পুলিশের নির্যাতনে মৃত্যু: জামিন মেলেনি জাহিদের
পুলিশের নির্যাতনে মোবাইল ফোন কোম্পানি বাংলালিংকের গাড়িচালক ইশতিয়াক হোসেন জনির মৃত্যুর মামলায় পল্লবী থানার তৎকালীন এসআই জাহিদুর রহমান জাহিদের জামিনের আবেদন নাকচ করেছে আদালত।
মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লার আদালতে জাহিদের আইনজীবী ফারুক আহম্মেদ জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক তা নাকচ করে দেন।
এদিন নিহত জনির ভাই মামলার বাদী ইমতিয়াজ হোসেন রকিকে জাহিদের পক্ষে জেরা করেন ফারুক আহম্মেদ। বিচারক আগামী ১৩ ফেব্রুয়ারি অবশিষ্ট জেরার জন্য দিন রেখেছেন।
এদিকে মামলার অন্যতম আসামি পুলিশের সোর্স সুমন এ সপ্তাহে হাই কোর্ট থেকে জামিন পেয়েছেন। মঙ্গলবার জামিন আদেশ তার আইনজীবী মহানগর দায়রা জজ আদালতে জমা দেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান রকি।
গত বছর ১৭ এপ্রিল এই মামলায় এসআই জাহিদসহ পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদালত।
পুলিশ হেফাজতে নির্যাতন করে জনিকে মারার অভিযোগে ২০১৪ সালের ৭ আগস্ট ঢাকা মহানগর দায়রা জজ আদালতে মামলাটি দায়ের করা হয়।
ওইদিন আদালত মামলাটি বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেন। গত বছর ১৭ ফেব্রুয়ারি মহানগর হাকিম মারুফ হোসেন বিচার বিভাগীয় তদন্ত শেষে পাঁচজনকে অভিযুক্ত করে প্রতিবেদন দাখিল করেন।
একই আদালতে এসআই জাহিদসহ কয়েকজন পুলিশ সদস্যের বিরুদ্ধে মিরপুরের ব্যবসায়ী সুজন হত্যা বিচারে রয়েছে।
