চট্টগ্রাম, ফেব্র"য়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কিছু ধনী ব্যক্তি তাদের সন্তানকে ইংরেজি মাধ্যমে পড়ালেখা করতে দিয়ে নিজের মাতৃভাষা ও দেশকে অবমাননা করছেন বলে মন্তব্য করেছেন ভাষা সৈনিক অ্যাডভোকেট এ কে এম এমদাদুল ইসলাম। তিনি বলেন, "এরা কখনোই চিন্তা ও চেতনায় বড় মানুষ নয়।" তার মতে, মাটি ও মানুষের প্রতি ভালোবাসা না থাকলে নিজের মধ্যে কখনো জাতীয়তাবাদী চেতনা তৈরি হয় না। এজন্য প্রথমেই নিজ ভাষা ও দেশের প্রতি শ্রদ্ধা ও মমত্ববোধ দেখাতে হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের চট্টগ্রামের প্রতিবেদক মিন্টু চৌধুরীকে দেওয়া সাক্ষাতকারে এমদাদুল ইসলাম এসব কথা বলেন।
এমদাদুল ইসলাম বলেন, "ভাষা আন্দোলনের প্রত্যক্ষ ফসল এই বাংলাদেশ। একুশ আমাদের অহংকার। একুশই আমাদের শিখিয়েছে মাথা নত না করতে। আর এ কারণেই আমরা জাতি হিসেবে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পেরেছি।"
চট্টগ্রাম জেলার ফটিকছড়িতে জন্ম নেওয়া এমদাদুল ইসলাম ১৯৪৮ সালে নবম শ্রেণীর শিক্ষার্থী থাকা অবস্থায়ই জড়িত হন ভাষার আন্দোলনে। তিনি জানান, ১৯৪৮ সালে উর্দুকে রাষ্ট্রভাষা করতে ঢাকায় মোহাম্মদ আলী জিন্নাহর দম্ভোক্তি সংবাদপত্রে দেখে তিনি ভীষণ আহত হন। এই বিষয়টিই তাকে পরবর্তী সময়ে ভাষা আন্দোলনে প্রত্যক্ষ অংশগ্রহণে প্রেরণা যোগায়।
১৯৫২ সালে ১৯ বছরের যুবক এমদাদুল ইসলাম উত্তাল সময়ের স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, "জেলা রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের আহবায়ক ও একুশের প্রথম কবিতার রচয়িতা মাহবুব উল আলম চৌধুরীর সাথে যোগাযোগ ছিল নিয়মিতই। জেলা সংগ্রাম পরিষদের সদস্য নির্বাচিত হবার পর দায়িত্ব পড়ে ফটিকছড়ি ও নাজিরহাট কলেজ এলাকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ভাষা আন্দোলন সংগঠিত করার।"
২১ ফেব্র"য়ারি সারাদেশে আহূত ছাত্র ধর্মঘট চট্টগ্রামেও সফল করার সিদ্ধান্ত নেওয়া হয়। ওইদিন রাতেই ফটিছড়িতে বসে রেডিওর খবরে ঢাকায় ছাত্র মিছিলে গুলিবর্ষণের সংবাদ পান। সকালেই তিনি শহরের বৌদ্ধ মন্দির মোড়ে সীমান্ত পত্রিকা অফিসে চলে আসেন। ঢাকায় ছাত্র হত্যার প্রতিবাদে ২৩ ফেব্র"য়ারি চট্টগ্রামের লালদীঘি মাঠে প্রতিবাদ সমাবেশ করার সিদ্ধান্ত নেওয়া হয়।
স্মৃতিচারণ করতে গিয়ে তিনি আরও বলেন, "সেদিনের সমাবেশ ছাত্র-জনতার স্বতস্ফূর্ত অংশগ্রহণে পরিণত হয় বিশাল জনসমুদ্রে। মাহবুব উল আলম চৌধুরী অসুস্থ থাকায় শ্রমিক নেতা চৌধুরী হারুন অর রশীদ একুশের প্রথম কবিতা 'কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি' পাঠ করেন।"
তিনি বলেন, "সে এক অন্যরকম অনুভূতি যা ভাষায় প্রকাশ করা যায় না। সমাবেশে 'রাষ্ট্রভাষা বাংলা চাই, নুরুল আমীনের ফাঁসি চাই' এ শ্লোগানই ছিল সবার মুখে মুখে।"
একুশের প্রাপ্তি প্রসঙ্গে বলতে গিয়ে এমদাদুল ইসলাম বলেন, "চুয়ান্নের নির্বাচনে যুক্তফ্রন্টের কাছে মুসলিম লীগের হার ভাষা আন্দোলনের প্রথম প্রত্যক্ষ বিজয়। ওই নির্বাচনে পূর্ব পাকিস্তানের ৩০০ আসনের মধ্যে মুসলিম লীগ জিতেছিল মাত্র ১০টিতে।"
বাষট্টির শিক্ষা আন্দোলন, উনসত্তরের গণ অভ্যুত্থান এবং পরবর্তী সময়ে স্বাধীনতা সংগ্রাম সবই একুশের হাত ধরে এসেছে বলে তিনি বিশ্বাস করেন।
তিনি বলেন, "আমরা একুশের সৃষ্টি। একুশের এক অন্যরকম সঞ্জীবনী সুধা রয়েছে যা সবসময়ই বাঙালিকে জয়ী হতে প্রেরণা যুগিয়েছে।"
বর্তমান তরুণ প্রজন্মের উদ্দেশে অ্যাডভোকেট এমদাদ বলেন, "বর্তমান অবক্ষয়ের সমাজে টিকে থাকাটাই মুখ্য। এজন্য প্রথমেই নিজের শিকড়কে চিনতে হবে। নিজ দেশ, মাতৃভাষা ও মানুষের প্রতি মমত্ববোধ জাগাতে হবে। তরুণরাই পারবে দেশকে এগিয়ে নিতে।"
তিনি দেশের মেহনতী মানুষের প্রতি ভালোবাসা প্রদর্শনের জন্য তরুণদের প্রতি আহবান জানান।
৭৫ বছর বয়সী ভাষা সৈনিক এমদাদুল ইসলামের রয়েছে সুদীর্ঘ রাজনৈতিক জীবন। ১৯৫০ সালে বামপন্থী সংগঠন যুব লীগ ও নিষিদ্ধ ঘোষিত কমিউনিস্ট পার্টির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হন তিনি। ১৯৫৫ সালে চট্টগ্রাম জেলা ছাত্রলীগের সভাপতি, ১৯৫৭ সালে জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। ছাত্র রাজনীতি শেষে ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ) সঙ্গে যুক্ত হন। আশির দশকের শেষ পর্যন্ত তিনি ন্যাপের সঙ্গে যুক্ত ছিলেন। নব্বই দশকের শুরুতে তিনি গণফোরামে যোগ দেন এবং এখন কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
বেঁচে থাকা ভাষা সৈনিকদের জন্য আলাদা কোন রাষ্ট্রীয় সম্মান প্রত্যাশা করেন না বলেও জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএ/এমএসবি/১৬২৫ ঘ.
bdnews24