২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জোহরার ঘর, আ. লীগের অফিস সবই উচ্ছেদ হল

ঢাকার তেজগাঁও শিল্পাঞ্চলে সড়কের দুপাশে প্রায় দুইশ অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2016, 07:22 PM

Updated : 11 Oct 2022, 09:31 PM

বৃহস্পতিবার প্রায় দুই ঘণ্টা ধরে এই অভিযানে জোহরা বেগম নামে এক সম্বলহীন নারীর ছাপড়া যেমন ভাঙা পড়েছে, তেমনি ভাঙা হয়েছে ফুটপাত দখল করে বানানো ওয়ার্ড আওয়ামী লীগের একটি ইউনিট অফিস।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাজিদ আনোয়ার ও মাসুম আলী বেগের নেতৃত্বে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ওই সড়কে অভিযান শুরু হয়।

উত্তর সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ শরীফ উদ্দিনসহ করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীরাও এ সময় উপস্থিত ছিলেন।

শুরুতে রাস্তার দুপাশের ফুটপাত এবং পাশের বেশকিছু কাঁচাপাকা স্থাপনা ভেঙে দেওয়া হয়। তবে সে সময় ২৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের ১ নম্বর ইউনিট অফিস না ভেঙে সামনের দিকে এগিয়ে যান সিটি করপোরেশনের কর্মকর্তারা।

আরও কিছু স্থাপনা ভেঙে বেলা সাড়ে ১২ দিকে ফেরার পথে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাজিদ আনোয়ার।

তিনি বলেন, তেজগাঁও এলাকা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদের অংশ হিসেবেই এ অভিযান। গত দুদিনে এ এলাকার প্রায় ৫০০ স্থায়ী-অস্থায়ী অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে বলে জানান এই ম‌্যাজিস্ট্রেট।

তিনি বলেন, “তেজগাঁও থেকে মগবাজার পর্যন্ত আমাদের একটা মেগা প্রজেক্ট আছে। সে প্রকল্পের কাজ করার জন্য এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।”

সাংবাদিকরা এ সময় আওয়ামী লীগ কার্যালয় না ভাঙার কারণ জানতে চাইলে ম্যাজিস্ট্রেট বলেন সেটাও ভাঙা হবে।

সাংবাদিকদের সঙ্গে কথা শেষ করে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হকের সঙ্গে মোবাইল ফোনে কথা বলেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ শরীফ উদ্দিন ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদ আনোয়ার। স্থানীয় কাউন্সিলর শফিউল্লাহ শফির সঙ্গেও ফোনে কথা বলেন তারা।

মোবাইলে কথা বলা শেষ করে বেশ কিছু দূর চলে যাওয়া পে-লোডার ও বুলডোজারগুলো ডেকে পাঠান নির্বাহী ম্যাজিস্ট্রেট। সেগুলো ফিরে এলে বেলা ১টার দিকে আওয়ামী লীগের ওয়ার্ড কার্যালয়টি গুঁড়িয়ে দেওয়া হয়।

তার আগে ওই কার্যালয় থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি, ওয়ার্ড কার্যালয়ের সাইনবোর্ড ও জাতীয় পতাকা সরিয়ে নেন সেখানে থাকা লোকজন।

অবৈধ স্থাপনা ভাঙতে মেয়র বা স্থানীয় কাউন্সিলরের সবুজ সংকেতের প্রয়োজন ছিল কি না জানতে চাইলে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদ আনোয়ার মেয়রের সঙ্গে কথা বলার বিষয়টি অস্বীকার করে বলেন, কাউন্সিলরকে তারা বিষয়টি জানিয়ে রেখেছেন।

 “যেহেতু উনার ওরিয়া, কাউন্সিলরের নলেজে আমরা এটা দিয়ে নেই। এটা একটা অফিসিয়াল কার্টেসি মেইনটেইন করা, যেহেতু উনার নির্বাচিত প্রতিনিধি। তার কাছ থেকে অনুমতি নেওয়ার কোনো বিষয় নেই।”

নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, সিটি করপোরেশন আইনের পঞ্চম তফসিলে বলা আছে, করপোরেশন এলাকায় জনচলাচলের এলাকায় কেউ কোনো অবৈধ স্থাপনা করলে তা অপসারণ করতে হবে। তারা সেভাবেই কাজ করেন।

আওয়ামী লীগের কার্যালয়টি ভাঙার সময় সেখানে ছিলেন তেজগাঁও থানা মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ।

ফুটপাত দখল করে দলীয় কার্যালয় বানানোর বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমি জন্মের পর থেইকা এই অফিস দেইখা আসতাছি। উপর থেকে আমাদের কেউ নির্দেশ দেয় নাই। আমরা যে যার মতো কইরা বসার জায়গা করছি।”

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক বলেন, রাজনৈতিক দলের কার্যালয় ভাঙার ক্ষেত্রে ক্ষমতাসীন দলের কোনো চাপ নেই। রাস্তা ও ফুটপাত দখল করে গড়ে তোলা সব অবৈধ স্থাপনাই ভাঙা হবে।

 উচ্ছেদের আগে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ফোনের বিষয়ে তিনি বলেন, “একটি রাজনৈতিক দলের কার্যালয় ভাঙার বিষয়টি স্পর্শকাতর। সেজন্য কর্মকর্তারা সংস্থার প্রধান ব্যক্তি হিসেবে আমার কাছে পরামর্শ চাইতেই পারেন। সেদিক থেকে আমার কাছে ফোন দিয়ে ভালোই করেছেন। আমি অ‌্যাপ্রিশিয়েট করি, কারণ তারা সেখানে অপেক্ষা করেছেন। তারা সে অবৈধ স্থাপনাটা ভেঙে দিয়েই এসেছেন।”

মেয়র বলেন, “একটা লাইনে কয়েকশ স্থাপনা ভেঙে দিলাম যেগুলো গরীব দুঃখী মানুষের আশ্রয়স্থল ছিল, আর রাজনৈতিক পরিচয়ের কারণে একই লাইনে থাকা অন‌্য স্থাপনা ভাঙব না- তা হয় না। এটা কোনো নীতির কথা হতে পারে না।”

এদিন অভিযানের সময় সড়কের দুপাশের ফুটপাতের ওপর থাকা প্রায় দুইশ অস্থায়ী স্থাপনা ভেঙে দেওয়া হয়।

তেজগাঁও এলাকায় প্যাট্রিয়ট গ্রুপের একটি কারখানার জেনারেটর রুম বানানো হয়েছিল ফুটপাতের ওপর। ওই কারখানার নিরাপত্তাকর্মীদের বসার জায়গাও করা হয়েছিল সেখানে। অভিযানের সময় ওই দুটি স্থাপনার ওপরের স্টিলের ছাউনি ভেঙে ফেলা হয়।

মাল্টিব্র্যান্ড ওয়ার্কশপ নামে একটি গাড়ি মেরামতের কারখানায় গাড়ি ধোয়ার জায়গা করা হয়েছিল ফুটপাতের ওপরে। সেটি ভেঙে ফেলা হয় অভিযানে।

অভিযানের সময় একটি কাঁচাঘর ভাঙতে গেলে জোহরা বেগম নামের এক বয়স্কা নারী ম্যাজিস্ট্রেটের পা জড়িয়ে ধরতে আসেন। তিনি জিনিসপত্র সরিয়ে নিতে সময় চাইলে ম্যাজিস্ট্রেট তাকে সময় দেন।

জোহরা জানান, তার ছেলে-মেয়ে নাই। অন‌্য এক লোকের ঘরের কোনায় ছোট্ট ছাপড়া তুলে সেখানে থাকেন তিনি।

“এই ঘরডাই আমার সম্বল। এইডা ভাইঙা দিলে আমার যাওনের আর কোনো জাগা থাকব না।”

অভিযানে থাকা সিটি করপোরেশনের কর্মকর্তারা জানান, তেজগাঁও এলাকার সব অবৈধ স্থাপনাই তারা পর্যায়েক্রমে উচ্ছেদ করবেন।