২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দীর্ঘদিন কারাবন্দি চার নারীর জামিন প্রশ্নে আদেশ ২৬ জানুয়ারি

ঢাকা, জানুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চারটি হত্যা মামলায় সাত বছরের বেশি সময় ধরে কারাবন্দি চার নারীর জামিনের বিষয়ে আগামী ২৬ জানুয়ারি আদেশ দেবে আদালত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2017, 03:28 PM

Updated : 19 Aug 2022, 03:30 PM

ওই চার নারীকে সোমবার আদালতে হাজির করা হলে বিচারপতি ওবায়দুল হাসান ও কৃষ্ণা দেবনাথের হাই কোর্ট বেঞ্চ আদেশের এই দিন ঠিক করে দেন।

এর আগে গত বছরের ৩০ নভেম্বর সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটির প্যানেল আইনজীবী আইনুন নাহার সিদ্দিকা ওই চার নারীর দীর্ঘদিন ধরে কারাবন্দি থাকার বিষয়টি আদালতের নজরে আনলে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি জে বি এম হাসানের বেঞ্চ তাদের আদালতে হাজির করার নির্দেশ দেয়।

কাশিমপুর কেন্দ্রীয় মহিলা করাগারে বন্দি ওই চার নারীকে কেন জামিন দেওয়া হবে না- তা জানতে চেয়ে একটি রুলও দেয় হাই কোর্টের ওই বেঞ্চ।

আদালতের নির্দেশনা অনুসারে কাশিমপুর কারাগার কর্তৃপক্ষ সোমবার সকালে চার নারীকে হাই কোর্টে নিয়ে আসে। আইনজীবী আইনুন নাহার সিদ্দিকা তাদের মামলার নথি আদালতে উপস্থাপন করেন।

উন্মুক্ত আদালতে এক এক করে চার নারীকে ডেকে কথা বলেন বিচারকরা; কে কত বছর ধরে কারাগারে আছেন, মামলা চলছে কিনা- ইত্যাদি বিষয় জানতে চাওয়া হয় তাদের কাছে।   

এরপর ২৬ জানুয়ারি আদেশের দিন নির্ধারণ করে আদালত চার মামলার নথি সারাংশ করে জমা দিতে বলে লিগ্যাল এইডের আইনজীবীকে।

কারাবন্দি এই চার নারী হলেন, সুমি আক্তার রেশমা, শাহনাজ বেগম, রাজিয়া সুলতানা ও রাণী ওরফে নুপুর।

তাদের মধ্যে রাজিয়া সুলতানা, সুমি আক্তার, শাহনাজ বেগমের মামলা সাক্ষ্যগ্রহণ পর্যায়ে রয়েছে বলে জানান আইনজীবী আইনুন নাহার সিদ্দিকা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, রাজিয়া সুলতানার মামলায় ১১ জন সাক্ষ্য দিয়েছেন; শাহনাজ বেগমের মামলায় সাক্ষ্য দিয়েছেন ১৩ জন। এছাড়া সুমি আক্তারের মামলারও বিচার চলছে। তাই আদালত একে ‘বিনাবিচারে’ বলছেন না।

চার মামলা

>> নারায়ণগঞ্জের ফতুল্লা উপজেলার ধর্মগঞ্জের আশরাফ আলীর মেয়ে সুমি আক্তার রেশমা রাজধানীর শ্যামপুর থানার ২০০৮ সালের একটি হত্যা মামলায় ২০০৯ সালের ১৫ জানুয়ারি গ্রেপ্তার হন। তখন থেকেই তিনি কারাগারে।

ঢাকার মহানগর অতিরিক্ত দায়রা জজ আদালতে বিচারাধীন এ মামলায় ৫০ বার হাজির করা হয়েছে রেশমাকে। সর্বশেষ চলতি বছর ১৬ সেপ্টেম্বর তাকে হাজির করা হয়।

>> নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার ইলমদি গ্রামের আলম খালাসী মেয়ে শাহনাজ বেগম কারাগারে আছেন ২০০৮ সাল থেকে। ঢাকার দোহার থানার একটি হত্যা মামলায় ওই বছর ১৬ সেপ্টেম্বর থেকে গ্রেপ্তার করা হয়।

মামলাটি বর্তমানে ঢাকার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে বিচারাধীন। চলতি বছরের ১৬ সেপ্টেম্বর পর্যন্ত ৭৬ বার তাকে ওই আদালতে হাজির করা হলেও বিচার শেষ হয়নি। 

>> গাজীপুরের টঙ্গী থানার বেদে বহর এলাকার উকুল উদ্দিনের মেয়ে রাজিয়া সুলতানা তুরাগ থানার এক হত্যা মামলায় ২০০৯ সালের ২১ মে গ্রেপ্তার হন।

ঢাকা মহানগর অতিরিক্ত দায়রা জজ আদালতে বিচারাধীন এ মামলায় ৬০ বার তাকে হাজির করা হয়েছে। সর্বশেষ চলতি বছরের ৯ আগস্ট তাকে হাজির করা হয়।

>> রাণী ওরফে নুপুর ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার বোরকা নতুন বাজার গ্রামের চান মিয়ার মেয়ে। ঢাকার রমনা থানায় ২০০৯ সালে দায়ের হওয়া একটি হত্যা মামলায় ওই বছর ২১ নভেম্বর তাকে গ্রেপ্তার করা হয়।

ঢাকার বিশেষ জজ আদালতে বিচারাধীন এ মামলায় ৬৫ বার তাকে হাজির করা হয়েছে। সর্বশেষ চলতি বছরের ২১ আগস্ট তার হাজিরার দিন ছিল।