২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোহাম্মদপুরে ডোবায় নিখোঁজ কিশোরের বস্তাবন্দি লাশ

রাজধানীর মোহাম্মদপুরের মেট্রো হাউজিংয়ের একটি ডোবা থেকে ছয়দিন আগে নিখোঁজ এক কিশোরের বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2017, 09:34 PM

Updated : 19 Aug 2022, 03:24 PM

রাশেদ খান (১৭) নামের ওই কিশোর রায়েরবাগ এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন। ওই এলাকায় তার বাবা মো. আমিন খানের খাবারের হোটেলে বসতেন তিনি।

গত ২ জানুয়ারি এক বন্ধুর বাড়ি যাওয়ার কথা বলে বাসা থেকে বেরিয়ে তিনি আর ফিরে আসেননি বলে মোহাম্মদপুর থানার ওসি জামাল উদ্দীন মীর জানান।

এই হত্যাকাণ্ডের জন্য রাশেদের এক মামাত বোনের স্বামীকে সন্দেহ করছে পরিবার।

ওসি জামাল বলেন, অনেক জায়গায় খোঁজাখুঁজি করেও রাশেদের কোনো সন্ধান না পেয়ে গত ৫ জানুয়ারি ছেলের নিখোঁজের কথা জানিয়ে একটি জিডি করেছিলেন আমিন খান।

সকালে মেট্রো হাউজিংয়ের ডোবায় একটি বস্তা দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়।

রাশেদের লাশ অর্ধগলিত অবস্থায় পাওয়া গেছে জানিয়ে মোহাম্মদপুর থানার এসআই মেজবা উদ্দিন বলেন, “তাই কীভাবে তাকে হত্যা করা হয়েছে তা বোঝা যাচ্ছে না।”

ময়নাতদন্তের জন্য রাশেদের লাশ নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজে। সেখানে মর্গের সামনে জাকির হোসেন নামে তার এক আত্মীয় সাংবাদিকদের বলেন, রাশেদকে বিদেশে পাঠানোর জন্য তার মামাতো বোনের স্বামী রাহাতকে সাড়ে তিন লাখ টাকা দেওয়া হয়েছিল।

এই হত্যাকাণ্ডের সঙ্গে রাহাত জড়িত বলে সন্দেহ করছেন তারা।

রাহাতসহ দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে মোহাম্মদপুরের ওসি জানিয়েছেন।

রাশেদের গ্রামের বাড়ি শরীয়তপুরের ঘোসাইরহাটের চরমনপুরায়। দুই ভাই ও তিন বোনের মধ্যে চতুর্থ ছিলেন তিনি।