দুর্নীতি বেড়েছে না কমেছে বলা যাবে না: ইফতেখারুজ্জামান
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল তাদের ‘দুর্নীতির ধারণাসূচকে’ এ বছর বাংলাদেশের যে অবস্থান দেখিয়েছে, তাতে বাংলাদেশে দুর্নীতি কমেছে না বেড়েছে তা বলা কঠিন বলে মন্তব্য করেছেন দুর্নীতিবিরোধী এ সংস্থার বাংলাদেশ চ্যাপ্টারের নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান।
বিশ্বের ১৭৬টি দেশ ও অঞ্চলের ২০১৬ সালের দুর্নীতির পরিস্থিতি বিবেচনায় নিয়ে জার্মানির বার্লিনভিত্তিক প্রতিষ্ঠান টিআই বুধবার এই সূচক প্রকাশ করেছে।
সূচকের ঊর্ধ্বক্রম অনুযায়ী (ভাল থেকে খারাপ) বাংলাদেশের অবস্থান এবার ১৪৫ নম্বরে। গতবার ১৬৮টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ছিল ১৩৯ নম্বরে।
আবার অধঃক্রম অনুযায়ী (খারাপ থেকে ভালো) বিবেচনা করলে বাংলাদেশ আগের ১৩তম অবস্থান থেকে এবার ১৫তম অবস্থানে উঠে এসেছে।
১০০ ভিত্তিতে এই সূচকে বাংলাদেশের স্কোর এবার ১ পয়েন্ট বেড়ে ২৬ হয়েছে। এই স্কেলে শূন্য স্কোরকে দুর্নীতির ব্যাপকতার ধারণায় সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত এবং ১০০ স্কোরকে সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত বা সর্বোচ্চ সুশাসনের দেশ হিসাবে বিবেচনা করা হয়।
এবারের প্রতিবেদনের বিভিন্ন দিক এবং বাংলাদেশের দুর্নীতির পরস্থিতি নিয়ে বুধবার ধানমন্ডির মাইডাস সেন্টারে এক সংবাদ সম্মেলনে আসেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান।
পরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, সূচকে ৪৩ স্কোর একট স্ট্যান্ডার্ড। যেসব দেশ ৪৩ বা তার বেশি স্কোর করতে পারে, ধরে নেওয়া হয়, সেসব দেশ মধ্যম পর্যায়ের দুর্নীতিকে নিয়ন্ত্রণে রাখতে পেরেছে।
“বাংলাদেশের স্কোর ২৬। বিগত বছরের তুলনায় বাংলাদেশ স্কোরে অগ্রসর হয়েছে। আর সূচকে অগ্রগতি হয়েছে অন্য দেশগুলোর সাপেক্ষে। ফলে বাংলাদেশের এই অগ্রগতি দুর্নীতি নিয়ন্ত্রণের কারণে, নাকি অন্য দেশগুলোর পিছিয়ে পড়ার কারণে- সেটা বলা যাবে না।
এবার একই স্কোর পেয়ে সূচকে বাংলাদেশের সঙ্গে সম্মিলিতভাবে পঞ্চদশ অবস্থানে রয়েছে ক্যামেরুন, গাম্বিয়া, কেনিয়া, মাদাগাস্কার ও নিকারাগুয়া।
টিআই এর প্রতিবেদন অনুযায়ী, তালিকায় সবচেয়ে খারাপ অবস্থায় থাকা সোমালিয়ার স্কোর এবার ১০। এরপরে রয়েছে যথাক্রমে দক্ষিণ সুদান, উত্তর কোরিয়া, সিরিয়া, লিবিয়া, ইয়েমেন, সুদান, আফগানিস্তান, ভেনেজুয়েলা ও ইরাক।
অন্যদিকে সর্বোচ্চ ৯০ স্কোর নিয়ে তালিকায় সবচেয়ে ভালো অবস্থানে আছে ডেনমার্ক ও নিউজিল্যান্ড। এর পরে রয়েছে ফিনল্যান্ড, সুইডেন, সুইজারল্যান্ড, নরওয়ে, সিঙ্গাপুর, নেদারল্যান্ডস, কানাডা, জার্মানি, লুক্সেমবুর্গ ও যুক্তরাজ্য।
আগের বছরের প্রতিবেদনে সোমালিয়ার সঙ্গে সবচেয়ে বাজে অবস্থানে ছিল উত্তর কোরিয়া। অন্যদিকে সবচেয়ে কম দুর্নীতির দেশ হিসেবে এককভাবে শীর্ষে ছিল ডেনমার্ক।
বিশ্ব ব্যাংক, আফ্রিকান উন্নয়ন ব্যাংক ও আইএমডি থেকে নেওয়া তথ্যের ভিত্তিতে টিআই দুর্নীতির এই ধারণাসূচক তৈরি করে বলে সংবাদ সম্মেলন থেকে জানানো হয়।
অন্যদের মধ্যে টিআইবির চেয়ারপারসন সুলতানা কামাল, ট্রাস্টি বোর্ডের সদস্য এম হাফিজউদ্দিন খান ও আলী ইমাম মজুমদার, উপ নির্বাহী পরিচালক সুমাইয়া খায়ের, পরিচালক (আউটরিচ অ্যান্ড কমিউনিকেশনস) রিজওয়ান উল আলম সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
