কৃষি খাতে প্রণোদনা ও গবেষণা বাড়ানোর তাগিদ
কৃষিকে দেশে কর্মসংস্থান সৃষ্টির সবচেয়ে বড় খাত অভিহিত করে এই খাতে গবেষণা ও প্রণোদনা বৃদ্ধি দারিদ্র্য বিমোচনে সহায়ক ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন ব্র্যাকের গবেষক ও বিশেষজ্ঞরা।
মঙ্গলবার রাজধানীর মহাখালী ব্র্যাক ইন সেন্টারে আয়োজিত এক সেমিনারে ‘বাংলাদেশের কৃষির বৈশিষ্ট্যসূচক অধ্যয়ন’ শীর্ষক একটি গবেষণা পত্র উপস্থাপন করে ব্র্যাকের রিসার্চ ও এভালুয়েশন ডিভিশন (রেড)।
সেমিনারে রেডের ব্যবস্থাপক প্রফেসর আবদুল বায়েস গবেষণায় কৃষি, দারিদ্র্য বিমোচন ও খাদ্য নিরাপত্তা বিষয়ে পাওয়া তথ্য তুলে ধরেন।
তিনি বলেন, “বর্তমানে বাংলাদেশের ৪৮ শতাংশ মানুষের প্রধান পেশা কৃষি, যেখানে শিল্প ও সেবা খাতে পেশাজীবী যথাক্রমে ১৭ ও ৩৫ শতাংশ। কৃষিখাত বাংলাদেশের দারিদ্র্য বিমোচনে শিল্প ও সেবা খাতের চেয়ে এক-তৃতীয়াংশ বেশি শক্তিশালী ভূমিকা রাখছে।
“যেহেতু এটি দারিদ্র্য দূরীকরণে সবচেয়ে ফলপ্রসূ ভূমিকা রাখছে, সেহেতু এই খাত সবচেয়ে বেশি নজরদারি দাবি করে।”
দারিদ্র্য হ্রাসে কৃষির অবদান তুলে ধরে অধ্যাপক বায়েস বলেন, “গ্রামীণ জনগণের আয় বৃদ্ধি, কম খরচে পুষ্টিকর খাদ্য, সেবা ও শিল্পখাতসহ দেশের অর্থনীতিতে অবদান রেখেছে কৃষি।”
ধান উৎপাদনের চেয়ে ফলমূল, ডাল, গম ও আলুসহ অন্যান্য সবজি নিয়ে গবেষণা বাড়ানোর অভিমত দেন রেডের এই ব্যবস্থাপক।
“সরকারের ধান কেন্দ্রিক পলিসি থেকে সরে এসে অন্যান্য কৃষিপণ্য সংক্রান্ত গবেষণায় বেশি জোর দেওয়া প্রয়োজন। আমাদের উচিৎ ভবিষ্যতের দিকে তাকিয়ে এখনই পলিসি তৈরি করা।”
রেডের প্রোগ্রাম প্রধান মাহফুজুর রহমান ভাতকে অসংক্রামক রোগের সৃষ্টির জন্য দায়ী করে বলেন, “বর্তমানে আমাদের প্রধান চ্যালেঞ্জ অসংক্রামক রোগ প্রতিরোধ, যার পেছনে কার্বোহাইড্রেট দায়ী। আমাদের ভাতের উপর নির্ভরশীলতা কমাতে হবে।”
২০৫০ সালে ধান, ভুট্টা, আলু, সবজি ও দুধ উৎপাদনে উদ্বৃত্ত থাকবে ধারণা করলেও গম, ডাল, মাংস ও মিঠা পানির মাছ উৎপাদনে ঘাটতির আশঙ্কা প্রকাশ করা হয় গবেষণা পত্রে।
এ সময় কৃষি সংক্রান্ত ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবিলায় প্রযুক্তির উন্নয়ন এবং প্রসার, জলজ সম্পদ এবং সেচকার্যের ব্যবস্থাপনা, শস্যের বৈচিত্র্য, মার্কেট লিংকেজ, ভ্যালু চেইনের উন্নয়নসহ খামার ও ভূমির ব্যবস্থাপনা আরও জোরদার করার প্রস্তাব জানানো হয়।
