২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আচার বানানোয় ‘বর্ষসেরা’ শাহনাজ শারমিন

১৭তম প্রাণ জাতীয় আচার প্রতিযোগিতায় ‘বর্ষসেরা’ নির্বাচিত হয়েছেন শাহনাজ শারমিন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2017, 02:59 AM

Updated : 11 Oct 2022, 01:23 PM

শুক্রবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নজরুল সঙ্গীত শিল্পী ফেরদৌস আরা বলেন, “সমগ্র বাঙালির প্রাণকে এক সাথে করে তোলার উদ্যোগ নিয়েছে প্রাণ। প্রাণের বিভিন্ন প্রোডাক্টের মধ্যে আচারকে যে শিল্প আকারে নিয়ে আসতে পেরেছে, এভাবেই তো এগিয়ে যাবে।”

প্রতিবারের মতো এবারও টক, ঝাল, মিষ্টি ও মিশ্র ক্যাটাগরিতে তিনজন করে মোট ১২ জন বিজয়ীকে পুরস্কার দেওয়া হয়। এছাড়াও ‘বর্ষসেরা’ হওয়া শাহনাজ শারমিন পান দু লাখ টাকা।

টক ক্যাটাগরিতে মীনারা খাতুন প্রথম, নাসরিন আক্তার দ্বিতীয় এবং নাসরিন সুলতানা তৃতীয় পুরস্কার পেয়েছেন। মিষ্টি ক্যাটাগরিতে প্রথম ফরিদা পারভীন, দ্বিতীয় নাজমা রহমান ও তৃতীয় হয়েছেন আনিকা তাবাসসুম। ঝাল ক্যাটাগরিতে আয়েশা খাতুন প্রথম, হাফসা খান দ্বিতীয় ও কমল তৃতীয় পুরস্কার পেয়েছেন। আর মিশ্র ক্যাটাগরিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার পেয়েছেন যথাক্রমে আমেনা বেগম, তাসনুভা ও শামসুন্নাহার হক।

প্রতিটি বিভাগের সেরা তিনজনকে মাইক্রোওয়েভ ওভেন, ওয়াশিং মেশিন ও ৫০ হাজার টাকা পুরস্কার দেওয়া হয়। আর প্রতি প্রতিযোগী পেয়েছেন শুভেচ্ছা উপহার ও সার্টিফিকেট।

অনুষ্ঠানে প্রাণ-আরএফ-এল গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা আহসান খান চৌধুরী বলেন, “আজকের এ প্রতিযোগিতায় শুধু ঢাকা নয়, বরং প্রত্যন্ত অঞ্চলের মানুষজন অংশগ্রহণের মাধ্যমে আমাদের উৎসাহিত করেছেন। আমরা চাই আমাদের গ্রামগঞ্জের মার্কেটগুলোকে পৃথিবীর বুকে পরিচিত করা।”

এ সময় অনুষ্ঠানে প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক উজমা চৌধুরী, চ্যানেল আইয়ের নির্বাহী পরিচালক ইসরারুল হক, গার্হস্থ্য অর্থনীতি কলেজের অধ্যক্ষ নিশাত পরভীন, সংগীত শিল্পী লীনা তাপসী,নৃত্য শিল্পী মুনমুন আহমেদ,সঙ্গীত শিল্পী সুজিত মোস্তফা, অভিনয় শিল্পী আজিজুল হাকিম, জিনাত হাকিমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।