নতুন আসা রোহিঙ্গাদের জন্য ইইউ’র ত্রাণ
মিয়ানমারে সহিংসতার মুখে বাংলাদেশে সম্প্রতি পালিয়ে আসা রোহিঙ্গাদের জরুরি ত্রাণ সহায়তার জন্য তিন লাখ ইউরো বরাদ্দ করছে ইউরোপিয়ান কমিশন।
ইউরোপের ২৮ জাতির এই জোটের এক বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশের ঊপকূলীয় জেলা কক্সবাজারে নতুন আসা প্রায় সাড়ে সাত হাজার রোহিঙ্গা শরণার্থী এই ত্রাণ সহায়তায় প্রত্যক্ষভাবে সুবিধা পাবে।
ইউরোপিয়ান কমিশনের হিউম্যানিটেরিয়ান এইড ডিপার্টমেন্টের বাংলাদেশ অফিসের প্রধান রোমান মাহারকে উদ্ধৃত করে বিবৃতিতে বলা হয়, “সম্প্রতি যেসব রোহিঙ্গা পরিবার নাফ নদী পাড়ি দিয়েছে তাদের অধিকাংশই খালি হাতে এসেছে এবং সেকারণে তাদের ত্রাণ সহায়তা খুব প্রয়োজন।”
“ইউরোপিয়ান কশিমনের এই ত্রাণ সহায়তা শুধু তাদের জরুরি প্রয়োজন মেটাবে না, মনস্ততাত্ত্বিক সহায়তা দিয়ে তারা যে পরিস্থিতির মধ্য দিয়ে এসেছে তা থেকে মানসিকভাবে বেরিয়ে আসতে ভূমিকা রাখবে।”
মিয়ানমারের রাখাইনে সেনাবাহিনীর দমন অভিযানের মুখে গত কয়েক সপ্তাহ ধরে পালিয়ে বাংলাদেশে এসেছে রোহিঙ্গারা। এই দফায় অন্তত ২৭ হাজার রোহিঙ্গা বাংলাদেশে ঢুকেছে বলে ধারণা সংশ্লিষ্টদের। এসব রোহিঙ্গাদের অর্ধেকের বেশি নারী ও শিশু।
মিয়ানমারে জাতিগত নিপীড়নের শিকার রোহিঙ্গারা কয়েক যুগ ধরে বাংলাদেশে আসছিল। বর্তমানে ৫ লাখেরও বেশি রোহিঙ্গার ভার বহন করছে বাংলাদেশ।
সর্বশেষ গত ৯ অক্টোবর মিয়ানমারের তিনটি সীমান্ত পোস্টে ‘বিচ্ছিন্নতাবাদীদের’ হামলায় নয় সীমান্ত পুলিশ নিহত হওয়ার পর রাখাইন রাজ্যের রোহিঙ্গা মুসলিম অধ্যুষিত জেলাগুলোতে শুরু হয় সেনা অভিযান।
এই অভিযানের মুখে পালিয়ে আসা রোহিঙ্গারা সেখানে হত্যা, ধর্ষণের অভিযোগ করেছেন।
