দুদক কর্মকর্তার ক্ষমতা খর্ব
নিরাপরাধ ব্যক্তিকে হয়রানির দায়ে দুর্নীতি দমন কমিশনের রাজশাহী অঞ্চলের এক কর্মকর্তার ক্ষমতা কেড়ে নেওয়া হয়েছে।
ক্ষমতা কেড়ে নেওয়া কর্মকর্তা মো. আবু বকর সিদ্দিক দুদক রাজশাহী অঞ্চলের উপ সহকারী পরিচালক হিসেবে কর্মরত।
বৃহস্পতিবার দুদকের জনসংযোগ শাখার উপ পরিচালক প্রণব কুমার ভট্টাচার্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুদকেরই একটি মামলার অভিযোগপত্রে নিরাপরাধ ব্যক্তিদের নাম সংযুক্ত করার দায়ে তার ক্ষমতা কেড়ে নেওয়া হয়েছে।
দুদক সচিব আবু মোহাম্মদ মোস্তফা কামালের স্বাক্ষর করা এক চিঠিতে এই তথ্য সংশ্লিষ্ট শাখাকে জানিয়ে দেওয়া হয়েছে বলেও জানান প্রণব।
তবে কোন মামলায় নিরাপরাধ ব্যক্তিকে ফাঁসানো হয়েছে তা জানাননি এই দুদক কর্মকর্তা।
