২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাব্বির হত‌্যা: বসুন্ধরা চেয়ারম‌্যানকে আদালতে হাজির হতে নির্দেশ

হুমায়ুন কবীর সাব্বির হত্যার ঘটনা ধামাচাপা দিতে ২১ কোটি টাকার ঘুষ দেওয়ার মামলায় বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান শাহ আলমকে ডেকেছে আদালত।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2017, 08:53 PM

Updated : 19 Aug 2022, 03:24 PM

আগামী ৮ ফেব্রুয়ারি তার সঙ্গে দুই ছেলে সাফিয়াত সোবহান এবং সাদাত সোবহানকেও আদালতে হাজির হতে নির্দেশ দিয়েছেন ঢাকার ৩ নম্বর বিশেষ জজ আবু আহমেদ জমাদার।

প্রায় ৯ বছর আগে দায়ের করা এ মামলায় জামিনে থাকা এই তিন আসামিকে সাক্ষ্য গ্রহণ শুরুর আগে অভিযোগ পড়ে শোনাতে আদালতে হাজির হতে নির্দেশ দেওয়া হয় বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী জানিয়েছেন।

বসুন্ধরার কমিউনিকেশন্সের কর্মকর্তা সাব্বির ২০০৬ সালের ৪ জুলাই গুলশানের একটি অ্যাপার্টমেন্টে খুন হন। ৫ জুলাই তার লাশ উদ্ধারের পর ঘটনাটিকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করা হয়।

কিন্তু ঘটনা প্রকাশ হয়ে গেলে তা ধামাচাপা দেওয়ার চেষ্টায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে ২০ কোটি টাকা ঘুষ দেওয়ার অভিযোগ ওঠে।

এরপর ২০০৭ সালে বসুন্ধরা চেয়ারম‌্যান শাহ আলম, তার দুই ছেলে সানবির ও সাদাত, বসুন্ধরার সহযোগী প্রতিষ্ঠান ইস্টওয়েস্ট প্রপার্টি ডেভেলপমেন্টের পরিচালক আবু সুফিয়ানের বিরুদ্ধে মামলা করে দুদক।

মামলায় তারেক রহমান, তার ব্যক্তিগত সহকারী নূরউদ্দীন অপু, তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবার, সাবেক এমপি কাজী সালিমুল হক কামালকেও আসামি করা হয়।

ঢাকার ৩ নম্বর জজ আদালতের পেশকার আরিফুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মামলাটির উপর উচ্চ আদালতের স্থগিতাদেশ ছিল। তা বাতিল হয়ে বিচারের জন্য এ আদালতে মামলার নথিপত্র সম্প্রতি পাঠানো হয়।

Image
আদালতে আহমেদ আকবর সোবহান শাহ আলম (ফাইল ছবি)

আদালতে আহমেদ আকবর সোবহান শাহ আলম (ফাইল ছবি)

 

রাষ্ট্রপক্ষে দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল সাংবাদিকদের জানান, মামলাটিতে ২০০৮ সালের ১৪ জুলাই বাবরসহ আটজনের বিরুদ্ধে অভিযোগ গঠন হয়। অভিযোগ গঠনের সময় আসামি শাহ আলম ও তার দুই ছেলে পলাতক ছিলেন। পরে তারা আদালতে আত্মসমর্পণ করে জামিন নেন এবং ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি নেন। “জামিন নিলেও তাদের বিরুদ্ধে অভিযোগ পাঠ করে শোনাতে না পারায় সাক্ষ্য গ্রহণ শুরু করতে পারছে না। তাই তাদের অভিযোগ পাঠ করে শোনানোর জন্য আদালতে হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছে,” বলেন এই আইনজীবী।

এদিন মামলার অন‌্য আসামি লুৎফুজ্জামান বাবরকে আদালতে হাজির করা হয়।

অভিযোগপত্রে বলা হয়, সাব্বির হত্যার ঘটনা ধামাচাপা দিতে তারেক রহমান ও লুৎফুজ্জামান বাবরের সঙ্গে বাবরের বেইলি রোডের বাড়িতে শাহ আলমের বৈঠক হয়েছিল। এই হত্যার ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য তারেক ও বাবরের সঙ্গে শাহ আলমের ‘৫০ কোটি টাকার চুক্তি হয়’।

“চুক্তি অনুসারে শাহ আলমের কাছ থেকে বাবর ২১ কোটি টাকা নেন। এ টাকার মধ্যে বাবরের নির্দেশে বসুন্ধরা গ্রুপের পরিচালক আবু সুফিয়ান ২০০৬ সালের ২০ অগাস্ট হাওয়া ভবনে ১ কোটি টাকা তারেকের ব্যক্তিগত সহকারী অপুকে বুঝিয়ে দেন। বাবর ৫ কোটি টাকা আবু সুফিয়ানের মাধ্যমে নগদ গ্রহণ করে কাজী সালিমুল হক কামালের কাছে জমা রাখেন। বাকি ১৫ কোটি টাকা বাবরের নির্দেশে আবু সুফিয়ান প্রাইম ব্যাংকের বিভিন্ন শাখায় সালিমুল হক কামালকে ২০টি চেকের মাধ্যমে দেন।”