বাস উল্টে বাংলাদেশ ব্যাংক কর্মকর্তার মৃত্যু
ঢাকার টিকাটুলিতে বাস উল্টে বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তার মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও দুইজন।
মঙ্গলবার সকাল ৮টার দিকে ইত্তেফাক মোড়ের কাছে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশের ওয়ারি বিভাগের উপ কমিশনার মো. ফরিদ উদ্দিন জানান।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ফাঁড়ি পুলিশের এসআই বাচ্চু মিয়া জানান, নিহত গোলাম হোসেন (৫৫) বাংলাদেশ ব্যাংকের একজন উপ পরিচালক ছিলেন।
উপ কমিশনার ফরিদ জানান, যাত্রাবাড়ী থেকে গাবতলীগামী ৮ নম্বর রুটের একটি বাস টিকাটুলি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কদ্বীপে ধাক্কা খেয়ে উল্টে যায়। এতে তিন যাত্রী আহত হন।
তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।
পরে পকেটে থাকা পরিচয়পত্র দেখে গোলাম হোসেনের পরিচয় জানা যায় বলে এসআই বাচ্চু জানান।
তিনি বলেন, আহত একজন নারী ও একজন পুরুষ প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে চলে গেছেন।
