উচ্ছেদে ফাঁকা ফুটপাতে পথচারীদের স্বস্তি
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন কর্তৃপক্ষের টানা উচ্ছেদ অভিযানে অফিস সময়ে প্রায় ফাঁকাই থাকছে গুলিস্তান ও আশপাশের এলাকার ফুটপাত।
ফুটপাতে হাঁটার জায়গা ফিরে পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন পথচারীরা। তাদের রাস্তায় নামতে হচ্ছে না বলে যানবাহন চলাচলের সমস্যাও কিছুটা কমেছে।
তবে এ অবস্থা কতদিন ঠিকবে, তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন কেউ কেউ।
বৃহস্পতিবার অফিস সময়ে গুলিস্তান, বায়তুল মোকাররম, পল্টন, মতিঝিল এলাকা ঘুরে ফুটপাতগুলো প্রায় ফাঁকা দেখা যায়। মতিঝিলের একটি বীমা কোম্পানির কর্মকর্তা মাকসুদুর রহমান বিপ্লব বললেন, দিনে হকার তুলে দেওয়ায় চলাফেরা এখন ‘সহজ’ হয়েছে।
“আগে তো ফুটপাতে চৌকি বসাতো, হাঁটা যেত না। এখন আর রাস্তায় নামতে হয় না, নিরাপদে হাঁটা যায়। পথচারীদের জন্য এটা খুবই ভালো হয়েছে।”
“হকারদের ব্যবসায় সমস্যা হচ্ছে, ঠিক। কিন্তু তারপরও ফুটপাত খালি করায় কিছুটা ভালো তো হইছেই। লোকজন এখন ঠিকমতো হাঁটতে পারে।”
উচ্ছেদ অভিযানে খালি হয়েছে মতিঝিলের রাজউক এভিনিউ ও স্টেডিয়ামের আশপাশের ফুটপাতও। উচ্ছেদের আগে ফুটপাত ছেড়ে সড়কেও পণ্য নিয়ে বসতেন হকাররা।
ইলেক্ট্রোমার্টের বিপণন কর্মকর্তা মিশকাত বলেন, “হকাররা শুধু ফুটপাতে বসলেও কথা ছিল, তারা রাস্তায় চলে আসত বলে যানবাহন চলাচলে সমস্যা হত, হাঁটাচলাও করা যেত না। এখন হাঁটার জন্য রাস্তায় নামতে হয় না।”
মতিঝিল এলাকায় অফিস বলে প্রতিদিনই এসব ফুটপাত ধরে যেতে হয় গোড়ানের একরাম উল্লাহ ভূঁইয়াকে। হকার উঠিয়ে দেওয়ার উদ্যোগকে স্বাগত জানালেও অতীতের অভিজ্ঞতা থেকে খুব বেশি ভরসা রাখতে পারছেন না বলে জানান তিনি।
“আগেও অনেকবার ফুটপাত থেকে হকার তুলে দিয়েছে। কিন্তু পরে আবার বসে গেছে। এ উচ্ছেদ যেন শুধু লোক দেখানো না হয়।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটককমকে তিনি বলেন, “আমরা এটাকে (উচ্ছেদ) ধরে রাখব এবং স্থায়ী রূপ দেব। ফুটপাত দখলমুক্ত করায় জনগণ অনেক খুশি। অনেকে আমাকে অভিনন্দন জানিয়েছেন।”
দিনের বেলায় হকার বসতে না দেওয়ায় গুলিস্তান ও আশপাশের এলাকায় শৃঙ্খলা ফিরে এসেছে বলে মন্তব্য করেন তিনি।
মেয়র সাঈদ খোকন গত ১১ জানুয়ারি নগরভবনে এক সংবাদ সম্মেলনে বলেন, ১৫ জানুয়ারি থেকে কর্মদিবসগুলোতে সন্ধ্যা সাড়ে ৬টার আগে কোনো হকার বসতে দেওয়া হবে না।
এরপর ১৫ জানুয়ারি থেকে সিটি করপোরেশনের তিনজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে শুরু হয় উচ্ছেদ অভিযান। গুলিস্তান, বায়তুল মোকাররম, বঙ্গবন্ধু এভিনিউ, জিরো পয়েন্ট, পল্টন, দৈনিক বাংলা মোড়, মতিঝিল, দিলকুশা এলাকার ফুটপাত ও সড়কে অবৈধভাবে বসানো দোকানপাট উচ্ছেদ করা হয়।
সড়ক ও ফুটপাত হকারমুক্ত রাখতে এসব সড়কে টহল অব্যাহত রেখেছে সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত। তবে এর মধ্যেও কিছু হকারকে ঝুঁকি নিয়ে ফুটপাতে বসতে দেখা গেছে।
বৃহস্পতিবার দুপুরে গুলিস্তান শপিং কমপ্লেক্সের সামনের রাস্তায় ঝুড়িতে করে ফল বিক্রি করতে দেখা যায় কয়েকজনকে। পাশেই চট বিছিয়ে জামাকাপড় সাজিয়ে বসেছেন আরও কয়েকজন।
মতিঝিলে অগ্রণী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে ফুটপাতে বসা হকার আবু তাহের বললেন, “পুলিশ আইলে দৌঁড় দেই। ফুটে না বইসা কি করমু, খাওন তো লাগব।”
হকার সমিতিগুলোর সাম্প্রতিক আন্দোলনের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে মেয়র বলেন, একটি মহল উচ্ছেদকে কেন্দ্র করে ‘অস্থিতিশীল পরিস্থিতি তৈরির’ চেষ্টা করছে।
“একটি মহল এই এলাকাকে কেন্দ্র করে কোটি কোটি টাকার চাঁদা বাণিজ্য অনেকদিন থেকে করে আসছে। এই চাঁদা বন্ধ হয়ে যাওয়ায় কিছু কিছু সুবিধাভোগী, রাজনৈতিক নামধারী কর্মী, নেতা এর বিরুদ্ধে। এ অভিযানকে তারা ব্যাহত করার চেষ্টা করছে।”
যারা সিটি করপোরেশনের এ উদ্যোগ ব্যাহত করার চেষ্টা করবে, আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ার করেন মেয়র।
