অপরাজেয় বাংলার ছবি নিয়ে এলো ‘মন জানালা’
মিশুক মুনীরের ক্যামেরায় তোলা ‘অপরাজেয় বাংলা’ ভাস্কর্যের আলোকচিত্র নিয়ে ‘মন জানালা’ গ্রন্থের মোড়ক উন্মোচন হয়েছে।
সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের সেমিনার কক্ষে বেঙ্গল প্রকাশনার সহোযোগিতায় এ মোড়ক উন্মোচন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক আনিসুজ্জামান বলেন, “মিশুক প্রথমে শিক্ষানবীশ হিসেবে অপরাজেয় বাংলার ছবি তোলা শুরু করে। আর এর মাধ্যমেই সে অপরাজেয় বাংলার কাজের সাথে জড়িয়ে পড়ে।”
তিনি বলেন, “অপরাজেয় বাংলা বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের চেতনার প্রতীক। কিন্তু এই স্বাধীন বাংলায় অপরাজেয় বাংলাকে অবসান করার জন্য স্বাধীনতাবিরোধী শক্তি সে সময় কাজ করেছিল।
“তারা এখনও দেশ থেকে চলে যায়নি। তারা এখনও দেশকে স্বাধীনতার আগের অবস্থানে নিয়ে যাওয়ার অপচেষ্টা করছে।”
সভাপতির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, “মিশুক মুনীরের পেশার প্রতি ছিল অগাধ ভালোবাসা ও প্রবল আগ্রহ।
“ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন ফটোগ্রাফির কোনো অফিসিয়াল কার্যক্রম শুরু হয়নি তখন থেকেই মিশুক মুনীর ফটোগ্রাফি করতেন। সাংবাদিকতা বিভাগের ছাত্র ছিলেন তিনি। এ বিভাগে যখন ভিডিওগ্রাফি ও ফটোগ্রাফির ল্যাব বানানো শুরু হয় তখনও মিশুক মুনীর অক্লান্ত পরিশম করেছেন। শুধু ফটোগ্রাফির প্রতি তার ভালোবাসা ও আগ্রহের কারণেই তিনি এ পরিশ্রম করেছিলেন।”
“এ প্রকাশনার মাধ্যমে তার কাজ ও দেশপ্রেম নতুন প্রজন্মের কাছে অনুপ্রেরণা হয়ে থাকবে।”
‘অপরাজেয় বাংলা’র স্থপতি সৈয়দ আবদুল্লাহ খালিদ বলেন, “১৯৭৯ সালের জানুয়ারিতে যখন অপরাজেয় বাংলার কাজ শুরু হয় তখন থেকেই মিশুক মুনীর ক্যামেরা নিয়ে এটার ছবি তুলতেন।
“প্রথমে তার সাথে তেমন পরিচয় না থাকলেও পরিচিত হবার পরে তার সাথে অনেক ভালো সম্পর্ক হয় আমার। তখন তার তোলা ছবিগুলো দেখে মুগ্ধ হয়েছিলাম। চমৎকার সে ছবিগুলো। এই ছবিগুলোর মাধ্যমে অপরাজেয় বাংলার সঠিক ইতিহাস সকলে জানতে পারবে বলে মনে করি।”
অনুষ্ঠানে অন্যদের মধ্যে ডাকসুর সাবেক সাধারণ সম্পাদক আখতারুজ্জামান ও নাট্যজন ম হামিদ উপস্থিত ছিলেন।
