২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যবসায়ীকে নারীর ফাঁদে ফেলে অর্থ আদায় চেষ্টার অভিযোগে গ্রেপ্তার ২

নারীর ফাঁদে ফেলে তৈরি পোশাক খাতের ধনাঢ্য এক ব্যবসায়ীর কাছ থেকে অর্থ আদায় চেষ্টার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করে পুলিশ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2016, 09:15 PM

Updated : 12 Apr 2022, 03:33 AM

পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন (পিবিআই) সদস্যরা মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর বাড্ডা লিংক রোড এলাকার একটি বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করে বলে বুধবারের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

গ্রেপ্তাররা হলেন- ফাহাদ ইবনে আব্দুল্লা ওরফে রিজভী (২৪) এবং শারমিন আক্তার টুম্পা (২১)। পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে রিজভীকে বখাটে ও টুম্পা একটি বেসরকারী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে জানানো হয়।

পিবিআইর ঢাকা মহানগর বিশেষ পুলিশ সুপার আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ দুইজনের সঙ্গে একটি সংঘবদ্ধ চক্র রাজধানীতে এ ধরনের ফাঁদে ফেলে প্রতারণায় সক্রিয়। তারা বিভিন্ন ব্যবসায়ী বা সমাজের প্রতিষ্ঠিত কোনো ব্যক্তিকে টার্গেট করে ফাঁদে ফেলে অর্থ আদায় করে থাকে।

তাদের চক্রে অন্তত ৫০ জন সদস্য রয়েছে বলে গ্রেপ্তার দুজনকে জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে জানান এই পুলিশ কর্মকর্তা।

পিবিআই কর্মকর্তা আজাদ জানান, গুলশানের এক ব্যবসায়ী গত ১২ জুন ভাটারা থানা এলাকার একটি শো-রুমে গাড়ি দেখার সময় তার সঙ্গে রিজভীর পরিচয় হয়। রিজভী নিজেকে একজন গার্মেন্টস সামগ্রী সরবরাহকারী বলে ব্যবসায়ীর কাছে পরিচয় দেয়।

এরপর থেকে দুইজনে ঘনিষ্ট হয়ে উঠলে এই সুযোগে তার এক পরিচিত মেয়েকে চাকরি দেওয়ার অনুরোধ করেন রিজভী।

চাকরি দেওয়ার ব্যাপারে আশ্বস্ত করলে রিজভী গত ১৫ অগাস্ট সন্ধ্যার পর মেয়েটিকে নিয়ে ওই ব্যবসায়ীর উত্তরা অফিসে যায়। সেখানে কথা বলার এক ফাঁকে রিজভী তার সঙ্গী মেয়েটিকে রেখে কৌশলে চলে যায়।

পুলিশ কর্মকর্তা আজাদ বলেন, “মেয়েটিরকাছে গোপন ক্যামেরা ছিল। পরিকল্পনা অনুযায়ী সে ওই ব্যবসায়ীর সঙ্গে ঘনিষ্ট হয়ে আপক্তিকর কাজ করার চেষ্টা করে। পরে মেয়েটি চলে আসে।”

একদিন পর রিজভী ওই ব্যবসায়ীর অফিসে গিয়ে সেসব আপক্তিকর ছবি ও ভিডিও দেখিয়ে ৫০ লাখ টাকা এবং একটি গাড়ি দাবি করে; তা নাহলে ইন্টারনেটে ছবি ও ভিডিও ছেড়ে দেওয়ার পাশাপাশি পরিবারের সদস্যদের কাছে পাঠানোর হুমকি দেয়।

পরে ব্যবসায়ী ১০ লাখ টাকা দিতে রাজি হলেও রিজভী এবং টুম্পা ২০ লাখ টাকায় রফাদফা করতে বলে; কিন্তু ব্যবসায়ী রাজী হননি। এরপরেও দুইপক্ষের মধ্যে টাকা লেনদেন নিয়ে কথা হচ্ছিল।

বিষয়টি নিয়ে অভিযোগ আসার পর গোপনে তদন্ত করে ঢাকা মহানগর পিবিআই নিশ্চিত হয় বলে জানান পিবিআই কর্মকর্তা আবুল কালাম আজাদ।

তিনি বলেন, এরপরেই কৌশলে তাদের অবস্থান চিহ্নিত করে এই দুইজনকে একটি বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে জানিয়ে পিবিআই কর্মকর্তা আজাদ জানান, এই ঘটনায় পর্নগ্রাফি আইনে উত্তরা পশ্চিম থানায় একটি মামলা হয়েছে।