মিশরের সাবেক রাষ্ট্রদূতের গাড়ি আটক
ঢাকায় মিশরের সাবেক রাষ্ট্রদূত মাহমুদ ইজ্জতের নামে শুল্কমুক্ত সুবিধায় আনা গাড়ি শুল্ক কর পরিশোধ ছাড়া হস্তান্তরিত করায় সেটি আটক করেছেন শুল্ক গোয়েন্দারা।
রোববার বারিধারায় ‘ডিপ্লোমেটিক জোনের’ ১ নম্বর সড়কের ১১ নম্বরে এক ব্যবসায়ীর বাড়ি থেকে রেঞ্জ রোভার জিপ গাড়িটি আটক করা হয় বলে শুল্ক গোয়েন্দা পরিদপ্তরের মহাপরিচালক মইনুল খান জানিয়েছেন।
পরিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকায় সাবেক মিশরীয় রাষ্ট্রদূত মাহমুদ ইজ্জত ২০১৬ সালে কূটনীতিকদের জন্য শুল্কমুক্ত সুবিধায় আনা গাড়িটি অবৈধভাবে শুল্ককর পরিশোধ ছাড়াই হস্তান্তরিত হয়েছে। শুল্কমুক্ত সুবিধায় আনা গাড়িটি কাস্টমস কর্তৃপক্ষের কোনো প্রকার অনুমোদন ছাড়া ব্যক্তিগতভাবে দীর্ঘদিন ব্যবহৃত হয়ে আসছিল।
শুল্ক-করসহ প্রায় ছয় কোটি টাকা দামের গাড়িটি ইন্ট্রাকো গ্রুপ ও হোটেল আগ্রাবাদের ব্যবস্থাপনা পরিচালক হুদা আলী সেলিম ব্যবহার করছিলেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
