ভাষা সৈনিক এমদাদুল ইসলাম আর নেই
ভাষাসৈনিক ও রাজনীতিক অ্যাডভোকেট এ কে এম এমদাদুল ইসলাম আর নেই।
রোববার দুপুরে নগরীর একটি বেসরকারি হাসপাতালে ৮৪ বছর বয়সে মারা যান তিনি।
অ্যাডভোকেট এমদাদের ছেলে ফয়েজ মোহাম্মদ তাইমুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাবা দীর্ঘদিন ধরে বার্ধক্যজণিত রোগে নগরীর জামাল খানের বাসায় শয্যাশায়ী ছিলেন।
“রোববার দুপুরে অসুস্থবোধ করলে তাকে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানেই তিনি মারা যান।”
ভাষাসৈনিক এমদাদুল ইসলাম স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।
সোমবার সকাল ১০টায় নগরীর গণি বেকারী মোড়ের মিসকিন শাহ মাজার সংলগ্ন মাঠে জানাজা শেষে তাকে দাফন করা হবে বলে জানান ফয়েজ মোহাম্মদ।
বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী অ্যাডভোকেট এমদাদুল ইসলাম সর্বশেষ ঐক্য ন্যাপের সঙ্গে যুক্ত ছিলেন। এর আগে তিনি গণফোরামের প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।
স্বৈরাচার-সাম্প্রদায়িকতাবিরোধীসহ সকল গণআন্দোলনে চট্টগ্রামে সামনের কাতারে ছিলেন অ্যাডভোকেট এমদাদুল ইসলাম। বাংলাদেশের প্রতিটি গণআন্দোলন ও মুক্তিযুদ্ধে সক্রিয় ভূমিকা ছিল তার।
১৯৩৩ সালের ১৮ মে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ইমামনগরে জন্ম নেন এমদাদুল ইসলাম। কলেজ জীবনে তিনি বামপন্থী রাজনীতির সঙ্গে যুক্ত হন। ১৯৫৭ সালে তিনি ছাত্র ইউনিয়ন চট্টগ্রাম জেলার সভাপতি, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।
পঞ্চাশের দশকে তিনি তিনি যুবলীগ ও নিষিদ্ধ কমিউনিস্ট পার্টির সাথে যুক্ত হন।
১৯৪৮ সালে নবম শ্রেণীর শিক্ষার্থী থাকা অবস্থায়ই ঝুঁকে পড়েন ভাষার আন্দোলনে। ১৯৪৮ সালে উর্দুকে রাষ্ট্রভাষা করতে ঢাকায় মোহাম্মদ আলী জিন্নাহর দম্ভোক্তি সংবাদপত্রে দেখার পর তিনি ভাষা আন্দোলনে প্রত্যক্ষভাবে অংশ নেন।
চট্টগ্রাম জেলা রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের আহ্বায়ক ও একুশের প্রথম কবিতার রচয়িতা মাহবুব উল আলম চৌধুরীর সঙ্গে তার যোগাযোগ ছিল। জেলা সংগ্রাম পরিষদের সদস্য নির্বাচিত হবার পর এমদাদুল ইসলামের ওপর দায়িত্ব পড়ে ফটিকছড়ি ও নাজিরহাট কলেজ এলাকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ভাষা আন্দোলন সংগঠিত করার।
২১ ফেব্রুয়ারি সারাদেশে আহূত ছাত্র ধর্মঘট চট্টগ্রামেও সফল করতে সিদ্ধান্ত নেওয়া হয়। ওইদিন রাতেই ফটিছড়িতে বসে রেডিওর খবরে ঢাকায় ছাত্র মিছিলে গুলিবর্ষণের সংবাদ পান। ঢাকায় ছাত্র হত্যার প্রতিবাদে ২৩ ফেব্রুয়ারি চট্টগ্রামের লালদীঘি মাঠের সমাবেশে তিনি অংশ নেন।
এ ভাষা সংগ্রামী ২০০৮ সালের ২৮ ফেব্রুয়ারি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে দেয়া এক সাক্ষাতকারে বলেছিলেন, প্রথমেই নিজ ভাষা ও দেশের প্রতি শ্রদ্ধা দেখাতে হবে। তার মতে মাটি ও মানুষের প্রতি ভালোবাসা না থাকলে নিজের মধ্যে কখনও জাতীয়তাবাদী চেতনা তৈরি হয় না।
অ্যাডভোকেট এমদাদুর ইসলামের মৃত্যুতে শোক জানিয়েছেন কমিউনিস্ট পার্টি চট্টগ্রাম জেলার সভাপতি মো. শাহ আলম ও সাধারণ সম্পাদক অধ্যাপক অশোক সাহা, ছাত্র ইউনিয়ন চট্টগ্রাম জেলার সভাপতি গোলাম সারোয়ার ও সাধারণ সম্পাদক নাহিদ আল মোস্তফা, উদীচী জেলা সভাপতি বেগম মুশতারী শফী ও সাধারণ সম্পাদক শীলা দাশগুপ্তা, খেলাঘর চট্টগ্রাম মহানগরীর সভাপতি ডা. একিউএম সিরাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক রুপক চৌধুরী, ট্রেড ইউনিয়ন কেন্দ্র চট্টগ্রামের সভাপতি তপন দত্ত ও সাধারণ সম্পাদক মছিউদ্দৌলা, কবি ও সাংবাদিক আবুল মোমেন, মুক্তিযোদ্ধা বালাগাত উল্লাহ প্রমুখ।
