‘কালি ও কলম’ পুরস্কার পেলেন ৫ তরুণ কবি-লেখক
বেঙ্গল ফাউন্ডেশনের ‘কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার’ পেয়েছেন গল্পকার রফিক হারিরিসহ পাঁচ তরুণ কবি ও লেখক।
কবিতায় পুরস্কার পেয়েছেন নওশাদ জামিল, ‘ঢেউয়ের ভেতর দাবানল’ কাব্যগ্রন্থের জন্য; কথাসাহিত্যে ‘ফুলবানু ও অন্যান্য গল্প’ গ্রন্থের জন্য রফিক হারিরি, প্রবন্ধ-গবেষণা-নাটকে ‘কুঠুরির স্বর’ গ্রন্থের জন্য তুষার কবির, মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষণা ও প্রবন্ধে ‘ভাটকবিতায় মুক্তিযুদ্ধ’র জন্য হাসান ইকবাল এবং শিশু-কিশোর সাহিত্যে ‘অদ্ভুতুরে বইঘর’ গ্রন্থের জন্য শরীফুল হাসান এই পুরস্কার পেয়েছেন।
রোববার বিকালে রাজধানীর জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন। বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে ছিলেন কালের কণ্ঠের সম্পাদক কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন, ভারতীয় সাহিত্যিক চিন্ময় গুহ, বেঙ্গল ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল খায়ের এবং ‘কালি ও কলম’ পত্রিকার সম্পাদক আবুল হাসনাত।
স্বাগত বক্তব্যে ইমদাদুল হক মিলন বলেন, “কাব্য-সাহিত্য-শিশু উপন্যাসে এই ‘কালি ও কলম’ পুরস্কারটি মুখ চেনা নেই এমন লেখককেও দেওয়া হয়েছে। এই পুরস্কারে কখনও পক্ষপাতিত্ব হয়নি। আমি যদি তরুণ হতাম, যদি পুরস্কারটি পেতাম, তবে বড় ধন্য হতাম।”
বাংলা সাহিত্যে ‘কালি ও কলম কবি ও লেখক পুরস্কার’কে ‘অপূর্ব উদ্যোগ’ হিসেবে দেখছেন চিন্ময় গুহ।
তিনি বলেন, “এই পুরস্কার প্রমাণ করে সাহিত্যের সঙ্গে পাঠকের সংযোগ এখনও আছে। তরুণরা আছেন, উঠে আসছেন। বাংলা সাহিত্য যেন জ্বলছে হাজারো দীপমালার মতো।”
পঞ্চাশ ও ষাটের দশকের সাহিত্যের জোয়ার মুক্তিযুদ্ধ পরবর্তী বাংলাদেশে খুঁজে পাওয়া যায়নি বলে মন্তব্য করেন রাশেদ খান মেনন।
“যুদ্ধ থেকে ফিরে এসে তরুণ সাহিত্যিকরা বড় ক্লান্ত ছিল।ছিল কত অনিশ্চয়তা। আমরা খুঁজে পাইনি সেই তরুণ সাহিত্যিক, লেখকদের। একদিন বাংলা একাডেমির তরুণ লেখক প্রকল্পটিও বন্ধ হয়ে গেল। সেটি চালু থাকলেও বেশ কজন তরুণ উঠে আসতে পারত।”
পুরস্কারপ্রাপ্ত কবি-লেখকদের উদ্দেশ্যে তিনি বলেন, “এই তরুণ লেখকরা লেখনীর মাধ্যমে বাংলা সাহিত্যকে আরও সমৃদ্ধ করবেন। আমরা সামনের পানে তাকিয়ে রইলাম।”
পুরস্কারপ্রাপ্তদের মধ্যে কবি নওশাদ জামিল অনুভূতি প্রকাশে বলেন, “আজ আমার যে বইটি পুরস্কার পেল, এই বইয়ের সব কবিতা চতুর্দশপদী।অনেক দিন ধরে লিখতে লিখতে, পয়ার ছন্দ নিয়ে কাজ করতে করতে, হঠাৎ লক্ষ করি-ইতোমধ্যে লেখা হয়ে গেছে শতাধিক চতুর্দশপদী কবিতা।
“স্বপ্ন ছিল শুধু সনেট দিয়ে প্রকাশ করব একটি কাব্যগ্রন্থ। ‘ঢেউয়ের ভেতর দাবানল’ সেই স্বপ্নের প্রতিচ্ছবি। বইটি পুরস্কার পাওয়ায় আমি তাই আনন্দিত।”
বাংলাদেশে নবীন কবি-লেখকদের উৎসাহ যোগাতে এইচএসবিসির সহায়তায় ‘কালি ও কলম তরুণ কবি লেখক পুরস্কার’ চালু করে শিল্প ও সংস্কৃতিবিষয়ক পত্রিকা কালি ও কলম।২০১৪ সাল থেকে এককভাবে পুরস্কারটি দিচ্ছে তারা।
