গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে উত্তরে জেঁকে বসেছে শীত
মেঘলা আবহাওয়া ও গুঁড়িগুঁড়ি বৃষ্টিতে শীতের তীব্রতা বেড়েছে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে। উত্তুরে হাওয়ায় ঢাকায়ও এসেছে কনকনে শীতের আমেজ।
উত্তরাঞ্চলে শীতের কারণে মাঠে নামতে পারেননি কৃষকরা। জনজীবনেও দেখা দিয়েছে স্থবিরতা।
মঙ্গলবার সকাল থেকেই উত্তর, উত্তরপূর্ব ও দক্ষিণপশ্চিমাঞ্চলের আকাশ ছিল মেঘলা। গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে রাজশাহী, রংপুর, যশোর, কুষ্টিয়া, ময়মনিসংহ ও সিলেট বিভাগের কোনো কোনো এলাকায়। এতে তাপমাত্রা কমে বেড়েছে শীতের তীব্রতা।
আবহাওয়া অধিদপ্তর বলছে, মঙ্গলবার সারাদেশে দিনের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। বুধবারও এ আবহাওয়া থাকবে।
এর পরই মেঘলা আবহাওয়া কেটে গিয়ে বৃহস্পতিবার থেকে উত্তর-পশ্চিমাঞ্চলে মৌসুমের তৃতীয় শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।
পৌষের ২৭ তারিখ মঙ্গলবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল শ্রীমঙ্গলে ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এসময় ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয় ১৪ ডিগ্রি সেলসিয়াস।
দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয় টেকনাফে ২৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়াবিদ আরিফ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পৌষের শেষ সপ্তাহে এসে দেশের বিভিন্ন এলাকায় আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকায় তাপমাত্রা কমছে। কোথাও কোথাও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হওয়ায় কনকনে শীত অনুভূত হচ্ছে।
“উত্তরাঞ্চলে মেঘলা আকাশে সূর্যের দেখা না মেলায় শীত অনুভূত হচ্ছে বেশি। বুধবারও তা অব্যাহত থাকবে। রাজধানীসহ অনেক এলাকায় উত্তুরে হাওয়া বাড়ায় শীতের তীব্রতা বাড়ছে। মেঘলা আবহাওয়া কেটে গিয়ে বৃহস্পতিবার থেকে উত্তর-পশ্চিাঞ্চলে আরেক দফা শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।”
ডিসেম্বরের প্রথমার্ধে প্রথম এবং জানুয়ারির ৭-৮ তারিখে দ্বিতীয় শৈত্যপ্রবাহ বয়ে যায় উত্তরাঞ্চলে। জানুয়ারির মাঝামাঝিতে মাঘ মাসের শুরুতে বরাবরই শীতের তীব্রতা বাড়ে বলে জানান আবহাওয়াবিদ আরিফ।
বাংলাদেশে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত শীত মৌসুম ধরা হয়। আবহাওয়া অধিদপ্তর জানুয়ারি পর্যন্ত যে গড় তাপমাত্রা রেকর্ড করেছে, তা গতবছরের একই সময়ের তুলনায় বেশি।
ঘূর্ণিঝড়ের প্রভাব ও জলবায়ু পরিবর্তনের কারণে এবার ডিসেম্বরের শুরু থেকেই উষ্ণতা ছিল স্বাভাবিকের তুলনায় বেশি। তবে মাঘ মাসে ‘বাঘ পালানো শীতের’ দেখা মিলতে পারে বলে আবহাওয়াবিদরা আভাস দিয়েছেন।
আবহাওয়া অধিদপ্তরের পরিচালক সামছুদ্দিন আহমেদ বলেন, জানুয়ারি মাসে দেশের উত্তর, উত্তর-পূর্বাঞ্চল, উত্তর-পশ্চিমাঞ্চল ও মধ্যাঞ্চলে একটি মাঝারি (৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস) অথবা তীব্র (৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস) এবং অন্যত্র দুয়েকটি মৃদু (৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস) থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।
রাজশাহীতে দুপুর পর্যন্ত বৃষ্টি
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের রাজশাহী প্রতিনিধি জানান, মঙ্গলবার ভোর থেকে শুরু হয়ে দুপুর পর্যন্ত থেমে থেমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়। মেঘলা আকাশে সূর্যেরও দেখা নেই। এতে ভোগান্তিতে পড়েন মানুষ।
রাজশাহীতে সকাল থেকে বেলা ১২টা পর্যন্ত এক দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে।
রাজশাহী আবহাওয়া অফিসের পর্যবেক্ষক আব্দুস সালাম জানান, রাজশাহীতে মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা বেশি হলেও বৃষ্টির কারণে ঠাণ্ডা বেশি অনুভূত হয়েছে।
নাটোরে জনজীবনে স্থবিরতা
নাটোর প্রতিনিধি জানান, দিনভর গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ও ঠাণ্ডা বাতাসে নাটোরে জনজীবন স্থবির হয়ে পড়েছে।
মঙ্গলবার ভোর থেকেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সঙ্গে কুয়াশায় আচ্ছন্ন ছিল চারপাশ। সারাদিনে সূর্যের দেখা মেলেনি।
শীত জেঁকে বসায় অনেকে ঘর থেকে বেরোননি। রাস্তায় যানবাহনের সংখ্যা ছিল হাতেগোনা। রাস্তা-ঘাট, হাট-বাজার ও অফিস-আদালতে লোকজনের উপস্থিতি ছিল কম।
শহরের ব্যস্ততম কানাইখালি, আলাইপুর ও স্টেশনবাজার এলাকায় দোকান খোলা থাকলেও ক্রেতার সমাগম ঘটেনি। অনেকে দুপুরের মধ্যে দোকান বন্ধ করে বাড়ি চলে যান।
কানাইখালি মসজিদ মার্কেটের মোবাইল ব্যবসায়ী জহুরুল ইসলাম বলেন, অন্য সময় কয়েকশ ক্রেতা এলেও বৈরী আবহওয়ায় এদিন পাঁচজন মানুষও তার দোকানে আসেনি।
এই আবহাওয়ায় চলনবিল এলাকায় ধান লাগাতে নামতে পারেননি চাষীরা।
সিংড়ার কোরবান আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শীতে বৃষ্টি সহ্য করা মুশকিল হচ্ছিল বলে মাঠে নামতে পারিনি। এ ধরনের আবহাওয়া চললে ধান লাগানো ব্যাহত হবে, চারাও নষ্ট হয়ে যাবে।”
