গার্মেন্টস পণ্য ডাকাত চক্রের সদস্য সন্দেহে গ্রেপ্তার ৭
বিভিন্ন গার্মেন্টস কারখানার পোশাক পরিবহনকারী কভার্ড ভ্যান থামিয়ে মালামাল ডাকাতি করে- এমন একটি চক্রের সাত সদস্যকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার পুলিশের গণমাধ্যম কার্যালয়ে এক ব্রিফিংয়ে ডিএমপির ওয়ারী বিভাগের উপ-কমিশনার ফরিদ আহমেদ বলেন, সোমবার ঢাকা ও লক্ষ্মীপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন, শামসু, হুমায়ন কবির, শাহিন রানা, হুমায়ূন, ফারুক, সাঈদ ভূঁইয়া ওরফে শ্যামল ও মোশাররফ।
গত ৯ জানুয়ারি রাতে ঢাকা-চট্টগ্রাম হাইওয়ের মাতুয়াইল এলাকা থেকে পোশাক রপ্তানিকারী শানিন গ্রুপের কভার্ডভ্যানের চালক ও তার সহকারীকে চেতনানাশক ওষুধ খাইয়ে রপ্তানিযোগ্য তৈরি পোশাক পণ্য নিয়ে যায় দুর্বৃত্তরা। ভ্যানটি থেকে তারা ইংল্যান্ডে রপ্তানির জন্য প্রস্তুত নয় হাজার ৪০০ পোশাক পণ্য নিয়ে যায়।
ঘটনার একদিন পর সাভার থেকে কভার্ড ভ্যানটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।
এ ঘটনার অনুসন্ধানে নেমে এই ডাকাত চক্রের সদস্যের গ্রেপ্তার করা হয় বলে সংবাদ বিফ্রিং থেকে জানানো হয়।
প্রথমে গ্রেপ্তার কয়েকজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে পুলিশের পক্ষ থেকে জানানো হয়, লুণ্ঠিত মালামাল তারা কাউসার নামের এক ব্যক্তির মাধ্যমে উত্তরায় সায়মন নামের আরেকজনের কাছে বিক্রি করত।
সেখানে অভিযান চালিয়ে পুলিশ তাদের কয়েক সদস্যকে গ্রেপ্তার করে।
পুলিশ কর্মকর্তা ফরিদ আহমেদ জানান, উত্তরার একটি বায়িং হাউজের মাধ্যমে কভার্ড ভ্যান থেকে ডাকাতি করা সব কাপড় দুবাই পাঠানোর চেষ্টা করা হচ্ছিল গ্রেপ্তাররা পুলিশকে জানিয়েছে।
গত বছরও শানিন গ্রুপের একটি কভার্ড ভ্যান ডাকাতির কবলে পড়েছিল জানিয়ে ফরিদ আহমেদ বলেন, তাদের কেউ ডাকাতদের তথ্য দেয় কিনা সেটা অনুসন্ধান করে দেখতে বলা হয়েছে। পুলিশও সেটি তদন্ত করে দেখবে।
ব্রিফিংয়ে অন্যদের মধ্যে ডিএমপির গণমাধ্যম শাখার অতিরিক্ত উপ-কমিশনার ইউসুফ আলী, ওয়ারী বিভাগের সহকারী কমিশনার ইফতেখারুল ইসলাম উপস্থিত ছিলেন।
