৩৭তম বিসিএস: লিখিত পরীক্ষা শুরু ১২ ফেব্রুয়ারি
সাঁইত্রিশতম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ সরকারি চাকরিপ্রত্যাশীদের লিখিত পরীক্ষা শুরু হবে আগামী ১২ ফেব্রুয়ারি।
সরকারি কর্ম কমিশন (পিএসসি) মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট ও রংপুর কেন্দ্রে এই লিখিত পরীক্ষা নেওয়া হবে।
পরীক্ষার বিস্তারিত সূচি এবং আসন বিন্যাস পরে প্রকাশ করা হবে বলে জানিয়েছে কমিশন।
প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা হিসেবে এক হাজার ২২৬ জনকে নিয়োগ দিতে চলতি বছর ২৯ ফেব্রুয়ারি ৩৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি।
দুই লাখ ৪৩ হাজার ৪৭৬ জন চাকরিপ্রার্থী গত ৩০ সেপ্টেম্বর প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নেন। তাদের মধ্যে আট হাজার ৫২৩ জনকে লিখিত পরীক্ষার জন্য যোগ্য ঘোষণা করে ১ নভেম্বর প্রিলিমিনারির ফল প্রকাশ করা হয়।
লিখিত পরীক্ষায় যায়া উত্তীর্ণ হবেন, সরকারি চাকরি পাওয়ার জন্য তাদের সর্বশেষ ভাইভার মুখোমুখি হতে হবে।
