২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নূর হোসেনসহ ১৫ আসামির আপিল শুনানির জন্য গ্রহণ

নারায়ণগঞ্জের সাত খুনের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি সাবেক ওয়ার্ড কাউন্সিলর নূর হোসেন ও র‍্যাব-১১ এর সাবেক কর্মকর্তা মেজর আরিফ হোসেনসহ ১৫ আসামির করা আপিল শুনানির জন্য গ্রহণ করেছে হাই কোর্ট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2017, 02:24 PM

Updated : 11 Apr 2022, 10:58 PM

বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের বেঞ্চ বুধবার আসামিদের আপিল শুনানির জন্য গ্রহণ করে।

পাশাপাশি নূর হোসেন ও আরিফের জরিমানার আদেশ স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন তাদের আইনজীবী এস আর এম লুৎফর রহমান আকন্দ।

সাংবাদিকদের তিনি বলেন, “আদালত বলেছে, আপিল ও ডেথ রেফারেন্সের ওপর একসঙ্গে শুনানি হবে। আপিলের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত দুইজনের জরিমানার আদেশ আদালত স্থগিত করেছেন।”

মৃত্যুদণ্ডপ্রাপ্ত এই ১৫ আসামি হলেন- সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ওয়ার্ড কাউন্সিলর নূর হোসেন, র‍্যাব-১১ এর সাবেক অধিনায়ক সাবেক লেফটেন্যান্ট কর্নেল তারেক সাঈদ, র‌্যাবের ক্যাম্প কমান্ডার সাবেক মেজর আরিফ হোসেন, র‌্যাবের ক্যাম্প কমান্ডার সাবেক লেফটেন্যান্ট কমান্ডার মাসুদ রানা, হাবিলদার এমদাদুল হক, ল্যান্স নায়েক বেলাল হোসেন, সিপাহি আবু তৈয়ব, কনস্টেবল শিহাব উদ্দিন, এসআই পূর্ণেন্দু বালা, সৈনিক আসাদুজ্জামান নূর, নূর হোসেনের সহযোগী মোর্তুজা জামান চার্চিল, আলী মোহাম্মদ, মিজানুর রহমান দিপু, আবুল বাশার ও রহম আলী রয়েছেন।

বুধবার তাদের আপিল হাই কোর্টের কার্য তালিকায় অন্তর্ভুক্ত ছিল। আসামিদের আইনজীবীরা সেগুলো শুনানির জন্য গ্রহণের আবেদর জানালে আদালত তা মঞ্জুর করে।

আসামিদের পক্ষে আদালতে শুনানি করেন অ্যাডভোকেট এস এম শাহজাহান ও এস আর এম লুৎফর কবীর। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফরহাদ আহমেদ।

২০১৪ সালের ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম ও আইনজীবী চন্দন সরকারসহ সাতজনকে অপহরণের পর হত‌্যা করে লাশ ডুবিয়ে দেওয়া হয় শীতলক্ষ‌্যা নদীতে।

নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেন গত ১৬ জানুয়ারি এ মামলার রায়ে নূর হোসেনসহ ২৬ জনকে মৃত‌্যুদণ্ড দেন, যাদের মধ‌্যে ১৬ জনই র‌্যাব সদস‌্য। এছাড়া আরও নয়জন র‌্যাব সদস‌্যকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয় আদালত।

আসামিদের মধ‌্যে ২৩ জন রায়ের সময় আদালতে উপস্থিত ছিলেন, বাকি ১২ জন ছিলেন পলাতক। পরে ৫ ফেব্রুয়ারি মৃত‌্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি সার্জেন্ট এনামুল কবীরকে পুলিশ মাগুরা থেকে গ্রেপ্তার করে।

গত ২২ জানুয়ারি এ মামলার ডেথ রেফারেন্সের কপি হাই কোর্টে পৌঁছালে শুনানির জন্য অগ্রাধিকার ভিত্তিতে পেপারবুক তৈরির নির্দেশ দেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।

পুরনো খবর:

সাত খুন: নূর হোসেনসহ ২৬ আসামির ফাঁসির রায়