২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইকবাল সোবহানের বিরুদ্ধে মানহানির অভিযোগ তদন্তের নির্দেশ

প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা ডেইলি অবজারভার সম্পাদক ইকবাল সোবহান চৌধুরীর বিরুদ্ধে সাত দিন আগে করা মানহানির মামলার আবেদন তদন্তে পাঠিয়েছে আদালত।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2017, 06:44 PM

Updated : 11 Apr 2022, 10:57 PM

সোমবার ঢাকা মহানগর হাকিম সারাফুজ্জামান আনছারী মতিঝিল থানার ওসিকে মামলার অভিযোগ তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন বলে অবজারভারের আইন আদালত বিষয়ক সংবাদদাতা ও আইনজীবী আহসান হাবিব দীপক জানিয়েছেন।

গত ৩১ জানুয়ারি রাজশাহী-৪ আসনের সংসদ সদস্য এনামুল হক আরজি আকারে এ অভিযোগ  আনেন।

ওই দিন আদালত ২ ফেব্রুয়ারি আদেশের জন্য দিন রাখেন। পরে ২ ফেব্রুয়ারি আদালত ৬ ফেব্রুয়ারি আদেশ দেবে বলে জানায়।

ইকবাল সোবহানের সঙ্গে একই পত্রিকার সাংবাদিক মামুনুর রশিদকেও মামলায় অভিযুক্ত করা হয়েছে।

এদিকে একই অভিযোগে ওই দিনই ঢাকার পঞ্চম যুগ্ম জেলা জজ মনোয়ারা বেগমের আদালতে ১০০ কোটি টাকার ক্ষতিপূরণ চেয়ে আর একটি মামলা করেন এনামুল হক।

মঙ্গলবার ওই মামলার গ্রহণযোগ্যতার বিষয়ে শুনানির জন্য দিন ধার্য রয়েছে।

মামলার অভিযোগ থেকে জানা যায়, গত ২৩ জানুয়ারি ডেইলি অবজারভারের প্রথম পাতায় ‘Police await PM’s order to crack down on drug lords’ শিরোনামে একটি সংবাদ ছাপা হয়। এ সংবাদে বাদীর নাম জড়িয়ে নেতিবাচক কথা বলে তার মানহানির অভিযোগে মামলা করা হয়েছে।

এর আগে ফেনীর আদালতে ইকবাল সোবহান চৌধুরীর বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানি মামলা করেন ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী। ওই মামলাটি তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

পুরনো খবর:

ইকবাল সোবহানের বিরুদ্ধে ঢাকায় ২ মামলা