২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবি দর্শন বিভাগে শিক্ষক নিয়োগ কেন অবৈধ নয়

আবেদন করার মত যোগ্যতা না থাকার পরও ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগে নিয়ম বহির্ভূতভাবে শিক্ষক নিয়োগ দেওয়ায় রুল জারি করেছে হাই কোর্ট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2017, 03:48 PM

Updated : 19 Aug 2022, 03:37 PM

ওই শিক্ষকের নিয়োগপত্র কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে রুলে।

সোমবার এক রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি নাঈমা হায়দার ও আবু তাহের মো. সাইফুর রহমানের বেঞ্চ এ রুল জারি করে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি হিসেবে উপাচার্য, উপ-উপাচার্য (শিক্ষা), উপ-উপাচার্য (প্রশাসন), রেজিস্ট্রার, দর্শন বিভাগের চেয়ারম্যান, সহকারী পরিচালক (জনসংযোগ) এবং নিয়োগপ্রাপ্ত শিক্ষক খন্দকার তোফায়েল আহমেদকে ১০ দিনের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী সগির আনোয়ার। সঙ্গে ছিলেন সারোয়ার পায়েল। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেছুর রহমান।

রোববার হাই কোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট আবেদনটি করেছিলেন শিক্ষক পদে আবেদনকারী এইচ এম মিরাজ সৌরভ।

রিট আবেদন থেকে জানা যায়, গত বছরের ২ জুলাই দর্শন বিভাগে দুইজন প্রভাষক নিয়োগে বিজ্ঞপ্তি দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে আবেদনকারীদের এসএসসি ও এইচএসসি-তে যোগ্যতা চাওয়া হয় সিজিপিএ (কিউম্যুলেটিভ গ্রেড পয়েন্টস অ্যাভারেজ)-৫ এর মধ্যে ন্যূনতম ৪.২৫।

নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে গত বছরের ২৯ ডিসেম্বর দুইজনকে প্রভাষক হিসেবে নিয়োগ দেয় দর্শন বিভাগ। কিন্তু নিয়োগপ্রাপ্তদের মধ্যে খন্দকার তোফায়েল আহমেদের সিজিপিএ-৩.১৯। ফলে তিনি এ পদে আবেদন করার অযোগ্য বলে রিটে উল্লেখ করা হয়।

আইনজীবী সারোয়ার পায়েল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নিয়ম লঙ্ঘন করে শিক্ষক নিয়োগ দেওয়ায় বিভিন্ন জাতীয় দৈনিকে তখন প্রতিবদেন প্রকাশ হয়। তারপরও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ওই শিক্ষকের নিয়োগ বহাল রাখে।”

এ আইনজীবী বলেন, “যোগ্যতাসম্পন্ন আবেদনকারী থাকার পরও অযোগ্য লোককে নিয়োগ দিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংবিধানের ২৯ অনুচ্ছেদ লঙ্ঘন করেছে।

“এ অনুচ্ছেদের (১)-এ বলা হয়েছে, ‘প্রজাতন্ত্রের কর্মে নিয়োগ বা পদ-লাভের ক্ষেত্রে সকল নাগরিকের জন্য সুযোগের সমতা থাকিবে।’ কিন্তু নিয়োগের নিয়ম লঙ্ঘন করায় মেধার অবমূল্যায়ন ঘটেছে। অথচ রিট আবেদনকারী এইচ এম মিরাজ সৌরভের সিজিপিএ-৪.৫০ থাকার পরও তিনি নিয়োগ পাননি। ফলে খন্দকার তোফায়েল আহমেদ সিজিপিএ-৩.১৯ নিয়ে নিয়োগ পাওয়ায় তার নিয়োগপত্রকে চ্যালেঞ্জ করা হয়েছে রিটে।”