এসএসসির প্রশ্ন: চিকিৎসকদের ধৈর্য ধরার আহ্বান বিএমএ’র
এসএসসির প্রশ্নে অর্থলিপ্সু হিসেবে একজন চিকিৎসককে উপস্থাপনের ঘটনায় বিক্ষুব্ধ চিকিৎসকদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন-বিএমএ।
শনিবার রাতে এক বিবৃতিতে সংগঠনের সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন ও মহাসচিব ডা. ইহতেশামুল হক চৌধুরী বলেন, ওই প্রশ্ন প্রণয়নে জড়িতদের শনাক্ত ও শাস্তির দাবি তারা ঘটনার রাতেই শিক্ষামন্ত্রীকে জানিয়েছিলেন।
“এর প্রেক্ষিতে শিক্ষামন্ত্রী দ্রুততম সময়ের মধ্যে উক্ত ঘটনায় জড়িতদের শাস্তি প্রদানের আশ্বাস প্রদান করেন এবং তাৎক্ষণিকভাবে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে জরুরি ভিত্তিতে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার নির্দেশ দেন।
“ইতোমধ্যে ঢাকা শিক্ষা বোর্ডের মাননীয় চেয়ারম্যান এ বিষয়ে প্রাথমিক তদন্ত শুরু করেছেন বলে বিএমএ নেতৃবৃন্দ অবগত হয়েছেন।”
গত ৩ ফেব্রুয়ারি এসএসসির বাংলা প্রথম পত্র পরীক্ষার সৃজনশীলের একটি প্রশ্ন হয় একজন ‘লোভী চিকিৎসককে’ ঘিরে।
ঢাকা বোর্ডের প্রশ্নপত্রের সৃজনশীলের ২ নম্বর প্রশ্নে বলা হয়, “জাহেদ সাহেব একজন লোভী ডাক্তার। অভাব ও দারিদ্র্য বিমোচন করতে গিয়ে তিনি সব সময় অর্থের পেছনে ছুটতেন। এক সময় গাড়ি-বাড়ি, ধন-সম্পদ সব কিছুর মালিক হন। তবুও তার চাওয়া পাওয়ার শেষ নেই। অর্থ উপাজনই তার একমাত্র নেশা। অন্যদিকে তাঁর বন্ধু সগীর সাহেব তাঁর ধন-সম্পদ থেকে বিভিন্ন সামাজিক জনকল্যাণমূলক কাজে ব্যয় করেন। তিনি মনে করেন, সুন্দরভাবে জীবনযাপনের জন্য বেশি সম্পদের প্রয়োজন নেই।”
এর আলোকে শিক্ষার উদ্দেশ্য এবং ‘শিক্ষা ও মনুষ্যত্ব’নিয়ে কয়েকটি প্রশ্নের উত্তর করতে বলা হয় শিক্ষার্থীদের।
এই প্রশ্নের মধ্য দিয়ে চিকিৎসকদের হেয় করা হয়েছে অভিযোগ তুলে প্রশ্ন প্রণয়নে জড়িতদের শাস্তির দাবি জানান এই পেশাজীবীরা।
ওই দিন এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বিবৃতি দেয় বিএমএ। সংগঠনের সভাপতি রাতে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের বাসায় গিয়ে তার কাছে নিজেদের দাবি তুলে ধরেন।
