২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রাথমিক শিক্ষা পঞ্চম শ্রেণি পর্যন্তই রাখার দাবি

প্রাথমিক শিক্ষা পঞ্চম শ্রেণি পর্যন্ত রেখে এই স্তরের শিক্ষার মানোন্নয়ে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার দাবি এসেছে রাজধানীর একটি গোলটেবিল আলোচনা থেকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2017, 10:09 PM

Updated : 19 Aug 2022, 03:35 PM

এতে সৃজনশীল পরীক্ষা পদ্ধতি পরিবর্তন, ইংরেজি ভার্সন বিলুপ্ত এবং কলেজ-বিশ্ববিদ্যালয়ে সেমিস্টারের সময়কাল এক বছর করারও পরামর্শ দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক।

শুক্রবার বিকালে জাতীয় প্রেস ক্লাবে ‘জাতীয় শিক্ষানীতি ও শিক্ষা আইন: সমস্যা ও সম্ভাবনা’ শীর্ষক নাগরিক ভাবনা আয়োজিত গোলটেবিল আলোচনা সভায় সূচনা বক্তব্যে এসব সুপারিশ তুলে ধরেন অধ্যাপক কাসেম।

জাতীয় শিক্ষানীতি ২০১০ অনুযায়ী, প্রাথমিক শিক্ষার স্তর হবে অষ্টম শ্রেণি পর্যন্ত। অষ্টম শ্রেণিতে প্রাথমিক শিক্ষার স্তর উন্নীতে বেশকিছু উদ্যোগও নিয়েছে সরকার।

অধ্যাপক কাসেম বলেন, বাংলাদেশে শিক্ষানীতি ও শিক্ষা ব্যবস্থায় আমূল সংস্কার দরকার। এজন্য প্রথম পর্যায়ে দরকার সর্বজনীন কল্যাণে দূরদর্শী চিন্তা-ভাবনা, আলোচনা-সমালোচনা ও বিচার-বিবেচনা।

“প্রাথমিক শিক্ষা অষ্টম শ্রেণির পরিবর্তে পঞ্চম শ্রেণি পর্যন্ত রেখে এর মান উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। পঞ্চম ও অষ্টম শ্রেণির পাবলিক পরীক্ষা বাতিল করতে হবে।”

পঞ্চম ও অষ্টম শ্রেণিতে পাবলিক পরীক্ষায় নেওয়ায় শিক্ষা ক্ষতিগ্রস্ত হচ্ছে দাবি করে অধ্যাপক কাসেম বলেন, এতে কোচিং সেন্টার ও গাইড বইয়ের ব্যবসায় স্বর্ণযুগ দেখা দিয়েছে।

“কথিত সৃজনশীল পরীক্ষা পদ্ধতি পরিবর্তন করে এমন পদ্ধতি প্রবর্তন করতে হবে যা শিক্ষার্থীদের মনে পাঠানুরাগ, অনুসন্ধিৎসা, জ্ঞানস্পৃহা, দেশপ্রেম, স্বজাত্যবোধ, মানুষের প্রতি ভালোবাসা, সুনাগরিকত্ববোধ ও উন্নত জীবনের আকাঙ্ক্ষা জাগাবে।”

ইংলিশ ভার্সন বিলুপ্তের দাবি তুলে দ্বৈত নাগরিকরা যাতে রাষ্ট্র ও সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে অধিষ্ঠিত হতে না পারেন সংবিধানে সেই বিধান রাখার উপরও গুরুত্বারোধ কবরেন অধ্যাপক কাসেম।

তিনি বলেন, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে উচ্চ শিক্ষার অবস্থা মোটেই ভালো নয়। অন্ধভাবে সাম্রাজ্যবাদী নীতি গ্রহণ করে চলার ফলে কোনোটাই স্বাভাবিক অবস্থানে নেই। সেমিস্টার পদ্ধতি নিয়ে উচ্চ শিক্ষাকেও সম্পূর্ণ পরীক্ষানির্ভর করে তোলা হয়েছে।

বিশ্ববিদ্যালয় ও কলেজে সেমিস্টারের মেয়াদ চার ও ছয় মাসের পরিবর্তে এক বছর করার পরামর্শ দেন অধ্যাপক কাসেম।

শিক্ষাখাতের ‘বেহাল’ অবস্থার জন্য দায়ী করে গোলটেবিলে আলোচনায় এক বক্তা শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের পদত্যাগও দাবি করেন।

নাগরিক ভাবনার আহ্বায়ক মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে এই সংগঠনের উপদেষ্টা মু ইনামুল হক, নভেরা প্রোডাক্টসের চেয়ারম্যান এ ওয়াই জুবায়ের উল্লাহ, গ্লোবাল স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা শফিকুল ইসলাম, সুপ্রিম কোর্টের আইনজীবী কাজী রেজাউল হোসেন বক্তব্য দেন।