২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পানি ব্যবস্থাপনায় প্রযুক্তি জরুরি: প্রধানমন্ত্রী

বাংলাদেশের পরিবর্তনশীল উৎপাদন ব্যবস্থার সঙ্গে সঙ্গতিপূর্ণ পানি ব্যবস্থাপনা গড়ে তুলতে প্রযুক্তির প্রয়োজনীয়তার কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রিয়াজুল বাশার

ডাভোস থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2017, 08:43 PM

Updated : 11 Oct 2022, 01:21 PM

সুইজারল্যান্ডের ডাভোস কংগ্রেস সেন্টারে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ৪৭তম বার্ষিক সভার এক অধিবেশনে বক্তব্যে একথা বলেন তিনি।

বুধবার সকালে ‘ওয়ার্ল্ড’স আন্ডারওয়াটার’ শিরোনামের ওই আলোচনায় শেখ হাসিনা বলেন, এই আলোচনায় জরুরি বিষয় হলো ‘ওয়াটার টেকনোলজি’।

এ প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশে স্বাদু পানির যে চাহিদা তার ৭০ শতাংশই কৃষিতে লাগে। ধান উৎপাদনে যে পানি লাগে তা অর্ধেকে নামিয়ে আনতে সমাধান খোঁজা হচ্ছে।

শেখ হাসিনা বলেন, বাংলাদেশের দ্রুত পরিবর্তনশীল অর্থনীতি এবং কৃষিতে রূপান্তরের মাধ্যমে এই খাতে পানির চাহিদা বাড়ছে। অন্যদিকে স্বাদু ও ভূগর্ভস্থ পানির উৎসগুলো ক্রমশ ক্ষয়ে আসছে।

এ কারণে উৎপাদন ও প্রক্রিয়াকরণের পুরো প্রক্রিয়ায় পানি সাশ্রয়ী ব্যবস্থাপনা গড়ে তুলতে ‘আমাদের আরও প্রযুক্তির ব্যবহারের সুযোগ দরকার’ বলে মন্তব্য করেন তিনি।   

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় কৃষিতে পানি সাশ্রয়ী এবং ভিন্ন পরিস্থিতি সামলে টিকে থাকতে সক্ষম প্রজাতি উদ্ভাবনের কথা বলেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, ২০৩০ সালের মধ্যে বাংলাদেশে ৪৮ শতাংশ মানুষ শহরে বাস করবে। সে কারণে আঞ্চলিক পর্যায়ে পানি ব্যবস্থাপনায় আরও গুরুত্ব দেওয়া হচ্ছে।

পানি নিয়ে যাদের বিশেষায়িত জ্ঞান রয়েছে এবং যারা অর্থ যোগান দেন তাদের সঙ্গে বাংলাদেশের স্থানীয় ও কমিউনিটি পর্যায়ে কর্মরতদের যে কোনো ধরনের অংশীদারিত্ব তৈরিতে সরকারের আগ্রহের কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী।    

সুষ্ঠু পানি ব্যবস্থাপনায় আন্তঃসীমান্ত উৎসগুলোর যথাযথ ব্যবহার, সামুদ্রিক পানির ব্যবহার এবং সব পক্ষের স্বার্থে সংশ্লিষ্টদের দায়িত্বশীল আচরণের কথা বলেন তিনি।

প্রায় অর্ধশত দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান এবং বিভিন্ন সংস্থার প্রধানদের অংশগ্রহণে মঙ্গলবার ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সভার কার্যক্রম উদ্বোধন হলেও বুধবারই শুরু হয়েছে মূল অধিবেশন।

এই প্রথম বাংলাদেশের কোনো নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা ‘ধনীদের আলোচনা সভা’  ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সভায় দেশের প্রতিনিধিত্ব করছেন।