২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামদানি রক্ষায় তাঁতীদের পৃষ্ঠপোষকতার আহ্বান বার্নিকাটের

বাংলাদেশের লোকজ সংস্কৃতির অন্যতম অনুষঙ্গ জামদানি রক্ষায় তাঁতীদের পৃষ্ঠপোষকতার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2016, 02:34 AM

Updated : 12 Apr 2022, 03:33 AM

রোববার জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে ‘জামদানি নকশা সংরক্ষণ’ বিষয়ক সেমিনারে অংশ নিয়ে তিনি এই আহ্বান জানান।

তিনি বলেন, “বাংলাদেশের ঐতিহাসিক তাঁত শিল্প বিশ্বজুড়েই বিখ্যাত। এটা আশ্চর্যের বিষয় যে তাঁত শিল্পীরা তাদের স্মৃতির মধ্যে জামদানির নকশাকে বংশ পরম্পরায় বহন করে চলেছেন।

“এই হাতে বোনা তাঁত শিল্প এখন সংকটের মুখে। সবার মিলিত উদ্যোগে একে বাঁচিয়ে রাখতে হবে। কিন্তু তারও আগে তাঁতীদের পৃষ্ঠপোষকতা করতে হবে।”

বাংলাদেশ জাতীয় কারুশিল্প পরিষদের আয়োজনে ও জাতীয় জাদুঘরের সহযোগিতায় আয়োজিত এ সেমিনারে বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতি সচিব আকতারি মমতাজ, জাতীয় জাদুঘরের মহাসচিব ফয়জুল লতিফ চৌধুরী।

এতে মূল প্রবন্ধ উপস্থপন করেন মিল্পী চন্দ্রশেখর সাহা। আলোচনায় অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন শিল্পী নিসার হোসেন ও ডিজাইনার রুবী গজনবী। স্বাগত বক্তব্য রাখেন প্রকল্প সমন্বয়ক শাহিদ হোসেন শামীম।

এছাড়া দুই তাঁতী  আবুল কাসেম ও আব্দুল জব্বার তাদের সার্বিক অবস্থা তুলে ধরেন।

তারা বলেন, প্রতিটি জামদনি অনন্য, কেননা এই কাজ প্রিন্ট বা কপি করা যায় না। জ্যামিতিক নকশার এই কাজ ফুটিয়ে তোলা খুব পরিশ্রমের এবং সময়সাপেক্ষ কাজ। বাংলার প্রাচীন ঐতিহ্য মসলিনের মতই জামদানি তৈরিও খুব জটিল।

এমনকি শীতলক্ষ্যা নদীর তীরের ‘বিশেষ’ পরিবেশ ও পানির লবণাক্ততার পরিমাণটিও এই জামদানির সুতা প্রস্তুতের ক্ষেত্রে খুব ‘গুরুত্বপূর্ণ’।

ভালো জামদানি তৈরিতে যে সময় লাগে সে তুলনায় টাকা খুব ‘কম’ পান বলে অভিযোগ করেন তারা।

তাই তাঁতীদের আর্থিক স্বচ্ছলতার দিকে নজর দেওয়ার পাশাপাশি ভর্তুকি মূল্যে ভালো মানের সুতা সরবরাহের দাবি জানান তারা।

ডিজাইনার চন্দ্রশেখর সাহা বলেন, “জামদানি গৌরবের স্মারক। একে টিকিয়ে রাখতে বাজার সম্প্রসারণ, তাঁতীদের সঠিক দাম নিশ্চিত করা, ডিজাইন সংরক্ষণসহ সমন্বিত উদ্যোগ প্রয়োজন।”

নিসার হোসেন বলেন, “তাঁতীদের আর্থিকভাবে স্বাবলম্বী করতে না পারলে জামদানি হারিয়ে যাবে। শিল্পীদের আর্থিক নিশ্চয়তা না থাকলে শুধু ভালো কাজ করার সুনাম পাওয়ার আশায় এই বয়নশিল্পে কোনো তাঁতি দীর্ঘদিন টিকে থাকবেন না।”

রুবী গজনবী বলেন, “জামদানির ডিজাইনের মৌলিকত্বকে রক্ষা করতে হবে। ফিউশন আসবে কিন্তু মূল পরম্পরাকে হারিয়ে ফেললে চলবে না। এজন্য তাঁতীদের চাইতে যারা অর্ডার দেন তাদের ঐতিহ্যের প্রতি নিবেদিত হতে হবে।”

সেমিনারে পাশাপাশি  মিলনায়তনের সামনের উন্মুক্ত অংশে আয়োজন করা হয় জামদানি মেলা।