বিক্ষোভ, অবস্থান ও মহাসমাবেশের কর্মসূচি রামপালবিরোধীদের
সুন্দরবনের কাছে রামপালে বিদ্যুৎকেন্দ্র নির্মাণ বন্ধের দাবিতে ঢাকায় আধাবেলা হরতালের পর বিক্ষোভ, সারা দেশে রাজপথে অবস্থান ও খুলনায় মহাসমাবেশের তিনটি কর্মসূচি ঘোষণা করেছে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি।
বৃহস্পতিবার সকাল ৬টা থেকে বেলা ২টা পর্যন্ত হরতালের পর জাতীয় প্রেসক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশে জাতীয় কমিটির সদস্যসচিব আনু মুহাম্মদ এই কর্মসূচি ঘোষণা করেন।
তিনি জানান, হরতালের সমর্থনে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রগতিশীল ছাত্রসংগঠনগুলোর মিছিলে ‘পুলিশি হামলা ও ত্রাস সৃষ্টির প্রতিবাদে’ ২৮ জানুয়ারি ঢাকাসহ সারা দেশে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ হবে।
রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্পসহ ‘সুন্দরবন-বিনাশী’ সব প্রকল্প বাতিলের দাবিতে ২৫ ফেব্রুয়ারি সারা দেশে রাজপথে অবস্থান কর্মসূচি পালন করবে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি।
এছাড়া আগামী ১১ মার্চ খুলনা মহানগরীতে ‘উপকূলীয় মানুষদের নিয়ে’ হবে মহাসমাবেশ।
ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় পুলিশের সঙ্গে হরতালকারীদের ধাওয়া-পাল্টা ধাওয়া, দফায় দফায় কাঁদুনে গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপের মধ্য দিয়ে বৃহস্পতিবার রামপালবিরোধীদের আধাবেলা হরতাল শেষ হয়। পুলিশের টিয়ার শেল ও রাবার বুলেট এ সময় ডজনখানেক নেতাকর্মী আহত হন বলে আন্দোলনকারীদের ভাষ্য।
হরতালের সমর্থনে সকাল থেকে পল্টন, প্রেসক্লাব, দৈনিক বাংলা মোড় ও আশপাশের সড়কে মিছিল করে বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। পরে সিপিবি, বাসদ, গণতান্ত্রিক বিপ্লবী পার্টিসহ কয়েকটি সংগঠন পল্টন মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করলে সকাল সোয়া ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত মতিঝিলমুখী সড়কে যান চলাচল বন্ধ থাকে।
পল্টনের অবস্থান শেষে বেলা ১২টা থেকে পৌনে ২টা পর্যন্ত প্রেসক্লাবের সামনে সমাবেশ করেন তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির নেতৃবৃন্দ।
অন্যদের মধ্যে বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, সিপিবির সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, বাসদ (মার্কসবাদী) সদস্য শুভ্রাংশু চক্রবর্তী, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক শ্রমিক নেত্রী মোশরেফা মিশু ও গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জোনায়েদ সাকি সমাবেশে বক্তব্য দেন।
