সওজ প্রকল্পের অর্থ আত্মসাতে ৫ জনের কারাদণ্ড
সড়ক ও জনপথ (সওজ) বিভাগের প্রকল্পের অর্থ আত্মসাতের ঘটনায় আট বছর আগে দায়ের করা এক মামলায় তিন ঠিকাদার ও দুই প্রকৌশলীকে ১০ বছর করে কারাদণ্ড দিয়েছে আদালত।
ঢাকার ৩ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক আবু আহমেদ জমাদার মঙ্গলবার এ রায় ঘোষণা করেন।
আসামিদের কারাদণ্ডের পাশাপাশি রায়ে আত্মসাৎ করা সব অর্থ প্রত্যেকে আলাদা ভাবে জারিমানা হিসেবে দিতে বলা হয়েছে, যা রাষ্ট্রীয় কোষাগারে জমা হবে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন এ আদালতের পেশকার আরিফুর রহমান।
দণ্ডিতরা হলেন- সড়ক ও জনপথের ঠিকাদার নয়া পল্টনের মের্সাস একর আর বি এল- এ এক টি জয়েন্ট ভেঞ্চারের ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধি এফ করিম হাজারী, শওকত হোসেন, মো. জুয়েল রানা এবং প্রকৌশলী আবুল হোসেন ও মানিক লাল।
মামলার বিচার শুরু হওয়ার পর থেকে রায় পর্যন্ত দণ্ডিতদের প্রত্যেকেই পলাতক ছিলেন।
এ মামলায় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবিএল) পুরানো ঢাকার বংশাল শাখার কর্মকর্তা শফিকুল ইসলাম খালাস পেয়েছেন।
২০০৮ সালের ১১ নভেম্বর এই ছয়জনসহ মোট আটজনের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় দণ্ডবিধি ও দুনীর্তি দমন কমিশন আইনে মামলা করেন সড়ক ও জনপথের সহকারী প্রকল্প পরিচালক আব্দুল ওয়াহিদ।
মামলার বাকি দুই আসামির মধ্যে ২০০৯ সালের ১ এপ্রিল অভিযোগপত্র জমা দেওয়ার সময় ইউসিবিএল কর্মকর্তা শাহ আলমের নাম আসামির তালিকা থেকে বাদ দেয়া হয়।
আর বিচার শুরুর সময় সড়ক ও জনপথের সড়ক উপবিভাগ মানিকগঞ্জের সড়ক ব্যবস্থাপনা ও উন্নয়ন প্রকল্পের (রোড মেইনটেন্যন্স অ্যান্ড ইমপ্রুভমেন্ট প্রজেক্ট) প্রাক্তন সহকারী পরিচালক আহসান উদ্দিন আহমেদকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান খালাস পাওয়া ব্যাংক কর্মকর্তা শফিকুলের আইনজীবী আমিনুল গণী টিটো।
মামলার নথি থেকে জানা যায়, ২০০৪ সালের ২৭ অক্টোবর লালমাই-লাকশাম-সোনাইমুরী রাস্তার ৩৮ কিলোমিটার, মিয়া বাজার-কাশিনগর- হরিশচর রাস্তার সাড়ে ১৭ কিলোমিটার এবং বেগমগঞ্জ- মাইজদী রাস্তার সাড়ে ১৩ কিলোমিটার- কুমিল্লা নোয়াখালী অঞ্চলের এই তিনটি রাস্তার ঠিকাদার নিযুক্ত হন করিম হাজারী।
তিনি সড়ক ও জনপথ বিভাগে ইউসিবিএল বংশাল শাখার একটি ভুয়া ও জাল অগ্রিম ব্যংক গ্যারান্টি (ব্যাংক গ্যারান্টি ফর অ্যাডভান্স পেমেন্ট সিকিউরিটি) জমা দেন।
পরে এ কাজের জন্য সড়ক ও জনপথ বিভাগ থেকে এক কোটি ৮৮ লাখ ১২ হাজার টাকা তুলে নেন। কিন্তু যথাসময়ে কাজ সম্পন্ন না হওয়ায় হাজারীকে বরখাস্ত করা হয়।
এ ঘটনায় দায়ের মামলাটির বিচারের সময় সাক্ষ্য প্রমাণে গ্যারান্টিপত্রে ইউসিবিএলের কর্মকর্তার স্বাক্ষর জাল হিসাবে প্রমাণিত হয়।
এ লেনদেনে দণ্ডিত অন্য ঠিকাদাররা সাক্ষী ছিলেন। দণ্ডিতরা পরস্পর যোগসাজশে ওই টাকা আত্মসাৎ করেন বলে রায়ে বলা হয়।
আইনজীবী টিটো বলছেন, রায়ে ব্যাংক কর্মকর্তাদের নির্দোষ বলা হয়েছে। এই গ্যারন্টিপত্রের কথা ব্যাংক কর্মকর্তারা জানতেন না, তার স্বাক্ষর জাল করা হয়েছিল। আত্মসাতে তার অংশগ্রহণ ছিল না। আত্মসাতে অংশগ্রহণ ছিল সড়ক ও জনপথের প্রকৌশলীদের।
বিচারের সময় রাষ্ট্রপক্ষে ১৪ জনের সাক্ষ্য নেন বিচারক।
