আরও ৩ বছর বাসসে থাকছেন আজাদ
রাষ্ট্রায়াত্ত সংবাদ সংস্থা বাসসের প্রধান সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদের চুক্তির মেয়াদ তিন বছর বাড়িয়েছে সরকার।
জনপ্রশাসন মন্ত্রণালয় মঙ্গলবার এক আদেশে জানিয়েছে, আগের শর্ত অপরিবর্তিত রেখে আজাদের জন্য নতুন চুক্তিপত্র হবে। তার নতুন মেয়াদ হিসাব করা হবে ৪ ফেব্রুয়ারি অথবা যোগদানের তারিখ থেকে।
সচিব পদমর্যাদায় ২০১৪ সালের ৩ ফেব্রুয়ারি তিন বছরের চুক্তিতে বাসসের প্রধান সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পান আবুল কালাম আজাদ।
এর আগে ২০০৯ থেকে ২০১৪ সালের ২৭ জানুয়ারি পর্যন্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস সচিবের দায়িত্বে ছিলেন তিনি।
তার আগে ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টারের দায়িত্ব পালনের পর ২০০২ সালে দেশে ফিরে আওয়ামী লীগ সভানেত্রী ও সংসদে তৎকালীন বিরোধীদলীয় নেতা শেখ হাসিনার প্রেস সচিবেরও দায়িত্বেও তিনি ছিলেন।
ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য আজাদ ঊনসত্তরের গণঅভ্যুত্থানের সময় গঠিত সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের ঢাকা বিভাগীয় কোষাধ্যক্ষ ছিলেন।
১৯৭৩ সালে দৈনিক ইত্তেফাকের মাধ্যমে সাংবাদিকতা শুরু করেন আজাদ। পেশাগত দায়িত্বপালনকালে তিনি ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি ও মহাসচিব ছিলেন।
আজাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট, পিআইবি ও প্রেস কাউন্সিলেরও সদস্য ছিলেন।
