ছুটির দিনে রাজধানীতে শুরু ৪ প্রদর্শনী
ছুটির দিনে রাজধানীতে একযোগে শুরু হয়েছে চারটি প্রদর্শনী, যার প্রতিটির বিষয়বস্তু ও মাধ্যম ভিন্ন।
শুক্রবার রাজধানীর চারটি স্থানের চার গ্যালারিতে শুরু হয়েছে এসব প্রদর্শনী।
এর মধ্যে আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকার লা গ্যালারিতে প্রদর্শিত হচ্ছে ঢাকার মেট্রোরেলের স্টেশনের নকশা; ধানমন্ডির গ্যালারি টোয়েন্টি ওয়ানে শুরু হয়েছে ‘আর্ট কুইল্ট প্রদর্শনী।
এছাড়া ডেইলি স্টার-বেঙ্গল আর্টস প্রিসিঙ্কটে শুরু হয়েছে পারফরমেন্স আর্টের প্রদর্শনী। শিল্পকলা একাডেমিতে চলছে ইব্রাহীমের একক চিত্রকর্ম প্রদর্শনী।
ভিন্নধর্মী তিন প্রদর্শনীতেই গতকাল ছিল শিল্পরসিকদের ভিড়। ঘুরে ফিরে দেখছেন নতুন মাধ্যমের কাজগুলো।
বেঙ্গল ফাউন্ডেশনের ‘এফিমেরাল: পেরেনিয়াল’
মেট্রোরেলের নকশা নিয়ে প্রদর্শনী
রাজধানীর ডেইলি স্টার-বেঙ্গল আর্টস প্রিসিঙ্কটে শুরু হয়েছে বেঙ্গল ফাউন্ডেশনের ভিস্যুয়াল আর্ট বিভাগ আয়োজিত ‘এফিমেরাল: পেরেনিয়াল’ শীর্ষক প্রদর্শনী।
প্রদর্শনীর উদ্বোধন করেন শিল্প সমালোচক আবুল মনসুর।
ডিসেম্বরের শেষ সপ্তাহে অনুষ্ঠিত পারফরম্যান্স আর্ট সপ্তাহের ধারাবাহিকতায় আয়োজন করা হয়েছে এই প্রদর্শনীটি। প্রদর্শনীটি যৌথভাবে কিউরেট করেছেন শিল্পী মাহবুবুর রহমান ও তানজীম ওয়াহাব।
পারফরম্যান্স আর্ট সপ্তাহে অংশ নেওয়া শিল্পীরা হলেন- পলাশ ভট্টাচার্য, জয়দেব রওজা, জুয়েল এ রব, হাসনা হেনা পরশ, সরকার নাসরীন টুনটুন, নাজিয়া আন্দালীব প্রিমা, অর্পিতা সিংহ লোপা, ইফাত রেজওয়ানা রিয়া, সনদ কুমার বিশ্বাস, সুমনা আক্তার, ঋতু সাত্তার, নীলুফার চমন, ওয়ালী জাফ, মেহেরুন আক্তার, অতীশ সাহা, ইমরান সোহেল, আফসানা শারমীন, ফারাহ নাজ মুন, সঞ্জয় চক্রবর্তী ও অসীম হালদার সাগর।
শিল্পীদের পারফরম্যান্সের স্থিরচিত্র, ভিডিও এবং ব্যবহৃত বস্তু প্রদর্শনীর মূল বিষয়বস্তু। প্রদর্শনী চলবে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত একই সঙ্গে দুইটি ভেন্যুতে জ্ঞানতাপস আব্দুর রাজ্জাক বিদ্যাপীঠ ও ডেইলি স্টার-বেঙ্গল আর্টস প্রিসিঙ্কটে।
আলিয়ঁস ফ্রঁসেজে মেট্রোরেল
বিশ্বের সম্ভাবনাময় শহরগুলোর একটি ঢাকা। আয়তনে ছোট, জনসংখ্যায় বৃহৎ এ শহরে শুরু হচ্ছে মেট্রোরেল নির্মাণের কাজ। সরকারি নথি থেকে জানা যায়, ২০২৩ সালের মধ্যেই এর প্রথম নির্মাণ পর্ব শেষ হবে।
শহরের বুক চিড়ে বের হয়ে যাওয়া মেট্রোরেলের লাইন কিংবা স্টেশনগুলোর নকশা কেমন হবে- এসব নিয়ে ভেবেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) স্থাপত্য বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থীরা।
সরকারের চলতি প্রকল্পের ৪টি স্থানের (ফার্মগেট, মতিঝিল, মিরপুর, শাহবাগ) স্টেশন নিয়ে কাজ করে শিক্ষার্থীরা। যার এক ঝলক নিয়ে আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকার লা গ্যালারিতে শুরু হয়েছে বিশেষ প্রদর্শনী ‘লাইফ লাইন ফর ঢাকা’, যার আয়োজন করেছে বুয়েটের স্থাপত্য বিভাগ।
প্রদর্শনীর উদ্বোধন করেন ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের পরিচালক মো. কায়কোবাদ। আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকার পরিচালক ব্রুনো প্লাস অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
আয়োজকরা জানান, মেট্রোরেলের মত একটি প্রকল্প যেমন সম্ভাবনার দুয়ার খুলে দিতে পারে হাজারো নগরবাসীর জন্য, তেমনি সেটা শহরের সার্বিক অবস্থা এবং নগরবাসীর চাহিদাগুলো মাথায় রেখে না করা হলে পুরো উদ্যোগটিই ব্যর্থ হয়ে যেতে পারে। এ প্রদর্শনীর মধ্য দিয়ে এ বিষয়টি সবার সামনে উপস্থাপন করা হয়েছে।
গ্যালারি টোয়েন্টি ওয়ানে উদ্বোধন হয় ‘কালারস ইন কুইল্ট’ শিরোনামের প্রদর্শনী
প্রদর্শনীটি চলবে ১০ জানুয়ারি পর্যন্ত। সমাপনী দিনে প্রধান অতিথি থাকবেন সড়ক পরিবহন ও সেতু সচিব এম এ এন সিদ্দিক।
প্রদর্শনী সোমবার থেকে বৃহস্পতিবার বিকাল ৩টা থেকে রাত ৯টা এবং শুক্রবার ও শনিবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা এবং বিকাল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে। রোববার সাপ্তাহিক বন্ধ।
গ্যালারি টোয়েন্টি ওয়ানে ‘কালারস ইন কুইল্ট’
যুক্তরাষ্ট্রে কুইল্ট খুবই জনপ্রিয়। লেপ আর কাঁথার মাঝামাঝি অবস্থানের এ শীতবস্ত্র গৃহসজ্জা, বিছানার চাদরের কাভার হিসেবে বেশ সমাদৃত যুক্তরাষ্ট্রে। সেখানে গিয়েই নতুন এ শিল্পধারার সঙ্গে পরিচিত হন শিল্পী জাহান আফরোজ।
গ্যালারি টোয়েন্টিওয়ান ও আর্টকন যৌথভাবে আয়োজন করেছে ‘কালারস ইন কুইল্ট’ শীর্ষক ১২ দিনব্যাপী প্রদর্শনী। সেখানে কুইল্টগুলোকে চিত্রকর্ম হিসেবেই উপস্থাপন করা হচ্ছে।
শুক্রবার বিকালে যৌথভাবে এ প্রদর্শনীর উদ্বোধন করেন লেখক ও অনুবাদক ড. ফকরুল আলম, মানবাধিকার কর্মী সুলতানা কামাল, শিল্পী শহীদ কবির এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক আহমেদ রেজা।
উদ্বোধনী আনুষ্ঠানে সভাপতিত্ব করেন গ্যালারি টোয়েন্টি ওয়ানের কর্ণধার সিমিন হোসেন রিমি।
শিল্পী জাহান আফরোজ মূলত জলরংয়ে ছবি আঁকেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে পাঠগ্রহণ শেষে এখন যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে বাস করেন। সেখানেই কুইল্ট সম্পর্কে তার প্রশিক্ষণ।
শিল্পী জানান, তার কাছে প্রকৃতি হলো রোমাঞ্চের হাতছানি। রূপ, রস, বর্ণ, গন্ধে অনন্য এই প্রকৃতি। রং আর রেখার বুননে তিনি যে ধ্রুব সত্য সবাইকে জানাতে চান তার অর্থ একটাই, প্রকৃতির মাঝেই আছে মুক্তি, আছে বিস্ময়।
প্রদর্শনীতে যুক্তরাষ্ট্রে করা ১৮টি আর্ট কুইল্ট প্রদর্শিত হচ্ছে।
প্রদর্শনী চলবে ১৫ জানুয়ারি পর্যন্ত প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত।
শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালায় শুরু হয়েছে চিত্র প্রদর্শনী।
শিল্পকলায় চিত্র প্রদর্শনী
শিল্পকলা একাডেমির উদ্যোগে চারুকলা বিভাগের ব্যবস্থাপনায় একাডেমির জাতীয় চিত্রশালা ভবনের ৬ নম্বর গ্যালারিতে আয়োজন করা হয়েছে ইব্রাহিমের চতুর্থ একক চিত্র প্রদর্শনী।
শুক্রবার বিকাল ৫টায় একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে প্রদর্শনীর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম।
প্রদর্শনীতে স্থান পেয়েছে শিল্পীর আঁকা অ্যাক্রেলিক অন ক্যানভাস, অ্যাক্রেলিক অন পেপারস, অয়েল অন পেপারস, পেন অ্যান্ড ইন্ক পেপারস, মিক্সড মিডিয়া ও এয়ার ব্রাশ এর ৯৭টি শিল্পকর্ম।
প্রদর্শনী প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা এবং শুক্রবার বেলা ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে।
