নীলসাগরের নতুন রূপ
নতুন বগি, নতুন ইঞ্জিন নিয়ে ঢাকা থেকে উত্তরের চিলাহাটির উদ্দেশ্যে ছেড়ে গেছে নীলসাগর এক্সপ্রেস।
মঙ্গলবার সকাল ৮টার পর ঢাকার ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশন থেকে উত্তরবঙ্গবাসীর জন্য এই ট্রেনের নবযাত্রার উদ্বোধন করেন রেলমন্ত্রী মুজিবুল হক।
১২টি বগিতে মোট ৮৫২টি আসন রয়েছে নতুন এই সংযোজনে।
রেলমন্ত্রী বলেন, বাংলাদেশ অনেক দূর এগিয়ে গেছে। বিদ্যুৎ সেবা, যোগাযোগ ব্যবস্থায় যেভাবে অগ্রগতি হয়েছে, একইভাবে এগিয়েছে রেলপথ।
তিনি জানান, তার হাতে রেলের দায়িত্ব আসার পর ২৭০টি কোচ যুক্ত হয়েছে বিভিন্ন গন্তব্যে।
সরকার রেলের আধুনিকায়নে নতুন নতুন প্রকল্প বাস্তবায়নে হাত দিচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, বিএনপি আমলে নজর না দেওয়ায় রেল যোগাযোগ ‘প্রায় বন্ধ হতে চলেছিল’।
রেলের লেভেল ক্রসিংগুলো সংস্কারের পরিকল্পনার কথা জানিয়ে মন্ত্রী বলেন, “প্রায় ছয়শ লেভেল ক্রসিং চিহ্নিত করা হয়েছে। এসব লেভেল ক্রসিংয়ে ১৮ শ’ লোক নিয়োগ দিয়ে রেলকে আরও নিরাপদ করা হবে।”
প্রায় চার বছর ধরে ঢাকা থেকে নীলফামারীর চিলাহাটির পথে চলাচল করছে নীলসাগর এক্সপ্রেস। এই রুটের নিয়মিত যাত্রীদের অনেকেই মঙ্গলবার সকালে স্টেশনে এসে চমকে ট্রেনের নতুন রূপ দেখে।
“সকালে ফুলে সাজানো নতুন ট্রেন দেখে বিশ্বাসই করতে পারছিলাম না। আমি আমার ছেলে আর স্ত্রী, আমরা খুবই আনন্দিত।”
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত উত্তরাঞ্চলের জনপ্রতিনিধি ও সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন, উত্তরবঙ্গের মানুষ প্রধানমন্ত্রী ও রেলমন্ত্রীর প্রতি কৃতজ্ঞ। যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন যে কোনো উন্নয়নের সঙ্গে খুবই প্রাসঙ্গিক।
নীলফামারী-১ আসনের (ডোমার-ডিমলা) সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকার ও ঠাকুরগাঁও-৩ আসনের সাংসদ মো. ইয়াসিন আলীও উপস্থিত ছিলেন অনুষ্ঠানে।
