২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাইপে শিশু জিহাদের মৃত্যুর মামলায় সাক্ষ‌্যগ্রহণ শেষ

রাজধানীর শাহজাহানপুরে রেলের পরিত‌্যক্ত নলকূপের পাইপে পরে শিশু জিহাদের মৃত‌্যুর মামলাটিতে বিচার শুরুর আড়াই মাসের মধ‌্যে শেষ হয়েছে সাক্ষ‌্যগ্রহণ।   

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2016, 10:26 PM

Updated : 20 Aug 2022, 02:36 PM

আলোচিত এই মামলায় বৃহস্পতিবার রাষ্ট্রপক্ষে সাক্ষ‌্যগ্রহণ শেষ হওয়ার পর ঢাকার ৫ নম্বর বিশেষ জজ আখতারুজ্জামান যুক্তি উপস্থাপনের জন্য ১০ জানুয়ারি দিন ঠিক করেছেন।

অবহেলাজনিত মৃত‌্যুর এই মামলায় গত ১৮ অক্টোবর ছয় আসামির বিচার শুরু হয়েছিল। দণ্ডবিধির ৩০৪ (ক) ধারার এই মামলায় অভিযোগ প্রমাণিত হলে আসামিদের সর্বোচ্চ শাস্তি ৫ বছরের কারাদণ্ড।

বৃহস্পতিবার মামলার সাফাই সাক্ষী দেওয়ার দিন ধার্য ছিল। তবে আসামিপক্ষের আইনজীবীরা আর সাফাই সাক্ষী দেবেন না বলে আদালতে জানান।

মামলায় রাষ্ট্রপক্ষে ২৭ সাক্ষীর মধ্যে ১৩ জন আদালতে সাক্ষ্য দেন। এর মধ্যে সাফাই সাক্ষ্য দেন তিনজন।

আসামিদের পক্ষে সাক্ষ্য দেন রেলওয়ের ঢাকার বিভাগীয় প্রকৌশলী হামিদুর রহমান, রেলপথ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মাসুদ করিম এবং রেলওয়ের পরিচালক (প্রকৌশল) আব্দুল হক।

মামলায় আসামিরা হলেন- ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স এসআর হাউজের মালিক মো. শফিকুল ইসলাম ওরফে আব্দুস সালাম, বাংলাদেশ রেলওয়ের সিনিয়র সাব অ্যাসিটেন্ট ইঞ্জিনিয়ার (নলকূপ পরিদর্শন) মো. জাহাঙ্গীর আলম, কমলাপুর রেলওয়ের সহকারী প্রকৌশলী মো. নাসির উদ্দিন, ইলেকট্রিক ইঞ্জিনিয়ার আবু আহমেদ শাকি, সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) দীপক কুমার ভৌমিক এবং সহকারী প্রকৌশলী-২ মো. সাইফুল ইসলাম।

আসামিদের জামিন পাওয়ার দিন থেকেই বাদী অর্থাৎ জিহাদের বাবা মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজের নৈশ প্রহরী নাসির উদ্দিন ফকিরের বিরুদ্ধে আসামিদের সঙ্গে আপসের অভিযোগ ওঠে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী শওকত আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তিনি বাদী হিসাবে আসামিদের পক্ষ নিয়ে সাক্ষ্য দেওয়ার চেষ্টা করলে তা আমাদের চাপে বানচাল হয়ে যায়। এখনও তিনি সে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।”

Image
জিহাদের বাবা নাসির ফকির

জিহাদের বাবা নাসির ফকির

এনিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের পক্ষ থেকে নাসিরের সঙ্গে কথা বলতে চাইলে তিনি এড়িয়ে যান।

শরীয়তপুরে নাসির ফকির শাহজাহানপুর রেল কলোনিতে পরিবার নিয়ে থাকতেন। তার কাছেই পরিত‌্যক্ত নলকূপের ওই পাইপে ২০১৪ সালের ২৬ ডিসেম্বর খেলার সময় পড়ে যায় চার বছরের জিহাদ।

তাকে উদ্ধারে ফায়ার সার্ভিস সফল না না হওয়ার পর ঘটনার সত‌্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

তখন পুলিশ জিহাদের বাবাসহ স্বজনদের আটক করে জিজ্ঞাসাবাদও করেছিল। তা নিয়ে ব‌্যাপক সমালোচনার মধ‌্যে ২৩ ঘণ্টা পর স্থানীয় কয়েক তরুণের প্রচেষ্টায় ১৪ ইঞ্চি ব্যাসের ওই পাইপের নিচ থেকে জিহাদের লাশ তুলে আনা হয়।

এ ঘটনায় জিহাদের বাবা নাসির ফকির বাদী হয়ে শাহজাহানপুর থানায় একটি মামলা করেন।

তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক মো. মিজানুর রহমান চলতি বছরের ৩১ মার্চ ছয় আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন। গত ৪ অক্টোবর ছয় আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন হয়।

পুরনো খবর:

সেই পাইপেই পাওয়া গেল মৃত জিহাদকে
পাইপে জিহাদের মৃত‌্যু: ৬ আসামির বিচার শুরুর আদেশ
আদালতে কাঁদলেন জিহাদের বাবা