প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় এমপি লিটন হত্যাকাণ্ড
সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনের বৈঠকখানায় ঢোকার কয়েক ঘণ্টা আগেই তার বাড়ির সামনে পাঁচ যুবক ঘোরাফেরা করছিলেন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
তারা বলেছেন, হামলাকারীরা খুনের আগে এই সংসদ সদস্যের সঙ্গে কথাও বলেছিলেন। এরপর দুজন বৈঠকখানায় ঢোকেন, অন্য তিনজন বাইরে ছিলেন।
শনিবার সন্ধ্যায় ওই দুই যুবক ঢোকার কিছুক্ষণের মধ্যেই গুলির আওয়াজ পাওয়া যায়। এরপর ওই পাঁচ যুবক দ্রুত মোটর সাইকেলে চেপে পালিয়ে যায়।
গাড়ি নিয়ে তাদের পিছু ছুটলেও পথে হারিয়ে ফেলেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান লিটনের গাড়িচালক ফোরকান মিয়া।
প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুসারে ওই যুবকদের পরনে ছিল কালো রঙের প্যান্ট ও জ্যাকেট এবং পায়ে কালো জুতা। তাদের একজনের ফ্রেঞ্চকাট দাড়ি ছিল।
গাইবান্ধা-১ আসনের (সুন্দরগঞ্জ) সংসদ সদস্য লিটনকে কারা হত্যা করেছে, সে বিষয়ে এখনও নিশ্চিত করে কিছু বলতে পারেনি পুলিশ।
লিটনের দল আওয়ামী লীগের নেতারা এই হত্যাকাণ্ডের পেছনে জামায়াতে ইসলামীকে সন্দেহ করলেও দলটি তা অস্বীকার করে পাল্টা অভিযোগ করেছে, প্রকৃত খুনিদের আড়াল করতেই তাদের উপর দোষ চাপানো হচ্ছে।
হত্যাকাণ্ডের পর সন্দেহভাজন ১৮ জনকে গ্রেপ্তারের কথা স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন জানালেও তাদের নাম প্রকাশ করা হয়নি। তবে তিনি আশাবাদী, শিগগিরই খুনি শনাক্ত করা যাবে।
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার সর্বানন্দ ইউনিয়নে শাহাবাজ গ্রামের মাস্টারপাড়ায় বামনডাঙ্গা-নলডাঙ্গা সড়কের পাশে লিটনের বাড়ি। ৪৮ বছর বয়সী লিটন এবারই প্রথম সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
হত্যাকাণ্ডের পরদিন রোববার লিটনের বাড়িতে পুলিশ ও গ্রামবাসীর ভিড় দেখা যায়। তবে একদিন আগে হামলার সময় বাড়িটিতে খুনিরা বাদে ঘরের বাইরের অন্য কেউ ছিলেন না।
গাইবান্ধার সুন্দরগঞ্জের শাহাবাজ এলাকার এই বাড়িতেই গুলি করা হয় এমপি মঞ্জুরুল ইসলাম লিটনকে
গৃহকর্মী ইউসুফ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবার সন্ধ্যায় এমপি লিটন ছাড়া বাড়িতে ছিলেন তার স্ত্রী খুরশিদ জাহান স্মৃতি, শ্যালক বেতার, ভাগ্নি সামু ও বড় চাচী স্মৃতি বেগম।
ইউসুফের সঙ্গে গৃহকর্মী সাজেদুল, ইমান হোসেন, রোকসানা, বিলকিস, জাবেদের মাও বাড়িতে ছিলেন। আরেক গৃহকর্মী সুনেন্দ্র গিয়েছিলেন বাজারে মুরগি আনতে।
গৃহকর্মী সাজেদুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রতিদিন স্যারের কাছে ২০/২৫ জন লোক বসা থাকেন। কিন্তু গতকাল সন্ধ্যায় কোনো লোকজন ছিল না।”
গৃহকর্মী ইউসুফ বলেন, চিকিৎসার জন্য সাহায্যপ্রার্থী দুজন বিকালে এসেছিলেন এই সংসদ সদস্যের কাছে। এরমধ্যে এসেছিলেন এমপির স্ত্রী সৈয়দা খুরশিদ জাহান স্মৃতির পরিচিত একজন। তাকে একটি কম্বল দেওয়া হলে তিনি চলে যান। সন্ধ্যার আগে আর কেউ আসেনি।
তাদের ঘোরাফেরা ছিল বিকাল থেকে
এমপির বাড়ির সামনের ছোট মাঠে এলাকার শিশু-কিশোররা খেলা করে। শনিবার বিকালেও ১০/১২ জন কিশোর ক্রিকেট খেলছিল এবং বাড়ির সামনে চেয়ারে বসে লিটন সেই খেলা দেখছিলেন।
খেলার সময়ই বিকাল ৪টা থেকে দুটি মোটর সাইকেলে আসা পাঁচ যুবককে আশপাশে ঘোরাফেরা করতে দেখে ওই কিশোরের দল।
এমপি মঞ্জুরুল ইসলাম লিটনের বাড়ির সামনের এই মাঠেই খেলছিল শিশু-কিশোররা
তাদের একজন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সন্ধ্যার আগে তাদের খেলা যখন শেষ হব হব করছে, তখন দুই যুবক গিয়ে এমপি লিটনের সঙ্গে কথা বলেন।
“দুজন মোটর সাইকেল থেকে নেমে এমপি সাহেবের সাথে কথা বলেন। এমপি সাবেক তাদের বৈঠকখানায় বসতে বলেন। তারা মাঠে কথা বলে চলে যাওয়ার তাড়া দিচ্ছিল। কিন্তু এমপি সাহেব বলেন- ‘সন্ধ্যা হয়েছে বৈঠকখানায় চলেন’। এরপর তারা বৈঠকখানায় চলে যান।”
ওই সময় বাইরে মোটর সাইকেলের সঙ্গে থাকা তিনজন খেলা শেষ করে ওই কিশোরদের বাড়ি ফেরার তাড়া দেন।
“বাড়ির দিকে রওনা হওয়ার পরপরই গুলির শব্দ শুনি,” বলে ওই কিশোর।
গৃহকর্মীকে সরাতে পানের ছল
গৃহকর্মী সাজেদুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সুনেন্দ্রকে খুজতে গিয়ে না পেয়ে বাড়ি ফিরে দেখি, স্যারের সাথে দুই যুবক বৈঠকখানায় বসে আছে। আমি সেখানে গেলে ওই লোকজন আমাকে পান আনতে বলে। আমি বাড়ির পাশে এক দোকান থেকে পান নিয়ে ফেরার পথে গুলির শব্দ শুনতে পাই।”
মঞ্জুরুল ইসলামের গৃহকর্মী সাজেদুল
প্রত্যক্ষদর্শী কয়েকজনকে উদ্ধৃত করে এক পুলিশ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সন্ধ্যা ৫টা ৪০ মিনিটের দিকে ওই দুজনের সঙ্গে কথা বলার জন্য এমপি বাইরের বৈঠক খানায় যখন ঢোকেন তখন তার স্ত্রী ও শ্যালকও ছিলেন তার সঙ্গে। কিন্তু ওই যুবকদের একজন ‘স্যারের সাথে আমরা প্রাইভেট কথা বলতে চাই’ বলার পর স্ত্রী ও শ্যালক পাশের ঘরে চলে যান। কিছুক্ষণের মধ্যে গুলির শব্দ শুনতে পেয়ে ছুটে এসে লিটনকে গুলিবিদ্ধ অবস্থায় পান তারা।
গুলি করেই দৌড়
গৃহকর্মী ইউসুফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মাগরিবের নামাজ শেষ হয়েছে মাত্র ঠিক ওই সময়ে বাড়ির ভেতরের আঙিনায় থাকা অবস্থায় তিনটি গুলির আওয়াজ পান তিনি।
“আমি দৌড় দিয়ে বাড়ির সামনে আসি। দেখি বাড়ির সামনের গাব গাছ তলায় একটি মোটর সাইকেল ও গাড়ি গ্যারেজের কাছে আরেকটি মোটর সাইকেল স্টার্ট দিয়ে দুজন বসে আছে। গ্যারেজের কাছে থাকা মোটর সাইকেলে একজন দৌড়ে উঠল, গাব গাছ তলায় দাঁড়ানো মোটর সাইকেলটিতে দৌড়ে এসে চড়ল দুজন।”
এমপি মঞ্জুরুল ইসলামের গৃহকর্মী ইউসুফ আলী
তখন ধাওয়া করলে পেছনের মোটর সাইকেলে বসা একজন গুলি ছোড়ে বলে ইউসুফ জানান।
“আমি তখন আড়ালে যাই, তারা ফাঁকা গুলি করে দ্রুত পালিয়ে যায়।”
লিটনকে সঙ্গে সঙ্গে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছিল। কিন্তু তাকে বাঁচানো যায়নি। চিকিৎসকরা জানান, লিটনের বুকের বাম দিকে দুটো এবং বাম হাতে একটি গুলি লেগেছিল।
পিছু নিয়েও বিফল
এমপি লিটনের গাড়িচালক ফোরকান মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তিনি গাড়ি নিয়ে খুনিদের পিছু নিয়েছিলেন।
“টেকানির মোড় চৌরাস্তা পর্যন্ত গিয়ে আর খেয়াল করতে পারিনি, তারা কোন দিকে গেল।”
মৃত্যুর খবরে এমপি মঞ্জুরুল ইসলাম লিটনের স্ত্রী ও স্বজনদের আহাজারি
এদিকে গাড়ি না থাকায় গুলিবিদ্ধ লিটনকে মোটর সাইকেলে চাপিয়ে হাসপাতালে রওনা হয় স্থানীয়রা। পথে ফোরকান মিয়া গাড়িতে তুলে নেন আহত সংসদ সদস্যকে।
ফোরকান জানান, মোটর সাইকেলের পাঁচজনের পরনে কালো প্যান্ট, কালো জ্যাকেট ও পায়ে কালো জুতা ছিল।
গুলি কারা করেছে
এমপি লিটনের সঙ্গে যে দুজন ভেতরে ঢুকেছিলেন, তারাই গুলি করেছিলেন, না কি বাইরে থাকা তিনজনের কেউ গুলি করেন- তা নিয়ে প্রত্যক্ষদর্শীদের মধ্যে মতভেদ দেখা গেছে।
গৃহকর্মী ইউসুফ বলেন, “বাইরে থাকা যুবকরা স্যারকে জানালা ও দরজা দিয়ে গুলি করেছে।”
মঞ্জুরুল ইসলাম লিটনের লাশ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে
কেন এমনটা মনে করছেন- জানতে চাইলে তিনি বলেন, “আমরা ভিতরের আঙিনায় একটি গুলির আগুন দেখেছি। দরজা থেকে গুলি করার কারণে তা ভিতর দরজা দিয়ে বের হয়ে আঙিনায় চলে আসে।”
তবে ক্রিকেট খেলারত দুই কিশোর জানান, বৈঠকখানায় দুই যুবক ঢোকার পর বাইরে থাকা তিনজনের একজনকে মোটর সাইকেলের উপর বসা এবং অন্য দুজনকে পায়চারী করতে দেখেছেন তারা।
পুলিশ কর্মকর্তারা জানান, এমপি লিটনের বৈঠকখানা থেকে ৪ রাউন্ড গুলির খোসা ও ২টি ফায়ার্ড বুলেট উদ্ধার করা হয়েছে। এই ফায়ার্ড বুলেট দুটিই এমপির দেহ ভেদ করে বেরিয়ে এসেছিল বলে ধারণা করা হচ্ছে।
তদন্তে নানা বিষয়
পুলিশ কর্মকর্তারা জানান, পাঁচটি সম্ভাব্য বিষয়ের উপর বিশেষ গুরুত্ব দিয়ে তারা তদন্ত চালাচ্ছেন। বিষয়গুলো হলো- জেএমবি ও জঙ্গিদের পরিকল্পিত হত্যাকাণ্ড, জামায়াত-শিবির চক্রের হামলা, রাজনৈতিক প্রতিপক্ষ, পারিবারিক শত্রুতা এবং সর্বশেষ জেলা পরিষদ নির্বাচন।
খুনিদের কী পরিকল্পনা ছিল, তা বের করতে অনুসন্ধান চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
“এইটা তাদের একটি পরিকল্পনা ছিল কি না বা এর মাধ্যমে তারা পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে কি না, সেটা আমরা খতিয়ে দেখছি। সবকিছু লক্ষ রেখেই আমরা কাজ করছি।”
রোববার রাতে থানায় একটি মামলা করেন নিহত এমপির ছোট বোন মোছা. ফাহমিদা বুলবুল কাকলি। মামলায় অজ্ঞাতনামাদের আসামি করা হয়েছে বলে সুন্দরগঞ্জ থানার ওসি আতিয়ার রহমান জানিয়েছেন।
মঞ্জুরুল ইসলাম লিটন (ফাইল ছবি)
নিজ এলাকায় এক শিশুকে গুলি করে দেশজুড়ে সমালোচিত হওয়ার এক বছরের মধ্যে নিজেই গুলিতে প্রাণ হারালেন লিটন। শিশু শাহাদাত হোসেন সৌরভকে গুলি করার মামলায় গত বছর গ্রেপ্তার হয়ে কিছুদিন কারাগারে থেকে জামিনে ছাড়া পান তিনি।
তবে এই হত্যাকাণ্ডের পর সৌরভ এক প্রতিক্রিয়ায় বলেছে, তাকে গুলি করার জন্য এমপি লিটনের শাস্তি চাইলেও তার এমন মৃত্যু চায়নি সে।
