২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবি প্রশাসনের সমালোচনায় ছাত্রলীগ নেতার হাতে লাঞ্ছিত শিক্ষক

এক ছাত্রলীগ নেতার হাতে লাঞ্ছিত হওয়ার পর বিভিন্নজনের সহমর্মিতায় কৃতজ্ঞতা জানালেও প্রশাসনের নীরবতার সমালোচনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ তানজিমউদ্দিন খান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2017, 01:02 AM

Updated : 11 Apr 2022, 10:46 PM

রোববার রাতে এক ফেইসবুক স্ট্যাটাসে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন, প্রক্টর অফিস ও শিক্ষক সমিতির নীরবতার সমালোচনার পাশাপাশি আসন্ন ডিন নির্বাচনের যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

তানজিমউদ্দিন খান লেখেন, “যারা পত্রিকার সংবাদটি দেখে আমাকে ফোন করেছেন, উদ্বেগ প্রকাশ করেছেন, সহমর্মিতা জানিয়েছেন, সাহস জুগিয়েছেন, তাদের সকলের কাছেই আমার কৃতজ্ঞতা। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিবেদকদের অসংখ্য ধন্যবাদ যাদের তৎপরতার কারণে সেই ছাত্রনেতা গত রাতে ফোনে তার ওই আচরণের জন্য ক্ষমা চেয়েছে এবং দুঃখ প্রকাশ করেছে।”

শনিবার দুপুরে আইবিএ ক্যান্টিনে বয়দের সঙ্গে দুর্ব্যবহারের প্রতিবাদ করায় তানজিমউদ্দিন খানকে লাঞ্ছিত করে ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি মনির হোসাইন।

পরবর্তীতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আবিদ আল হাসানের তৎপরতায় পরিস্থিতি শান্ত হয় বলে গণমাধ্যমের খবর।

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষক সমিতি ও প্রক্টরের কার্যালয় থেকে কেউ কিছু জানতে চাইনি জানিয়ে তানজিমউদ্দিন লিখেছেন, “এই নষ্ট সময়ে ও রকম কিছু আশাও করি না। তবে একজন শিক্ষার্থী যখন একজন শিক্ষকের সাথে এ রকম বাজে আচরণ করে তখন বুঝতে হবে প্রশাসনিক শিক্ষকদের আশকারা আর আশ্রয় ছাড়া এরা এই পর্যায়ে পৌঁছাতে পারে না।”

ছাত্রবান্ধব বিভিন্ন কর্মসূচিতে সক্রিয় এই বিশ্ববিদ্যালয় শিক্ষক ডিন নির্বাচনের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলে লিখেছেন, “এই ধরনের নির্বাচনে আর ভোট দেওয়ারও কোনো অর্থ নেই। একজন শিক্ষকের নিরাপত্তাহীনতা অন্য শিক্ষকদের নিরাপদ করে না।

“সময়ের সাথে সাথে কেউ না কেউ এই ধরনের অভিজ্ঞতার মধ্য দিয়ে যায় অথবা যাবে। অথবা এর চাইতে আরও তিক্ত অভিজ্ঞতাও হবে।”