২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তথ্যপ্রযুক্তি অগ্রগতিতে বাংলাদেশ রোল মডেল: সামসাদ আক্তার

ইউএন-এসকাপ সদস্যভূক্ত দেশগুলোর মধ্যে তথ্যপ্রযুক্তি খাতে দৃশ্যমান অগ্রগতির ফলে বাংলাদেশ রোল মডেল হয়েছে বলে জানিয়েছেন জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল এবং ইউএন-এসকাপ এর এক্সিকিউটিভ সেক্রেটারি সামসাদ আক্তার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2017, 06:01 PM

Updated : 19 Aug 2022, 03:43 PM

সদস্যভুক্ত দেশগুলো পারস্পরিক অভিজ্ঞতা আরো বেশী মাত্রায় অংশীদারিত্বের ভিত্তিতে প্রয়োগ করলে এ অঞ্চল তথ্যপ্রযুক্তি খাতে আন্তর্জাতিক মানদণ্ডে এগিয়ে থাকবে বলে মনে করেন তিনি।

বুধবার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সঙ্গে তার কার্যালয়ে এক সৌজন্য সাক্ষাতে তিনি এ কথা বলেন।

সাম্প্রতিক সময়ে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে প্রকাশিত সুষম উন্নয়নের অগ্রগতির সূচকে বিশ্বে বাংলাদেশের অবস্থান ৩৬তম হওয়ায় জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রসংশা করেন।

প্রতিমন্ত্রী পলক বাংলাদেশকে ইউএন-এসকাপের পরবর্তী স্টিয়ারিং কমিটির সভাপতি নির্বাচিত করায় সামসাদ আক্তারকে ধন্যবাদ জানিয়ে এশিয়া-প্যাসিফিক ইনফরমেশন সুপার হাইওয়েতে সদস্যভূক্ত দেশগুলোকে একক নেটওয়ার্কে সংযুক্ত করতে একটি চূড়ান্ত প্রস্তাব ইউএন-এসকাপের আগামী বৈঠকে বাংলাদেশ উপস্থাপন করবে বলে জানান।

পলক এ বিষয়ে ইউএন-এসকাপ এর এক্সিকিউটিভ সেক্রেটারি ও সদস্য রাষ্ট্রের সহযোগিতা ও সমর্থন কামনা করনে।  

এসডিজির উদ্দেশ্য পূরণে সুস্বাস্থ্য, গুণগত শিক্ষা, উদ্ভাবন, স্মার্ট সিটি’র মত লক্ষ্যগুলো অর্জনে অন্তর্ভূক্তিমূলক ইন্টারনেট (ইনক্লুসিভ-ইন্টারেনট) এর আওতায় নিয়ে আসতে আইসিটি ডিভিশনের কর্মকাণ্ড বিষয়ে আলোচনা করেন পলক।

এছাড়া সাইবার নিরাপত্তায় গৃহিত কার্যক্রম, উদ্ভাবন ও স্টার্ট-আপ উদ্যোগে সহযোগিতা প্রদান, ভেঞ্চার ক্যাপিটাল গাইড লাইন প্রণয়ন, আর্থিক লেনদেন ইত্যাদিতে প্রযুক্তির ব্যবহারসহ ডিজিটাল বাংলাদেশের সার্বিক কর্মকাণ্ড জাতিসংঘের আন্ডার সেক্রেটারিকে অবহিত করেন তিনি।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শ্যাম সুন্দর সিকদার, অতিরিক্ত সচিব হারুনুর রশিদ, অতিরিক্ত সচিব সুশান্ত কুমার সাহা, আইসিটি অধিদপ্তরের মহাপরিচালক বনমালী ভৌমিক, বাংলাদেশ উইমেন ইন আইটি সভাপতি লুনা সামসুজ্জোহাসহ অন্যরা এ সময় উপস্থিত ছিলেন।