রবীন্দ্রসঙ্গীতে ‘প্রাণের খেলা’
নিয়মিতভাবে ‘প্রাণের খেলা’ শিরোনামে গানের আসর আয়োজন করে বেঙ্গল ফাউন্ডেশন। এ ধারাবাহিকতায় মঙ্গলবার ‘প্রাণের খেলা’র আসরটি সাজানো হয় রবীন্দ্রসঙ্গীত দিয়ে।
রবীন্দ্র সঙ্গীত পরিবেশন করে শ্রোতা-দর্শকদের মুগ্ধ করেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী বুলবুল ইসলাম। অনুষ্ঠানের ঐতিহ্য অনুযায়ী এদিন নবীন শিল্পী হিসেবে গান করেন আনন্দময়ী মজুমদার।
এবারের আসর হয় চিরচেনা বৈঠকী ঢঙ্গে। শিল্পী ও দর্শক বসেছিলেন মুখোমুখি।
বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী বলেন, “বাংলা নাগরিক গানের অগ্রপথিক রবীন্দ্রনাথ ঠাকুর। নিজের অন্তরতম অনুভূতি তিনি গানে চমৎকারভাবে প্রকাশ করেছেন। রবীন্দ্রনাথ তার গানে বাণীর প্রকাশ সৌকর্য এবং মর্মগ্রাহী সুর-তালের সম্মিলনে শ্রোতার চিত্তকে জয় করতে সমর্থ হন। রবীন্দ্রগানের মাধুর্য আস্বাদনে মনে মানবিক চেতনার সঞ্চার হয়।”
মাঘের সন্ধ্যায় আনন্দময়ী মজুমদার শুরু করেন আসর।
শুরুতেই তিনি গেয়ে শোনান ‘বসন্ত তার গান লিখে যায়’। এরপর গাইলেন ‘যদি তারে নাই চিনি গো’, ‘গানের ভিতর দিয়ে যখন দেখি ভুবনখানি’ ও ‘শুধু তোমার বাণী নয় গো’। আনন্দময়ী মজুমদার তার পরিবেশনা শেষ করেন অতুল প্রসাদ সেনের গান দিয়ে। গানটি ছিল ‘আমি বাঁধিনু তোমার তীরে’।
রবীন্দ্রসঙ্গীত শিল্পী বুলবুল ইসলাম গেয়ে শোনান- ‘অরূপ, তোমার বাণী’, ‘কবে আমি বাহির হলেম তোমারি গান গেয়ে’, ‘গানের ঝরণাতলায় তুমি’, ‘জীবনমরণের সীমানা ছাড়ায়ে’, ‘তোমায় গান শোনাব’সহ আরও অনেক গান।
সঙ্গীত জীবনের ৫০ বছর পূর্তি উপলক্ষে প্রায় দুই যুগ পর ঢাকায় একক সঙ্গীত সন্ধ্যায় গাইলেন কাদেরী কিবরিয়া। মঙ্গলবার জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে এই সঙ্গীতের আসর হয়। এর আয়োজন করে সাংস্কৃতিক সংগঠন ‘আমরা সূর্যমুখী’।
কাদেরী কিবরিয়া বলেন, “দেশের মানুষ আমাকে এখনও ভালোবাসেন, আমার গানের তারা ভক্ত- এটা ভাবতেই ভালো লাগে।”
একক সঙ্গীত সন্ধ্যার শুরুতেই কাদেরী কিবরিয়া ‘তোমার কাছে এ বর’ রবীন্দ্রসঙ্গীতে গানের সুরে মাতিয়ে তোলেন। এরপর পরিবেশন করেন ‘মুখখানি করো মলিনও’, ‘অকারণে অকালে মোর’সহ বেশ কিছু পুরনো দিনের গান।
সঙ্গীত সন্ধ্যা শুরুর আগে হয় সংক্ষিপ্ত আলোচনা পর্ব। এতে প্রধান অতিথি ছিলেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। আসরের উদ্বোধন করেন ব্যারিস্টার আমীর-উল-ইসলাম।
