এসএসসি: তৃতীয় দিনে বহিষ্কার ২৪৬
এসএসসি ও সমমানের পরীক্ষার তৃতীয় দিন মঙ্গলবার সারাদেশে নয় হাজার ৪৫১ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল; পরীক্ষায় নকলের দায়ে চার পরিদর্শক ও ২৪২ জন শিক্ষার্থী বহিষ্কার হয়েছেন।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি অধ্যাপক মাহাবুবুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
এসএসসি ও সমমানের তিন দিনের পরীক্ষায় ২৬ হাজার ৮৭৫ পরীক্ষার্থী অনুপস্থিত এবং ৩৪০ জন বহিষ্কার হল।
আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক উপ-কমিটির আহ্বায়ক তপন কুমার সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এসএসসিতে সর্বোচ্চ চারটি পত্রে ফেল করলে ওইসব বিষয়ে পরের বছর পরীক্ষা দেওয়ার সুযোগ পায় শিক্ষার্থীরা।
দেশের ৩ হাজার ২৩৬টি কেন্দ্রে গত ২ ফেব্রুয়ারি থেকে একযোগে শুরু হয়েছে এসএসসি ও সমামানের পরীক্ষা; যাতে অংশ নিচ্ছে ১৭ লাখ ৮৬ হাজার ৬১৩ জন শিক্ষার্থী।
মঙ্গলবার সকাল ১০টা থেকে এসএসসিতে ইংরেজি (আবশ্যিক) প্রথম পত্র, মাদ্রাসা বোর্ডের অধীনে দাখিলে ইংরেজি দ্বিতীয় পত্র এবং কারিগরি বোর্ডের অধীনে এসএসসি ভোকেশনালে গণিত-২ (১৯২৩) আর দাখিল ভোকেশনালে নতুন সিলেবাসে গণিত-২ (১৯২৩) ও পুরাতন সিলেবাসে গণিত-২ (১৭২৩) বিষয়ের পরীক্ষা দিয়েছেন শিক্ষার্থীরা।
তৃতীয় দিনের পরীক্ষায় মাদ্রাসা ও কারিগরি বোর্ডে ৭৫ জন করে, ঢাকা বোর্ডে ৫৮ জন, কুমিল্লা ও দিনাজপুর বোর্ডে ৮ জন করে, যশোর বোর্ডে ৭ জন, বরিশাল বোর্ডে ৫ জন, রাজশাহী বোর্ডে ৩ জন, চট্টগ্রাম বোর্ডে ২ জন এবং সিলেট বোর্ডে একজন পরীক্ষার্থী বহিষ্কার হয়েছেন।
এছাড়া কারিগরি বোর্ডে ৩ জন এবং ঢাকা বোর্ডের একজন পরিদর্শককেও বহিষ্কার করা হয়েছে।
অন্যদিকে মঙ্গলবার ঢাকা বোর্ডে ১ হাজার ৪৬৭ জন, রাজশাহীতে ৪২৯ জন, কুমিল্লায় ৬৩৬ জন, যশোরে ৪৫৫ জন, চট্টগ্রামে ৩৬০ জন, সিলেটে ২৮১, বরিশালে ২৯১ এবং দিনাজপুর বোর্ডে ৩২৪ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।
এছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৩ হাজার ৭৮০ জন এবং কারিগরি বোর্ডে ১ হাজার ৪২৪ পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
