মকর্তাদের দক্ষতা বাড়াতে প্রশিক্ষণের উপর জোর দেন এনবিআর চেয়ারম‌্যান। এনবিআরে শক্তিশালী আইন বিভাগ, জনসংযোগ, গবেষণাও পরিসংখ্যান বিভাগ গড়ে তোলার কাজও চলছে বলে জানান তিনি।

সম্মেলনে কর কমিশনাররা গণ রাজস্ব পুলিশ গঠন, রাজস্ব আদায়ে উপ-কর কমিশনারগণকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রদান, যানবাহন সমস্যা দূর করা, লজিস্টিক সাপোর্ট দেওয়া, বিদেশি প্রশিক্ষণের ব‌্যবস্থা করা, পাঠ্যপুস্তকে কর বিষয়ক প্রবন্ধ অন্তর্ভুক্তির ব‌্যবস্থা করার দাবি জানান।

অনুষ্ঠানে ‘জনবান্ধব আধুনিক কর প্রশাসন বিনির্মাণ : আমাদের উদ্যোগ’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকার কমিশনার আলমগীর হোসেন।

এনবিআর সদস্য আব্দুর রাজ্জাক ও জামাল উদ্দিন উপস্থিত ছিলেন অনুষ্ঠানে।