২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বহিষ্কৃত উত্তর কোরীয় কূটনীতিকের রোলস রয়েস গাড়ি জব্দ

বাংলাদেশ থেকে বহিষ্কৃত উত্তর কোরীয় কূটনীতিক হ্যান সন ইকের একটি ‘বিলাসবহুল’ একটি গাড়ি আটক করেছে শুল্ক গোয়েন্দা বিভাগের কর্মকর্তারা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2017, 08:10 PM

Updated : 19 Aug 2022, 03:25 PM

ঢাকায় উত্তর কোরিয়ার দূতাবাসের ফার্স্ট সেক্রটারি হিসাবে কর্মরত অবস্থায় ইক সিগারেট চোরাচালানের দায়ে তাকে গত বছরের অগাস্টে বাংলাদেশ থেকে বহিষ্কৃত হয়েছিলেন।

সোমবার রাজধানীর কমলাপুরের অভ্যন্তরীণ কন্টেইনার টার্মিনাল (আইসিডি) থেকে জব্দ দামী রোলস রয়েস ঘোস্ট মডেলের গাড়িটি মিথ্যা ঘোষণায় আনা হয়েছিল বলে জানিয়েছেন শুল্ক গোয়েন্দা বিভাগের মহাপরিচালক মইনুল খান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জব্দ গাড়িটি উত্তর কোরিয়ার বহিষ্কৃত কূটনীতিক হ্যান সন ইকের নামে আসে। আনুমানিক ৩০ কোটি টাকা বাজার মূল্যের এই গাড়ির শুল্ককর প্রায় ২২ কোটি টাকা।

মইনুল খান বলেন, দীর্ঘদিন ধরে নজরদারির এক পর্যায়ে সংশ্লিষ্ট সবার উপস্থিতিতে আইসিডি বন্দরে আনা কন্টেইনারটি খোলা হয়।

“গাড়িটি ২০১৫ সালের সিলভার কালারের ঘোস্ট মডেলের। এটি বিএমডব্লিউ এক্স ৫ হিসেবে ঘোষণা দেওয়া হয়েছিল। ছয় হাজার ৬০০ সিসির এই গাড়িটি অত্যন্ত বিলাসবহুল হিসেবে পরিচিত।”