নতুন অফিস যেন পরিষ্কার থাকে: আনিসুল হক
ঢাকা উত্তর সিটি করপোরেশনের নতুন ঠিকানায় উঠে মেয়র আনিসুল হক আধুনিক এই কার্যালয়কে ‘কাজে-কর্মে পরিষ্কার’ রাখতে কর্মকর্তা-কর্মচারীদের নির্দেশ দিয়েছেন।
রোববার গুলশানের ৯০ নম্বর সড়কের সেন্টার পয়েন্টে শুরু হয়েছে উত্তর সিটি করপোরেশনের কার্যক্রম। এ ভবনের ৬, ৮, ৯, ১০ ও ১১ তলা ভাড়া নিয়েছে উত্তর সিটি করপোরেশন।
ঢাকা সিটি করপোরেশন উত্তর ও দক্ষিণে ভাগ হওয়ার পর এতদিন ৮১ গুলশান এভিনিউতে চলছিল উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) কাজ। এটি ছিল অবিভক্ত করপোরেশনের মেয়রের বাস ভবন।
নতুন কার্যালয় উদ্বোধন করে আনিসুল হক বলেন, “আমরা ঢাকা শহর পরিচ্ছন্ন রাখার দায়িত্ব নিয়েছি, পাশাপাশি আমাদের নিজেদেরও পরিষ্কার থাকতে হবে।
“আমরা একটি আধুনিক অফিস পেয়েছি। এ অফিসটি যেন সার্বক্ষণিক পরিষ্কার থাকে সেটি আমাদের সবাইকে দেখতে হবে। শুধু অফিসের ফ্লোর নয়, কাজেকর্মেও যেন আমরা পরিষ্কার হই। অনেক বেশি ফাস্ট হই, অনেক বেশি সার্ভিস ওরিয়েন্টেড হই।”
মিলাদ মাহফিলের মাধ্যমে নতুন কার্যালয়ের কার্যক্রম শুরু হয়। এতে সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারী এবং কাউন্সিলররা উপস্থিত ছিলেন।
নতুন ভবনে মেয়রের দপ্তর ছাড়াও প্রকৌশল, স্বাস্থ্য, বর্জ্য ব্যবস্থাপনাসহ সিটি করপোরেশনের বেশিরভাগ বিভাগের কার্যালয় আনা হয়েছে।
তবে ডিএনসিসির রাজস্ব, আইন আর ভাণ্ডার বিভাগ বর্তমানে বনানী কমিউনিটি সেন্টারে রয়ে গেছে। এসব বিভাগও নতুন ভবনে নিয়ে আসা হবে বলে জানিয়েছেন ডিএনসিসির কর্মকর্তারা।
৮১ গুলশান এভিনিউর বাড়ির একটি অংশে স্টোর হতে পারে, আরেকটি অংশে ডিএনসিসির একটি প্রশিক্ষণ কেন্দ্র করা হতে পারে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান ডিএনসিসি সচিব দুলাল কৃষ্ণ সাহা।
রাজধানী ঢাকা দুই সিটি করপোরেশনে ভাগ হওয়ার পর ২০১৫ সালের ২৯ এপ্রিল ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রথম মেয়র নির্বাচিত হন আনিসুল হক।
ঢাকা সিটি করপোরেশনের নান্দনিক বহুতল ভবন ‘নগর ভবন’ দক্ষিণ পেলেও উত্তরে নিজস্ব ভবন নেই।
নির্বাচনের পর গুলশানের ৮১ নম্বর বাড়িকে করা হয় উত্তর সিটি করপোরেশনের ‘নগর ভবন’। এটি অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের মেয়রের বাসভবন ছিল।
তারপর থেকে সেখানেই কার্যক্রম চলছিল উত্তর সিটি করপোরেশনের। কিছু বিভাগের অফিস করা হয় সিটি করপোরেশনের বনানী কমিউনিটি সেন্টারে।
