ভাষার প্রসারে প্রযুক্তির ব্যবহার চান জামিলুর রেজা
বাংলা ভাষাকে বিশ্বের ‘সমৃদ্ধ ভাষা’ হিসেবে উল্লেখ করে অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী বলেছেন, এই ভাষাকে বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে দিতে হলে উন্নত প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে।
বইমেলার সপ্তম দিন মঙ্গলবার বিকালে বাংলা একাডেমির মূলমঞ্চে অনুষ্ঠিত ‘বাংলার ডিজিটাল যাত্রা’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তিনি।
প্রকৌশলী জামিলুর রেজা চৌধুরী বলেন, “প্রযুক্তির সাথে বাংলা ভাষার সম্মিলন ঘটানো প্রয়োজন। বাংলা ভাষার প্রযুক্তিগত ব্যবহার ও প্রয়োগে সবাইকে এগিয়ে আসতে হবে।”
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বেসিস সভাপতি মোস্তাফা জব্বার। আলোচনায় অংশগ্রহণ করেন মো. নজরুল ইসলাম খান।
মোস্তাফা জব্বার বলেন, “একুশ শতকের প্রথম প্রান্তে আমরা তথ্যপ্রযুক্তিতে বাংলা ভাষা ও বর্ণমালা ব্যবহারের ক্ষেত্রে বিশ্বের বহু ভাষার মতো সক্ষমতা অর্জন করেছি। তবু বাংলার জন্য আমাদের করণীয় রয়েছে অনেক।”
এদিন বইমেলার সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন তিমির নন্দী, বুলবুল মহলানবীশ, মাহমুদ সেলিম ও সন্দিপন দাস।
সপ্তম দিনে এল ১২১টি নতুন বই
মঙ্গলবার বইমেলায় এসেছে ১২১টি নতুন বই। তার মধ্যে নয়টি নতুন বইয়ের মোড়ক উন্মোচন হয়।
এর মধ্যে গল্পের বই ১৮টি, উপন্যাস ১৭টি, প্রবন্ধ ১২টি, কবিতা ৩১টি, গবেষণা ১টি, শিশুতোষ রচনা ৩টি, মুক্তিযুদ্ধ ৪টি, ভ্রমণ ২টি, ইতিহাস ২টি, রাজনীতি ২টি, চিকিৎসা স্বাস্থ্যবিষয়ক ১টি, রম্যরচনা ১টি, ধর্মীয় ১টি, সায়েন্স ফিকশন ৩টি, অন্যান্য ২৩টি।
একুশে বাংলা থেকে এসেছে বিপ্রদাশ বড়ুয়ার মুক্তিযুদ্ধভিত্তিক বই ‘সাদা কফিন ও মুক্তিযোদ্ধারা’, পাঞ্জেরী এনেছে জ্যোতিপ্রকাশ দত্তের ‘সিতাংশু তোর সমস্ত কথা’, অক্ষর এনেছে রফিকুর রশীদের মুক্তিযুদ্ধভিত্তিক বই ‘একুশের ও মুক্তিযুদ্ধের কিশোরগল্প’, রেজাউর রহমান ও মোশাররফ হোসেনের ‘অর্থনৈতিক কীটতত্ত্ব’ এনেছে অ্যাডর্ন পাবলিকেশন্স, গোলাম কুদ্দুছের প্রবন্ধ ‘কালের ধ্বনি’ এনেছে নালন্দা, গওহর গালিবের গল্প ‘চৈতন্যপুর’ এনেছে শোভা প্রকাশ, এই প্রকাশনীর অন্য নতুন বইগুলোর মধ্যে রয়েছে তারেক শামসুর রেহমানের রাজনীতি বিষয়ক বই ‘নয়া বিশ্ব ব্যবস্থা ও সমকালীন আন্তর্জাতিক রাজনীতি’, মুক্তধারা এনেছে আহমদ কবিরের প্রবন্ধগ্রন্থ ‘রবীন্দ্রকাব্য উপমা ও প্রতীক’।
এক সপ্তাহে পাঁচ শতাধিক নতুন বই
গতবারের ১২৭টি উপন্যাসের জায়গায় এবার প্রকাশিত হয়েছে ৮৬টি, গল্প ১১৫টির জায়গায় ৮৯টি, প্রবন্ধ ৪৩টির স্থানে ৩৭টি, গবেষণা ১০টির জায়গায় ৮টি, ছড়া ২৫টির জায়গায় ১৫টি, শিশুতোষ ৩১টির জায়গায় ১৮টি, জীবনী ১১টির জায়গায় ৮টি, বিজ্ঞান ১৩টির জায়গায় ১০টি, ইতিহাস ১১টির জায়গায় ৮টি, রম্য/ধাঁধা ৪টির জায়গায় ২টি, ধর্মীয় ৮টির জায়গায় ২টি বই এবং অন্যান্য বিষয়ের উপর গতবার বই এসেছিল ৮৫টি, এবার এসেছে ৭৬টি।
বুধবারের অনুষ্ঠানসূচি
গ্রন্থমেলার অষ্টম দিনে বিকাল ৪টায় মূলমঞ্চে অনুষ্ঠিত হবে সরদার জয়েনউদ্দিনের জন্মশতবার্ষিকীর আলোচনা সভা। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন অধ্যাপক বিশ্বজিৎ ঘোষ। আলোচনায় অংশ নেবেন কথাসাহিত্যিক হরিশংকর জলদাস, অধ্যাপক বায়তুল্লাহ কাদেরী ও মোবাশ্বিরা ফারজানা মিথিলা।
