২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চারুকলায় চিত্রকর্মের দুই প্রদর্শনী

চিত্রকরদের কেউ অন্বেষণ করেছেন আবহমান বাংলার লোকজ চিত্র, আর কেউবা করতে চেয়েছেন সমকালীন রাজনৈতিক-সামাজিক প্রেক্ষাপটের স্বরূপ উন্মোচন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2017, 08:21 PM

Updated : 11 Oct 2022, 01:17 PM

দুটি ধারার এমন সব চিত্রকর্ম নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে চলছে দুটি প্রদর্শনী।

এর মধ্যে চারুকলার ৫০তম ব্যাচের শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি যৌথ চিত্রকর্ম প্রদর্শনীর পাশাপাশি রয়েছে চিত্রকর বলদেব অধিকারীর একক প্রদর্শনী ‘আবহমান বাংলা’।

সমকালীন নগরজীবনের জটিল ঘূর্ণাবর্ত, রাজনৈতিক মারপ্যাচ আর নারী জীবনের গল্পগাথা নিয়ে যৌথ চিত্রকর্মের প্রদর্শনীটি শুরু হয়েছে চারুকলার জয়নুল গ্যালারি-২ এ।

সোমবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক এই প্রদর্শনীর উদ্বোধন করেন।

উদ্বোধনীতে অধ্যাপক আরেফিন বলেন, “শিল্পীরা গণমানুষের রুচিবোধ তৈরিতে প্রয়াস করছেন। সংস্কৃতিমনস্কতা গড়ে তুলতে তারা উত্তরোত্তর সামনের দিকে এগিয়ে চলছেন।”

শিল্পীদের পক্ষে শামীম আকন্দ বলেন, “চারুকলা থেকে পাস করে যাওয়ার পরে আমরা নানা কাজে ব্যস্ত হয়ে পড়ি, নিয়মিত আকাআঁকি হয় না। এই প্রদর্শনী উপলক্ষে তারা আবার আঁকতে শুরু করেছে।”

অ্যাক্রেলিক, অয়েল পেইন্টিং, মিক্সড মিডিয়া, ওয়াটার কালার, ‘ড্রয়িং অন গ্লাস’ –মাধ্যমে আঁকা ২৩ জন শিল্পীর ৩৫টি ছবি ঠাঁই পেয়েছে এই প্রদর্শনীতে। 

ড্রয়িং অন গ্লাস মিডিয়ামে সিরিজ ছবি ‘ফাইট’ এঁকেছেন শিল্পী তাহসিনা হাফিজ লিসা।  সাদা গ্লাসের ক্যানভাসে রংয়ের কারিকুরিতে তিনি এঁকেছেন জীবনমৃত্যুর সন্ধিক্ষণ।

বাস্তব-পরাবাস্তবের সংযোগ নিয়ে এই ছবির মতো আরও বেশকিছু নিরীক্ষাধর্মী ছবির দেখা মিলবে এই প্রদর্শনীতে এসে।

শামীমের ছবির বিষয় পানি দূষণ। বর্জ্য ব্যবস্থাপনার বেহাল দশা, জলজ প্রাণীর মৃত্যুর গল্প উঠে এসেছে তার ছবিতে।

আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত চলবে এই প্রদর্শনী।

‘আবহমান বাংলা’

অ্যাক্রেলিক অন ক্যানভাসে আঁকা লোকজ মোটিফের ২৪টি ছবি নিয়ে জয়নুল গ্যালারি-১ এ চলছে ‘আবহমান বাংলা’ শিরোনামের একক চিত্রকর্ম প্রদর্শনী।

ঘর-গৃহস্থালী ও কৃষিজীবী-মৎসজীবী বাংলার রূপ আর বাঙালির সরল জীবনচিত্র শিল্পী বলদেবেরে ছবির প্রধান বিষয়। মানব জীবনে প্রকৃতিপ্রবাহের প্রভাব তার এ চিত্রকর্মগুলোকে দিয়েছে বিশেষ মাত্রা। লাল-নীল-হলুদ আর সবুজ রংয়ে গ্রামীণ জীবনের চিরায়ত গল্প বলতে চেয়েছেন তিনি।

নানা অনুভূতির তরঙ্গ দোলায় আন্দোলিত রহস্যসময় মানব-মানবীও হয়েছে শিল্পী বলদেবের ছবির বিষয়। কর্মব্যস্ত গ্রামীণ জীবন আর সম্পর্কের রহস্য জাল বিস্তৃত হয়েছে তার ক্যানভাসে।

বলদেব অধিকারী বলেন, “কৃষিভিত্তিক পারিপার্শ্বিক পরিবেশ, শ্রমজীবী মানুষের জীবন, তাদের আধ্যাত্মিক ভাবনার সুর ও বাণীকে আমি ক্যানভাসে ফুটিয়ে তুলতে চেষ্টা করেছি।”

রোববার শুরু হওয়া এই প্রদর্শনী চলবে ১৬ জানুয়ারি পর্যন্ত।